এবারের ঈদটা পরিবারের জন্যই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে একসঙ্গে সময় কাটাবেন নাদিয়া–নাঈম দম্পতি। ছবি: সুমন ইউসুফ
ঈদের ছুটিতে একসঙ্গে সময় কাটাবেন নাদিয়া–নাঈম দম্পতি। ছবি: সুমন ইউসুফ

এ বছরের জানুয়ারিতে বিয়ে করেছেন অভিনেতা নাঈম ও অভিনেত্রী নৃত্যশিল্পী নাদিয়া। সে হিসাবে বিয়ের পর এটাই তাঁদের প্রথম ঈদ উদ্যাপন। প্রথম ঈদ নিয়ে দুজন বেশ রোমাঞ্চিত। দুজনই এখন ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। এরই ফাঁকে কথা বললেন নকশার সঙ্গে।
নাদিয়া বলেন, ‘ঈদের পুরোটা সময় পরিবারের সঙ্গে কাটানোর ইচ্ছা আমাদের। শ্বশুরবাড়িতে কাটবে ঈদের দিন। আমার বাবা-মা তো কেউই দেশে নেই। এরপর মামা-মামি ও কাজিনদের সঙ্গেও সময় কাটবে। এবার ঈদে লম্বা একটা ছুটি পেয়েছি। নিজেদের নিয়ে একটু আরাম করে সময় কাটানোর পরিকল্পনা করেছি। বন্ধুদের সঙ্গেও অনেক আড্ডা হবে বলে
মনে হচ্ছে।’
এবারের ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে নাঈম ও নাদিয়াকে। সেই বিষয়টি মনে করিয়ে দিয়ে নাঈম বললেন, ‘যেহেতু বছরের অনেকটা সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকি, তাই ঈদের সময়টা পুরোপুরি একসঙ্গে কাটবে। এত দিন ঈদের সময় গাড়ি নিয়ে বের হলে আমার ড্রাইভিং সিটের বাঁ পাশের সিট খালি থাকত। এবার তা হবে না।’
একসঙ্গে প্রথম ঈদ, তাই নাঈম ও নাদিয়ার মধ্যে উপহার দেওয়া-নেওয়া হয়ে গেছে। দুজন দুজনের পরিবারের জন্য উপহার কিনেছেন। নাদিয়া এরই মধ্যে পেয়ে গেছেন অনেকগুলো শাড়ি। বললেন, ‘বিয়ের পর প্রথম ঈদ তো, তাই চারদিক থেকে উপহার পাচ্ছি। সবাই আমাকে শাড়ি দিচ্ছেন।’
এত দিন মায়ের জন্য শাড়ি কিনেছেন নাঈম। এবার বউয়ের জন্যও শাড়ি কিনেছেন। বললেন, ‘ঈদের আগে একটানা শুটিং। কোনোভাবে সময় বের করতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে একদিন পরিচালকের কাছ থেকে দুপুর ১২টা পর্যন্ত ছুটি নিয়ে শাড়ি কিনতে বের হয়ে গেলাম। আমি সাধারণত ঈদে একটি সাদা পাঞ্জাবি পেলেই খুশি হই। এবার নাদিয়া আমাকে সাদার পাশাপাশি অন্য রঙের আরও কয়েকটি পাঞ্জাবি কিনে দিয়েছে।’
নাঈম ও নাদিয়া—দুজনেই ঢাকার বাসিন্দা। তাই ঈদে এবার তাঁরা ঢাকাতেই থাকছেন বলে জানালেন। কিছুদিন আগে অবশ্য এই দম্পতি যুক্তরাষ্ট্রে একটা লম্বা সময় কাটিয়ে এসেছেন। তাই জানালেন ঈদটা শুধুই পরিবার আর বন্ধুদের সঙ্গে কাটবে তাঁদের।