এবারের বৈশাখী উপহার
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এই দিন হূদ্যতা বাড়ানোর, শুভেচ্ছা জানানোর। তাই করপোরেট সৌজন্য কি ঘরোয়া আতিথেয়তা, একটা কিছু উপহার দিতেই চায় সবাই। কিন্তু পয়লা বৈশাখে উপহার মানে তো শুধুই উপহার নয়। আমরা বাঙালি—এই বার্তাও যেন পৌঁছে যায় উপহারের মোড়কের সঙ্গে।করপোরেট বৈশাখ...শামীমা আক্তার কিউবির জনসংযোগ বিভাগের কর্মকর্তা। তিনি বলেন, প্রতিটি করপোরেট অফিসের কাছে বাঙালির উৎসবে একাত্মতা প্রকাশের প্রধান মাধ্যম পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে উপহারের মাধ্যমে তারা নিজেদের পরিচিতিও তুলে ধরে। সবাই চায় তার উপহার একটু আলাদা হোক। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, করপোরেট অফিসগুলো যেন নিজেদের সামাজিক দায়বদ্ধতা ভুলে না যায়। শামীমা আরও বলেন, ‘গত বছর আমরা পয়লা বৈশাখের উপহার হিসেবে সিলেটের বেতের ডালায় সাজিয়ে দিয়েছিলাম খেলনা টমটম গাড়ি, চরকা, সুন্দরবনের গাছপাকা তেঁতুল, মধুর মতো সামগ্রী। এগুলো সংগ্রহ করেছিলাম সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম বনলাউডোব থেকে। ওদেরও আর্থিকভাবে স্বাবলম্বী করা গেল, আমরাও খাঁটি দেশি পণ্য সংগ্রহ করতে পারলাম। এবারও আমরা বেছে নিয়েছি গুলতি, তিলের খাজা, আমলকী ইত্যাদি। এগুলো আমাদের মাটির কথাই মনে করিয়ে দেয়। কারণ এগুলো সংগ্রহ করা হয়েছে আমাদের মাটির সঙ্গে মিশে থাকা মানুষ থেকে।’ পয়লা বৈশাখে করপোরেট অফিসগুলো একটি থিম বা নির্দিষ্ট বিষয়ও বেছে নিতে পারে। যেমন উপহার হিসেবে একটি গাছের চারা বা বনসাই পাঠিয়ে দেওয়া যেতে পারে। প্রতিদিন একটু সবুজের কথা মনে করিয়ে দেবে এটি। একইভাবে যদি একটু পুদিনা পাতা পাঠান, সেটি মনে করিয়ে দেবে, প্রতিদিন দুটি পুদিনা পাতা খেলে পেট ভালো থাকে। সুস্থ থাকাই যে সুন্দর থাকা, এই বার্তাই না হয় আরেকবার পৌঁছে দিলেন পয়লা বৈশাখের শুভেচ্ছা হিসেবে।অতিথির জন্য... ‘ঘরে আসা অতিথির হাতে একটু উপহার তুলে দেওয়া পয়লা বৈশাখের একটি চিরন্তন রীতি। একটু মনোযোগী হলেই সেটি একটি স্মরণীয় উপহার হয়ে উঠতে পারে।’ বলছিলেন রন্ধনশিল্পী সিতারা ফেরদৌস। তিনি আরও যোগ করলেন, আজকাল মাটির সুন্দর ছোট পুতুল হাতি, ঘোড়া, কলস, কচ্ছপ ফুলদানি পাওয়া যায়। কাঠের চাবির রিং, মাটির, বাঁশ-বেত বা শোলার গয়না, টেরাকোটা, ফ্রেম, হ্যাঙ্গার, শিকা, হাতপাখার পাশাপাশি শীতলপাটিও দিচ্ছেন কেউ কেউ। শিশুদের খুশি করতে ডুগডুগি, পালকি, কুলা, ঘুড়ি বানিয়ে দেন কেউবা। সময় থাকলে কাগজের মন্ড দিয়ে ফুলদানি, পাতিল, ছবির ফ্রেমও বানিয়ে দিতে পারেন। একটি র্যাপিং পেপারে রঙিন ফিতে দিয়ে মুড়ে দিলে খুব সুন্দর পয়লা বৈশাখের উপহার হয়ে উঠতে পারে এগুলো।সিতারা ফেরদৌস বলেন, অনেকে হালকা খাবার বেছে নেন পয়লা বৈশাখের উপহার হিসেবে। সে ক্ষেত্রে খই, মুড়ি, চিড়া বাঁশের টুকরিতে করে দিতে পারেন। নাড়ু, মোয়া, সন্দেশ দেওয়া যেতে পারে। বাঁশপাতার কাগজ বা মোটা বাদামি কাগজেই মুড়ে দিতে পারেন। কাঁঠাল পাতা টুথপিকে মুড়ে নিলেও চমৎকার প্যাকেট হয়। আর প্রিয়জনের জন্য কাঠের জুয়েলারি বক্স দেওয়া যেতে পারে। আর সেই বক্সটা যদি ভর্তি থাকে কাঠের বালা, ব্রেসলেট বা রেশমি চুড়িতে, খুশি দ্বিগুণ হতেও সময় লাগবে না। টেবিলে বিশেষ কিছু... পয়লা বৈশাখ উপলক্ষে ঘরে পান্তা-ইলিশের আয়োজন থাকেই। এ আয়োজনে বিশেষ চমক তৈরি করতে পারেন বৈশাখকে কেন্দ্র করে। বাজারে চলে এসেছে তরমুজ, বাঙ্গিসহ নানা রকম দেশি ফল। তরমুজ, বাঙ্গি, লাউ, মিষ্টিকুমড়ার ঝুড়ি তৈরি করে তাতে দেশি ফল ভরে রাখতে পারেন। স্কুপ করে তরমুজ, বাঙ্গির পাশাপাশি করমচা, লটকন, আম, বেল রাখলেন। জোগাড় করতে পারলে একটি বেতফলের থোকাই না হয় ঝুলিয়ে দিলেন এক পাশে। চোখে যেমন সুন্দর লাগবে, মনেও শান্তির পরশ বুলাবে তা। বাজার ঘুরে...রাজধানী ঢাকার বড় বাজারগুলোতে একটু ঘুরলেই পেয়ে যাবেন উপহার দেওয়ার বিশেষ সামগ্রীসমূহ। নিউমার্কেটের কাঁচাবাজার, আজিজ মার্কেট, এলিফ্যান্ট রোড, হাতিরপুল মোড়, শাঁখারীবাজারের মতো পুরোনো জায়গাগুলোতে পেয়ে যাবেন উপহারের কাগজের প্যাকেট, বাঁশের ঝুড়ি। দাম পড়বে ১০ থেকে শুরু করে ৫০ টাকার মতো। পুতুল পাবেন চারুকলা, শিশু একাডেমী সংলগ্ন মার্কেট ইত্যাদি স্থানে। এগুলোর দাম নেবে ১০ থেকে ৮০ টাকা।