সফলদের স্বপ্নগাথা
এভাবে প্রতিরোধ আমরা আগে শিখিনি
দ্য হাফিংটন পোস্ট–এর সহপ্রতিষ্ঠাতা এবং মার্কিন প্রতিষ্ঠান থ্রাইভ গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিয়ানা হাফিংটন। তিনি একজন লেখক, ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীর তৈরি ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। ফোর্বস-এর করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায়ও ছিল তাঁর নাম। গত ৭ ডিসেম্বর লিংকডইনে নতুন বছরে তাঁর প্রত্যাশা বিষয়ে একটি ব্লগ লিখেছেন তিনি।
কলিন্স ডিকশনারি গত নভেম্বর মাসে তাদের ২০২০ সালের জন্য নির্বাচিত শব্দটি (ওয়ার্ড অব দ্য ইয়ার) প্রকাশ করেছে। সেটা হলো ‘লকডাউন’। কলিন্সের ব্যাখ্যা অনুযায়ী, ‘আমরা লকডাউনকে আমাদের এই বছরের (২০২০) নির্বাচিত শব্দ হিসেবে বেছে নিয়েছি, কারণ এটি এককথায় সামগ্রিকভাবে বিশ্বের কোটি কোটি মানুষের ঘরবন্দী জীবনের অভিজ্ঞতাগুলোর প্রতিনিধিত্ব করে।’ আরেক অভিধান প্রকাশনা প্রতিষ্ঠান মেরিয়াম-ওয়েবস্টার ‘প্যান্ডেমিক’-কে তাদের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করেছে।
তবে আমি অন্য একটি শব্দকে ২০২০ সালের শব্দ হিসেবে ঘোষণা করতে চাই। এই শব্দটিও এককথায় আরও গভীরভাবে লাখো কোটি মানুষের গত এক বছরের অভিজ্ঞতা আর শিক্ষাকে সংক্ষেপে তুলে ধরে। শব্দটি হলো রেজিলিয়েন্স (প্রতিরোধ বা ঘুরে দাঁড়ানো)।
‘কোয়ারেন্টিন’ (সঙ্গনিরোধ) অথবা ‘প্যান্ডেমিক’ (মহামারি)-এর বদলে ‘ঘুরে দাঁড়ানো’-কে আমি বলতে চাই আমার ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’। কারণ, সঙ্গনিরোধ বা অতিমারি তো করোনাকাল কেটে গেলে গুরুত্ব হারিয়ে ফেলবে। কিন্তু প্রতিরোধের প্রাসঙ্গিকতা থাকবে মহামারি কেটে যাওয়ার পরও। ২০২০ সালের প্রতিটি বাধা, প্রতিটি প্রতিবন্ধকতায় এই প্রতিরোধ করার বৈশিষ্ট্য আমাদের পুরো বছর টিকিয়ে রেখেছে। এই প্রতিরোধের ক্ষমতার কারণেই আমরা আজ ২০২১ সাল পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি।
প্রতিরোধের মূল বিষয় শুধু বাধাকে রুখে দেওয়া নয়। বাধা পেরিয়ে সামনে এগোনো। সব প্রতিবন্ধকতাকে সুযোগ হিসেবে নিয়ে নিজেকে আরও দৃঢ়, আরও যোগ্য করে তোলা।
প্রতিরোধের এই বৈশিষ্ট্য আমাদের ভেতর সব সময়ই ছিল। কিন্তু এই প্রতিরোধ যে জীবনের জন্য কতটা তাৎপর্যপূর্ণ, তা আমরা জেনেছি ২০২০ সালে এসে। ব্যক্তি ও সামগ্রিকভাবে এত এত ব্যর্থতা, ক্ষতি, হারানো, অনিশ্চয়তা ও দুশ্চিন্তার ভিড়ে আমরা বুঝতে পেরেছি প্রতিরোধ ছাড়া আমাদের টিকে থাকা সম্ভব নয়। বর্তমানে আমরা সবাই ভ্যাকসিন পাওয়ার মধ্য দিয়ে ভাইরাসকে চিরতরে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করছি। কিন্তু এতে মহামারি শেষ হলেও আমাদের প্রতিবন্ধকতা শেষ হবে না। আর যেকোনো প্রতিবন্ধকতা থেকে আমাদের বের করে আনবে প্রতিরোধের ক্ষমতা।
জন্ম থেকেই প্রতিরোধের ক্ষমতা আমাদের ভেতর বোনা থাকে। আমরা যেভাবে জীবনে আর সব গুণাবলির চর্চা করি, সেভাবে প্রতিরোধেরও চর্চা করে করে নিজেদের প্রস্তুত করতে হয়। ঘুরে দাঁড়াতে শেখাতে হয়। দেরিতে হলেও সাম্প্রতিক সময়ে এসে বিজ্ঞান আমাদের প্রতিরোধের ক্ষমতাকে গুরুত্ব দিতে শুরু করেছে। কিন্তু যুগ যুগ ধরে আধ্যাত্মিক ও দর্শনচর্চায় ঘুরে দাঁড়ানোর শক্তি সব সময়ই প্রাধান্য পেয়েছে। দার্শনিকেরা সব সময় শিখিয়ে এসেছেন, যখন চারপাশের সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন নিজের ভেতরের জগতের সঙ্গে যোগাযোগ বাড়াতে হয়, নিজের ভেতরটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। আর এভাবে মানুষ প্রতিকূলতাকে সামলে নেওয়ার শিক্ষা পায়, প্রতিরোধের চর্চা করে।
বিগত বছরটা আমাদের অনেকের জন্য ছিল বিষাদের, হতাশার। দুঃখ, সংগ্রাম আর অনেক হারানোর বছর। কিন্তু এরপরও বিজ্ঞান ও প্রতিরোধের চর্চার কারণে আমরা শিখতে পেরেছি, বছরটা যতই ভয়াবহ হোক না কেন, এর ক্ষতির প্রভাব যতটাই দীর্ঘমেয়াদি হোক না কেন, আমরা বিপদের মুখে না পড়া পর্যন্ত কোনো সমস্যারই উপযুক্ত সমাধান বের করতে পারব না। আর বিপৎসংকুল ও অনিশ্চিত পরিস্থিতিতে প্রতিরোধই পারে আমাদের সমাধানের দিকে নিয়ে যেতে।
২০২০ সালেই আমরা উপলব্ধি করেছি—জীবনে আসলে কিসের প্রয়োজন আছে, আর কোনটার নেই; কী আমাদের জীবনকে মূল্যবান করে তোলে, আর কোন শিক্ষা আমাদের করে তোলে দৃঢ়। চলুন, এত দিন ধরে দাবিয়ে রাখা প্রতিরোধের শক্তিকে ২০২১ সালে এসে আমাদের ‘নতুন স্বাভাবিক’ জীবনের সঙ্গে জুড়ে ফেলি। প্রতিরোধের যে ক্ষমতা আমরা নিজেদের ভেতর সাম্প্রতিক সময়ে আবিষ্কার করলাম, এটা মহামারির আগেও আমাদের জীবনে এত প্রবলভাবে ছিল না। এখন এই ক্ষমতা আমাদের ‘নতুন স্বাভাবিক’কে আরও গুছিয়ে তুলবে। প্রতিরোধ আমাদের নতুন বদলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে, চিন্তার গভীরে যেতে সাহায্য করবে, আমাদের উন্নত করবে, সমৃদ্ধ করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম, উচ্ছ্বসিত হয়ে সবাই ২০২০ সালকে বিদায় জানাচ্ছে। কিন্তু আমাদের লক্ষ্য শুধু ২০২০ সালকে বিদায় দেওয়া নয়। আমাদের যা করতে হবে, তা হলো নতুন বছরকে নিয়ে নতুন করে ভাবা; পুরোনো বছরের কোন শিক্ষাকে মনে ধারণ করে নতুন বছরকে সাফল্য আর সম্ভাবনা দিয়ে গোছাব, সেটা এখনই ঠিক করা; যে অভিজ্ঞতা পুরোনো বছরে আমরা পেলাম, তাকে পুঁজি করে বর্তমানকে বদলে ফেলা। আমরা যত দৃঢ়ভাবে নিজেদের প্রতিরোধের ক্ষমতা গড়ে তুলতে পারব, নতুন বছরটায় আমরা ততটাই এগোব।
ইংরেজি থেকে অনূদিত