এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম।অন্নপূর্ণা ৪ পর্বতের বেসক্যাম্প থেকে হুমদে পর্যন্ত দুই দলে নেমে এলাম সবাই। প্রথম দলে পর্বতারোহী আর শেরপা। পরের দিন দ্বিতীয় দলে কুলিদের নিয়ে পর্বতারোহণের সরঞ্জামসহ পোর্টার সর্দার। হুমদে পর্যন্ত নেমে এক দিনের বিশ্রাম পেলাম। সবাই এসে অভিবাদন জানিয়ে যাচ্ছেন। স্থানীয় লোকজন কবে কে অন্নপূর্ণা ৪ পর্বত জয় করেছেন, এমন পরিসংখ্যানও জানাতে ভুলছেন না। এর মধ্যে তাওহীদ হোসেনের হাতের ফোসকার পরিস্থিতি কতখানি ভয়াবহ, তা একজন স্থানীয় চিকিৎসকে দিয়ে পরীক্ষা করানো হলো। দেখে তিনি জানালেন, অনেক উচ্চতায় শরীরের ত্বক তার নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করে নেয়, যাতে করে বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে পারে। হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা—এ জন্য হাতের যে অংশটুকু কিছুটা সময় বাইরের বাতাসের সংস্পর্শে এসেছে, সেখানে ফোসকার সৃষ্টি হয়েছে। এতে ভয়ের কিছু নেই। এর আগে অবশ্য গণেশ মাগার কোন এক অভিযানে ফ্রস্টবাইট হয়ে হাতের আঙুল কীভাবে কেটে ফেলার উপক্রম হয়েছিল, তা বেশ রসিয়ে বর্ণনা করার পর সবাই, বিশেষ করে তাওহীদ আর আমি একটু দমে গিয়েছিলাম। কিন্তু চিকিৎসকের কথা শুনে এখন নির্ভার লাগছে।সেদিন ফোনে হুমদে থেকে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ, এনএসিবির অন্নপূর্ণা ৪ পর্বত অভিযানে সাফল্যের খবর সংগঠনের সহসভাপতি মুনির হাসানের কাছে পৌঁছে দিলাম। আমাদের পরবর্তী লক্ষ্য এভারেস্ট, তাঁকে এ কথাও জানিয়ে দিলাম। অনুরোধ করলাম, সম্মিলিত চেষ্টায় একে সফল করে তোলার জন্য। তিনি বললেন, ‘তোমরা আগে নিরাপদে দেশে ফিরে আসো।’পরের দিন একে একে পিসাং, ধুকুরপোখারি ও ব্রাতাং হয়ে চামে পৌঁছে গেলাম। এখান থেকে আমার কর্মস্থল দ্য ডেইলি স্টার-এ এনএসিবির অন্নপূর্ণা ৪ চূড়া জয়ের খবর পাঠালাম। পরের দিন বাগারছাপ, ধারাপানি পার হয়ে তাল পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। এখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম তাওহীদ, গণেশ আর আমি। কিন্তু বাকি সবাই এগিয়ে গেলেন চামজের দিকে। সেটাও প্রায় ঘণ্টা দেড়েকের পথ। তাঁদের কথা হলো, আজ এটুকু পথ এগোলে আগামী দিনে পরবর্তী গন্তব্যে পৌঁছানো সহজ হবে। সারা দিনের হাঁটার ধকলে শরীরের শক্তি যেন নিঃশেষ প্রায়। এ জন্য তালেই রাত কাটালাম। পরের দিন ট্রেক করে চামজে, জগত পার হয়ে সিয়ানজে আসতেই দেখলাম কৈলাস গাড়ির স্টপেজে একটা দোকানে শুয়ে ঘুমাচ্ছেন। তাঁর চোখেমুখে একটা অসংলগ্ন ভাব। দেখলাম, ঠিকমতো চলাফেরাও করতে পারছেন না। আবারও টেনশন। যাই হোক এখান থেকে গাড়িতে করে নাগদি হয়ে খুদি পর্যন্ত চলে এলাম। এর মধ্যেই কৈলাস অসুস্থ হয়ে পড়লেন। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারেন না। কী করা যায়? কৈলাস নিজেই জানালেন, তিনি ঠিক আছেন, বিশ্রাম নিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মাথা থেকে দুশ্চিন্তা যায় না। নিজেদের শুধু এটা বলেই সান্ত্বনা দিচ্ছেন। ভাগ্যিস পর্বতারোহণের সময় এ ঘটনা ঘটেনি। এখানে যতটুকু সম্ভব শুশ্রূষা করা যাচ্ছে, সেটা পর্বতে কীভাবে দেওয়া যেত?এখান থেকে পরের দিন বাসে করে কাঠমান্ডু। কাঠমান্ডু পৌঁছেছি বিকেল নাগাদ। সন্ধ্যাবেলায় ধ্রুব জ্যোতি ঘোষ মুকুলের সঙ্গে দেখা। সবাই হইচই করে উঠলাম। একাই তিনি সাফল্যের সঙ্গে পুরো অন্নপূর্ণা সার্কিট ট্রেক শেষ করে এসেছেন। তাঁকে অভিনন্দন জানিয়ে অন্নপূর্ণা ৪ পর্বতে আমাদের সাফল্যের খবরও দিলাম। তিনি বললেন, ‘যে শক্ত শেরপাদের দল সঙ্গে ছিল, তাতে আমার বিশ্বাস, তোমরা সফল হবেই। আর আইসবুট-ক্র্যাম্পন থাকলে আমিও এই পর্বতারোহী দলে ঢুকে যেতাম। কেউ আমাকে ঠেকাতে পারত না।’পরের দিন খবর পেলাম, কৈলাসের জন্ডিস হয়েছে। শুনে খুব খারাপ লাগল। কারণ, এই ছেলেটার জন্যই আমাদের অন্নপূর্ণা ৪ পর্বত জয় সম্ভব হয়েছে। না হলে ক্যাম্প টুর ওপর থেকেই ফিরতে হতো। সবচেয়ে বড় কথা, এনএসিবির এভারেস্ট জয়ের প্রস্তুতিতে বাধা পড়ত এবং ফের কীভাবে এ ধরনের আয়োজন করা সম্ভব হতো, আমাদের সাধ্যে আবার তা সম্ভব কি না, সেটা মাথায় ঘুরছিল। চিকিৎসক তাঁকে পুরো বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমরা বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসার কথা বললাম।এদিন ঢাকার কিছু পর্বতারোহীর মন্তব্য দেখলাম ইন্টারনেটে। আমরা যে কয়দিনে অন্নপূর্ণা ৪ জয় করেছি, ১৯৫০ সালের উদাহরণ দিয়ে ব্যাখ্যায় ভারতের একটা দলের সঙ্গে পর্বতারোহণ করে আসা একজন উপসংহার টেনেছেন এভাবে, যে সময়, মৌসুম ইত্যাদির কারণে এটি এই দলের পক্ষে অসম্ভব একটা ব্যাপার। কাজেই অন্নপূর্ণা জয়ের খবরটা ভিত্তিহীন। ই-মেইলে দেখলাম, চিফ নিউজ এডিটর পুরো পরিস্থিতিতে অবাক হয়ে মন্তব্য করেছেন, এ অবস্থা থেকে যেন তাঁকে উদ্ধার করি।এ ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে কাঠমান্ডুতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাজ শেষ করে এবং শেরপাদের পাওনা টাকা আগস্ট মাসের মধ্যেই পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় ফিরলাম যেদিন, অফিসে ঢুকেই চিফ নিউজ এডিটর হাতে একটা প্রতিবাদপত্র ধরিয়ে দিয়ে বললেন, ‘এর জবাব দিয়ে যেন আমি কাজে যোগ দিই।’ পর্বতারোহণের সব কটি প্রশিক্ষণ নেওয়া শেষ দাবি করেন, এমন এক পর্বতারোহী এনএসিবির অন্নপূর্ণা ৪ জয়ের দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে প্রতিবাদপত্রে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন।ভাবলাম, এ ধরনের বাধা সৃষ্টি করে এনএসিবির এভারেস্ট অভিযানকে যদি ঠেকানোই যেত, তাহলে তো আর এমনি এমনি এনএসিবি গড়ে ওঠেনি। এ ধরনের বাধা আছে বলেই এনএসিবি কাজে প্রমাণ করে দেখাতে চায় যে এ সংগঠনের পক্ষে এভারেস্ট আয়োজন করা সম্ভব।যা হোক, চিফ নিউজ এডিটরের কাছে ইন্টারনেটের মন্তব্য আর প্রতিবাদপত্রের সব যুক্তি কেন ধোপে টেকে না, তা ব্যাখ্যায় জানিয়ে কাজ শুরু করেছিলাম। বাধা ডিঙিয়ে যেতে হবে, তাহলেই না এভারেস্ট অভিযানে নামা সম্ভব—এমন বুঝ দিলাম নিজেকে। তখন থেকে শয়নে, স্বপনে, প্রতিটি মুহূর্তে, কাজের ফাঁকে ও ভাবনায় উদয় হয় এভারেস্ট।[email protected]বাকি অংশ আগামী পর্বে