এভাবেই দখল হবে ফুটপাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটপাতে নানা উৎ​পাত। স​ড়কের অর্ধেক অংশ দখল করে রাখা হয়েছে পিকআপ। ঝুঁকি নিয়ে সড়কের ওপর দিয়েই হাঁটাচলা করতে হয় পথচারীদের। ছবিটি গত মঙ্গলবার কাজীর দেউড়ি আউটার স্টেডিয়াম এলাকা থেকে তোলা l সৌরভ দাশ
ফুটপাতে নানা উৎ​পাত। স​ড়কের অর্ধেক অংশ দখল করে রাখা হয়েছে পিকআপ। ঝুঁকি নিয়ে সড়কের ওপর দিয়েই হাঁটাচলা করতে হয় পথচারীদের। ছবিটি গত মঙ্গলবার কাজীর দেউড়ি আউটার স্টেডিয়াম এলাকা থেকে তোলা l সৌরভ দাশ

ফুটপাতের শুরুতে চায়ের দোকান। পাশে রিকশার গ্যারেজ। একটু এগোলে ডেকোরেটর্স কোম্পানির বাঁশের স্তূপ। আছে আবর্জনার বড় একটি কনটেইনার। তার পাশে পড়ে আছে আরও একটি খালি কনটেইনার। যাত্রীছাউনিটিতেও গড়ে উঠেছে দোকান। বাধ্য হয়ে পথচারীদের হাঁটতে হচ্ছে রাস্তার ওপর দিয়ে। এই চিত্র কাজীর দেউড়ির আউটার স্টেডিয়ামের পাশের বিশাল ফুটপাতটির।
দিনে দিনে ফুটপাতটি দখল হলেও এ নিয়ে সিটি করপোরেশনের মাথাব্যথা নেই।
অনুসন্ধানে জানা গেছে, ফুটপাত দখল করে প্রথমেই চায়ের দোকান করেন কবির সওদাগর নামের এক ব্যক্তি। ধীরে ধীরে ব্যবসার প্রসার ঘটিয়েছেন তিনি। দোকানও বড় করেছেন। এখন ত্রিপল দিয়ে ছাউনি দিয়েছেন। ফুটপাত থেকে তাঁর দোকানের পরিধি বেড়ে পাশের নালা পর্যন্ত গেছে। গত সোমবার সকালে গিয়ে দোকানে পাওয়া যায়নি কবির সওদাগরকে। তবে দোকানে থাকা কর্মচারী কোনো কিছু বলতে রাজি হননি।
সরেজমিনে দেখা যায়, কাজীর দেউড়ি মোড় থেকে শুরু করা এই ফুটপাত শেষ হয়েছে নেভাল অ্যাভিনিউ মোড়ে এসে। এমন এবড়োখেবড়োভাবে দখল হয়ে আছে আর আবর্জনা ছড়িয়ে আছে যে ওই পথ দিয়ে যাওয়ার সময় নাকে কাপড় গুঁজেই চলতে হয়। শুধু ফুটপাত নয়, রাস্তার অনেক অংশজুড়ে এখন পিকআপ ভ্যানের ভ্রাম্যমাণ স্ট্যান্ড।
ফুটপাতে তাঁবু গেড়ে রিকশার গ্যারেজ খুলে বসেছেন আমান উল্লাহ। জায়গা কার জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি জায়গা। পেটের দায়ে বসেছি। তুলে দিলে আবার উঠে চলে যাব।’ তবে ফুটপাতে ব্যবসার করার জন্য পুলিশকে প্রতিদিন ৬০ টাকা করে দিতে হয় বলে জানান তিনি।
স্থানীয় একটি ডেকোরেটর্স কোম্পানি ফুটপাত ও পাশের খালি জায়গায় ফেলে রেখেছে বাঁশ। নগরের ফুটপাত পরিষ্কার ও খালি রাখার দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের। কিন্তু ফুটপাতের বিশাল জায়গাজুড়ে রাখা হয়েছে করপোরেশনের আবর্জনা রাখার কনটেইনার। কনটেইনারের আশপাশে ছড়িয়ে আছে বর্জ্য।

ফুটপাতের ওপর রাখা হয়েছে ডেকোরেtর্স কোম্পানির বাঁশ। পাশে রয়েছে আবর্জনার কনটেইনার l প্রথম আলো
ফুটপাতের ওপর রাখা হয়েছে ডেকোরেtর্স কোম্পানির বাঁশ। পাশে রয়েছে আবর্জনার কনটেইনার l প্রথম আলো

বিলবোর্ডের আড়ালে হারিয়ে গেছে এই এলাকার সৌন্দর্য। এতেও সন্তুষ্ট নয় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলো। ফুটপাতের ওপর খুঁটি গেড়ে বসানো হয়েছে নতুন বিলবোর্ড। এখনো বিজ্ঞাপন লাগানো হয়নি এগুলোয়।
এদিকে কাজীর দেউড়ি রাস্তার দুই পাশের বিশাল অংশ পরিণত হয়েছে পিকআপ ভ্যান স্ট্যান্ডে। এলাকার টাইলস-সিরামিকসের দোকানগুলোর পণ্য সারা দেশে পরিবহন করে থাকে এসব পিকআপ।
গত সোমবার রাস্তার মধ্যে গাড়ি রেখে ফুটপাতের চায়ের দোকানে চা পানে ব্যস্ত ছিলেন পিকআপের চালক শাহেদ। গাড়ির পাশে দাঁড়াতে ছুটে আসেন তিনি। প্রথমেই গন্তব্য জানতে চান প্রতিবেদকের কাছে। রাস্তায় গাড়ি রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কই আর যাব। ভাড়া পেলেই গাড়ি নিয়ে চলে যাই। বেশিক্ষণ থাকি না।’
পথচারী ইফতেখার উদ্দিন ক্ষোভের সঙ্গে বলেন, বলেন তো এটি কি ফুটপাত না বাজার! এ অবস্থায় এখান দিয়ে হাঁটা যায়? দিনের পর দিন এভাবে পড়ে আছে। কারও কোনো মাথাব্যথা নেই।
এসব ব্যাপারে জানতে চাইলে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম নগরের ফুটপাত ও নালা পরিষ্কার ও দখলমুক্ত রাখতে করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। কাজীর দেউড়ির বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে। খুব শিগরির এলাকার ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা হবে।’