এভাবে কাজ করে আমাকে সন্তুষ্ট করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের রাঙামাটি অংশে সাপছড়ি ইউনিয়নের এক কিলোমিটার সড়ক সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে প্রায় পাঁচ বছর। গত বুধবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আকস্মিক সফরে ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে রাঙামাটি আসার পথে সড়কটির অবস্থা তাঁর নজরে পড়ে। সেখানে নেমে খোঁজখবর নিয়ে মন্ত্রী সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাঙামাটি নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেনকে। এ সময় উপস্থিত ছিলেন সওজ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহসান।মন্ত্রী গাড়ি থেকে নেমে সড়কটির ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের সামনে প্রকৌশলী ও ঠিকাদারদের উদ্দেশে মন্তব্য করেন, ‘চোরে চোরে মাসতুতো ভাই।’ তিনি সড়কটি এক সপ্তাহের মধ্যে সংস্কারের নির্দেশ দেন।সড়কে উঠে যাওয়া কঙ্কর রোলার দিয়ে সমান করে দেওয়ার চিহ্ন দেখে মন্ত্রী প্রশ্ন করেন, ‘এটা কখন করা হয়েছে?’ তখন নির্বাহী প্রকৌশলী বলেন, ‘আপনি আসার খবর পেয়ে গত (মঙ্গলবার) রাতে করা হয়েছে।’ মন্ত্রী তিরস্কার করে বলেন, ‘এভাবে কাজ করে আমাকে সন্তুষ্ট করা যাবে না। আমি আপনাদের কাছ থেকে ভালো কাজ চাই।’সওজের রাঙামাটি নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘২০০৬-০৭ সালে ঠিকাদার মৌখিক নির্দেশে কাজ করার সময় পরিকল্পনা কমিশন থেকে প্রকল্পটি বাতিল করা হয়। পরে আর কোনো অর্থ বরাদ্দ না হওয়ায় সড়কটি সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে।’ ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার মন্ত্রীর নির্দেশের বিষয়টি তিনি নিশ্চিত করেন।ঠিকাদার মো. সাইদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি যে পরিমাণ কাজ করেছি সেই টাকা আমাকে দেওয়া হয়নি। তাই কাজ সম্পন্ন হয়নি। পাওনা টাকা আদায়ে সড়ক ও জনপথ বিভাগের বিরুদ্ধে মামলা করেছি। আদালত নির্ধারণ করবেন আমাকে কালো তালিকাভুক্ত করা হবে-না পাওনা টাকা দিতে বাধ্য হবে।’