এভাবে শেষ হতে চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মেহতাব খানম।
মেহতাব খানম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়ি। কলেজে পড়ার সময় একজনের সঙ্গে আমার সম্পর্ক হয়। আমার পরিবারের সদস্যরা বিষয়টি জানেন। আর জানেন বলেই তাকে দুচোখে দেখতে পারেন না। ছেলেটা সম্পর্কে ভালো-মন্দ কিছুই জানার চেষ্টা করেননি। বংশগত মর্যাদায় আমাদের চেয়েও নিচু—এটাই আমার পরিবারের কাছে তার অপরাধ।
মা-বাবার সঙ্গে ছোটবেলা থেকেই আমার সম্পর্ক আনুষ্ঠানিক। আমার মানসিক অবস্থা নিয়ে তাঁদের কখনো কোনো চিন্তা করতে দেখিনি। কিছুদিন আগে আমার মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে। সংস্কার নিয়ে বাবার অজ্ঞতা ও ভুলগুলো ধরিয়ে দিলেও তিনি মানতে রাজি নন। তিনি ভাবেন তাঁর সবকিছু সঠিক, আমি অপ্রাপ্তবয়স্ক বলে ভুল করছি। তারপরও আমি প্রতিবাদ করলে আমার ওপর অকথ্য নির্যাতন করা হয়। আমার বড় ভাই শিক্ষিত হয়েও মা-বাবার মতোই আচরণ করেন। কিছুদিন আগে আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি এভাবে শেষ হতে চাই না, আমি এই ‘কারাগার’ থেকে মুক্তি চাই।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বাবা-মায়ের সঙ্গে তোমার সম্পর্ক আন্তরিক হয়নি। অভিভাবক হিসেবে তাঁদের দায়িত্ব ছিল সন্তানের সঙ্গে খোলামেলা ও সহমর্মিতাসম্পন্ন সম্পর্ক গড়ে তোলা। সন্তানেরা বেড়ে ওঠার সময় অনেক ভুলভ্রান্তি করে থাকে। সেই সময় তাঁরা যদি প্রতিক্রিয়াশীল হয়ে পড়েন, তাহলে সন্তানেরাও বিরক্ত হয়ে বাবা-মায়ের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলে। দেখা যায়, অভিভাবকেরা নিজেরা কোথায় ভুলটি করেছেন, সেটি না ভেবে এই দূরত্বটির জন্য সন্তানকেই দায়ী করেন। বাবা-মাকেও এর জন্য পুরোপুরি দায়ী করা যায় না। কারণ তাঁরাও তাঁদের বাবা-মায়ের দিক থেকে এ ধরনের প্রতিক্রিয়াশীল আচরণ দেখেই বড় হয়েছেন। সন্তানের যে আচরণ তাঁদের মতে অনাকাঙ্ক্ষিত, সেটি পরিবর্তন করার লক্ষ্যে তাঁরা এমন কিছু পদক্ষেপ নেন, সেগুলোর ফলাফল বেশির ভাগ সময় নেতিবাচক হয়। যেমন তোমার মুঠোফোন কেড়ে নেওয়া, অসহনীয় নির্যাতন করা, জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা।Ñ এসব তোমার মধ্যে বিদ্বেষের সৃষ্টি করেছে।
তুমি যে ছেলেটিকে পছন্দ করেছ তাকে তাঁদের ভালো না–ও লাগতে পারে এবং তার ব্যাপারে সংশয় প্রকাশ করার অধিকারও তাঁদের রয়েছে। তুমিও যদি তাঁদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকো, তাহলে পাল্টাপাল্টি বিরোধের সম্ভাবনা কিছুটা হলেও কমবে। একই সঙ্গে তাঁরা যদি তোমার ভালো লাগাটির প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে তোমার সঙ্গে আলোচনায় বসতেন এবং তাঁদের আপত্তির কারণগুলো খুব ঠান্ডা মাথায় ব্যাখ্যা করতেন তাহলে ভালো হতো। তুমিও তখন কী কী কারণে ছেলেটির প্রতি তোমার ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে, সেটি খুব ভালোভাবে ব্যাখ্যা করার সুযোগ পেতে।
একজন মানুষের বংশপরিচয় যা-ই হোক না কেন, সে যে একজন সৎ ও ভালো মানুষ হতে পারে, সেই বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করা সম্ভব হতো। তোমার বড় ভাই এ ক্ষেত্রে একজন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পারতেন। আমি অনুরোধ করব, তুমি অন্তত ধৈর্য ধরে বিষয়টি মোকাবিলা করো। তাঁদের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা না করে বা প্রতিবাদ না করে বরং তুমি আপাতত বিষয়টিকে এক পাশে রেখে লেখাপড়ায় মনোনিবেশ করার চেষ্টা করো। ছেলেটিকে বলো, যদি সত্যিই সে তোমাকে জীবনসঙ্গী করতে চায়, তাহলে সে যেন তোমার সম্মান ডিগ্রি লাভ করা পর্যন্ত অপেক্ষা করে। তোমার স্নাতক হয়ে গেলে আত্মবিশ্বাসের জায়গাটি কিছুটা দৃঢ় হবে। ছেলেটি যদি এর মধ্যে নিজেকে আরও উপযুক্ত করে তুলতে পারে, তাহলে অভিভাবকেরা কিছুটা নমনীয় হতে পারেন, সেটি আশা করা যায়।