এভাবে নষ্ট হবে কোটি টাকার জাহাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে হাতিয়া-সন্দ্বীপ-বরিশাল নৌপথে চলাচল করত এলসিটি মহেশখালী ও রাঙ্গাবালি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অল্প সময়ে জাহাজ দুটি অচল হয়ে যায়। এরপর থেকে এগুলো পড়ে আছে সদরঘাট বরিশাল ঘাটে। অরক্ষিত অবস্থায় ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জাহাজের যন্ত্রপাতি। চুরি হচ্ছে সরঞ্জাম। বর্তমানে পানিতে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার এ দুই জাহাজ। জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ১৯৮১ সলে নির্মিত মহেশখালী ও রাঙ্গাবালি নৌপথে সংযোজন করে। এর মধ্যে ২০০১ সালে এলসিটি মহেশখালী ও পরবর্তী সময়ে ২০০৭ সালে রাঙ্গাবালি সম্পূর্ণ বিকল হয়ে যায়। এর পর থেকে পরে আছে জাহাজ দুটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন পড়ে থাকায় জাহাজ দুটির তলানির প্লেট লোনা পানিতে ক্ষয় হয়ে গেছে। এলসিটি মহেশলখালীর একেবারে ভঙ্গুর অবস্থা। জাহাজের নিচের প্লেট নিশ্চিহ্ন হয়েছে। কাদাপানি ইঞ্জিন ছাড়িয়ে দোতলা পর্যন্ত এসেছে। জাহাজের প্রত্যেকটি জায়গায় পা রাখা মাত্র ঝুরঝুর করে ভেঙে পড়ছে। রাঙ্গাবালির অবস্থাও খারাপ। দুটি জাহাজের ব্রাশ প্রপোলার, জেনারেটর, অয়েল সেপারেটর, কম্প্রেসার, নেভিগেশন রাডার, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। যাত্রীবাহী জাহাজ দুটির ফার্নিচার বলতে শুধু অল্প কিছু চেয়ার-টেবিল অক্ষত অবস্থায় রয়েছে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, জাহাজ দুটির প্রত্যেকটির ওজন ৪৪৬ দশমিক ৩২ টন। এলসিটি মহেশখালীর জন্য ১০ বার ও রাঙ্গাবালির জন্য এ পর্যন্ত চার বার দরপত্র আহ্বান করা হয়। প্রথম অবস্থায় মেরামতের লক্ষ্যে পরবর্তী সময়ে স্ক্র্যাপ হিসেবে বিক্রির সিদ্ধান্ত হয়। কিন্তু দরপত্রে কেউ অংশ নেয়নি। বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা বলেন, শিপ ইয়ার্ডগুলো বিশ্ব বাজারের দামের পরিপ্রেক্ষিতে যেকোনো ধরনের স্ক্র্যাপ জাহাজ কিনতে আগ্রহী। বর্তমানে কেজিপ্রতি জাহাজের লোহার মূল্য ৩৮ থেকে ৪০ টাকা। সেই হিসাবে এলসিটি মহেশখালী ও রাঙ্গাবালির আনুমানকি মূল্য তিন কোটি ৫৭ লাখ টাকা। ফার্নিচার, কেব্ল ও আসবাবপত্র মিলে টাকার পরিমাণ আরও বাড়বে। অবিক্রীত অবস্থায় জাহাজ দুটি বর্তমানে ধ্বংসের পথে। এভাবে পরে থাকলে পরবর্তী সময়ে বিক্রি করার মতো কিছুই থাকবে না। এলসিটির মহেশখালীর প্রাক্তন মাস্টার মো. সোলায়মান জানান, আমি আট বছর মহেশখালী জাহাজে কর্মরত ছিলাম। সঠিক তত্ত্বাবধানের অভাব ও দুর্নীতির কারণে জাহাজ দুটির এ দুরবস্থা। তিনি আরও বলেন, ‘জাহাজ দুই বছর পর পর ডকিং করার নিয়ম। কিন্তু কখনো ডকিং করতে দেখিনি। নষ্টতো হবেই।’ মহেশখালী জাহাজের বর্তমান মাস্টার আরব আলী বলেন, ‘রাতে জাহাজে চলাফেরা করতে ভয় হয়। রক্ষণাবেক্ষণের জন্য আমাদের রাখা হলেও রক্ষণাবেক্ষণ করার মতো কিছুই নেই।’ লোনা পানিতে জাহাজ দুটি নষ্ট হচ্ছে বলে স্বীকার করে বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অনেকবার দরপত্র দেওয়া হয়েছে। কিন্তু তারপরও অবিক্রিত অবস্থায় রয়ে গেছে। বিআইডাব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক করছেন কি করতে হবে। বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম আকন্দও জাহাজ ফেলে রাখাতে সম্পদ নষ্টের কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে কেন্দ্রীয় কার্যালয়কে অবহিত করা হয়েছে।এ প্রসঙ্গে বিআইডাব্লিউটিসির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন শওকত বলেন, ‘জাহাজ বিক্রির সঙ্গে মেরিন শাখার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে শুনে এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে বিক্রয় কমিটি গঠন করা হয়েছে। সিএমসির হাতে বিক্রয় সংক্রান্ত সব তথ্য রয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্ক্র্যাপ হিসাবে জাহাজ দুটি শিগগির বিক্রি করাই ভালো । না হলে সরকার বিশাল অঙ্কের টাকা থেকে বঞ্চিত হবে।