এভারেস্ট অভিযানের প্রাথমিক দল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম।অন্নপূর্ণা-৪ পর্বত অভিযান শেষ করে ঢাকায় ফিরেছি ঠিকই। কিন্তু মন পড়ে আছে স্ত্রী রিমি আর ছেলে ওয়াসি ইব্রাহীম রাইদের কাছে। একদিন সুযোগ বুঝে চলে গেলাম রিমির কর্মস্থলে তাদের সঙ্গে দেখা করতে। তাকে অন্নপূর্ণা-৪ পর্বতারোহণের পূর্বাপর ঘটনা বলার পর প্রথমেই অন্নপূর্ণা-৪ জয়ের অভিনন্দন জানিয়ে অবশ্য চলে গেল ভিন্ন প্রসঙ্গে। জানাল, সবার কথা চিন্তা করে, বিশেষ করে নিজের ক্যারিয়ারের কথা ভেবে আমার এসব পাগলামি ছেড়ে দেওয়া উচিত। শেরপাদের কাছে এবং পর্বতারোহণের সরঞ্জামের জন্য যে টাকা বাকি রেখে এসেছি, এটা কীভাবে শোধ করা হবে, নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) কে শোধ করবেন, পরে এটা আবার আমার ঘাড়েই এসে পড়বে কি না ইত্যাদি আলাপের সর্বাগ্রে রেখে রিমির মন্তব্য হলো, কোনোভাবে যদি সম্ভব হয়, তাহলে টাকাটা শোধ করে এবার থেকে পর্বতারোহণ যেন ছেড়ে দিই।কিন্তু তাকে যতই বলি যে এবারের অভিযানই হলো চূড়ান্ত অভিযান, এত দিন ধরে যে একটা স্বপ্ন মনে লালন করে এসেছি, যার জন্য এত ত্যাগ-তিতিক্ষা, সেই এভারেস্টই হলো এবারের লক্ষ্য—রিমি ততই পাল্টা যুক্তি দিয়ে বলে, অন্নপূর্ণা-৪ পর্বত অভিযানেরই পুরো টাকা জোগাড় হয়নি, শেরপাদের কাছে টাকা বাকি রেখে এসেছ, আর তুমি যাবে এভারেস্টে?বলি, হ্যাঁ, আমিই যাব এভারেস্টে। চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই। কিন্তু রিমিকে বোঝাতে পারি না যে এভারেস্ট এ মুহূর্তে আমার কাছে কতখানি আরাধ্য। সর্বশেষ তাকে বলি, রিমি, যদি আমি এভারেস্ট অভিযানে যেতে পারি, যদি এভারেস্ট জয় করতে পারি, তাহলে যে মুসাকে পাবে, তার সঙ্গে না যেতে পারা মুসার থাকবে একেবারে আকাশ-পাতল পার্থক্য। এটা যেমন লক্ষ্য অর্জনের মিশন, তেমনি এটা এ মুহূর্তে আমার জীবনের সঙ্গে একেবারে মিশে গেছে।রিমিকে কতটুকু বোঝাতে পারলাম জানি না। কিন্তু এভারেস্ট অভিযানে নামার তোড়জোড় শুরু হয়ে গেল।এদিকে আব্বা-আম্মাও সমানতালে ফোনে এসব পাগলামি ছেড়ে দেওয়ার জন্য রীতিমতো শাসন শুরু করলেন। তাঁদের বললাম, আমি ২০১০ সাল পর্যন্ত নিজের মতো করে চলতে চাই। সেই চাওয়ার মধ্যে এভারেস্ট অভিযানে যাওয়াটাও আছে। ২০১০ সাল পর্যন্ত আমাকে এ নিয়ে কোনো কথা বলা যাবে না। এরপর তাঁদের সব কথা শুনতে রাজি, কিন্তু ২০১০ সালের আগ পর্যন্ত কোনো কথা নয়।আমার এমন কথা শুনে আম্মা কান্নাকাটি করেন। কিন্তু আমাকে যেতেই হবে এভারেস্টে, এর কোনো বিকল্প খুঁজে পাই না। শিশুপুত্র রাইদ অবশ্য এসব কিছুই বোঝে না। সে তার বাবাকে পেয়েই খুশি।একদিন এনএসিবিতে এভারেস্ট অভিযান আয়োজনের জন্য সভা ডাকা হলো। সেখানে বিশদ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হলো। সবাইকে জানালাম, নেপালের সাউথ ফেস দিয়ে এভারেস্ট অভিযানে নামা অপেক্ষাকৃত নিরাপদ। তিব্বতের নর্থ ফেস দিয়ে গেলে শরীর উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হয়। এ ছাড়া প্রায় ৬০-৭০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া প্রচণ্ড বাতাস, তুষারঝড় ইত্যাদি বাধা তো আছেই। তবে তিব্বতের দিক থেকে এভারেস্ট অভিযানে খরচ কম।সভার পরিকল্পনায় সাব্যস্ত হলো, প্রাথমিকভাবে ১০ জনের একটা দল গঠন করা হবে। এই দল থেকে পর্বতারোহী গ্রুপ চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাবে। আরেকটি গ্রুপ সামলাবে বেস ক্যাম্প। সবাইকে বললাম, ১৯৫৩ সালে প্রথম যেবার এভারেস্ট অভিযানে সফল হলেন পর্বতারোহীরা, এডমুন্ড হিলারি ও তেনজিং নরগেরা, তখন কিন্তু এভাবেই এভারেস্ট অভিযান পরিচালনা করা হয়েছিল। পুরো অভিযানে ছিল দুটো দল—এক দল পর্বতারোহণে সফল না হলে আরেক দলকে পাঠানোর চিন্তা ছিল অভিযানের নেতা জন হান্টের। আর হিলারি ও তেনজিং ছিলেন তাঁর দ্বিতীয় পছন্দ। প্রথম পছন্দের দল একেবারে কাছে গিয়ে ফেরত আসায় হিলারি-তেনজিংকে পাঠিয়েছিলেন এভারেস্ট জয় করতে। আর আরেক দল বেস ক্যাম্পে বসে আরোহণকারী দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে পুরো অভিযানে সামঞ্জস্য রেখেছে। আরও বললাম, আমাদের দেশ থেকে যেহেতু এভারেস্ট অভিযান এই প্র্রথম আয়োজন করা হচ্ছে, কাজেই যদি আমরা সাফল্য চাই, তাহলে সর্বশক্তি নিয়ে এ অভিযানে নামা উচিত। আর কারা চূড়ান্ত অভিযানে থাকতে পারবে, এটা নির্দিষ্ট করতে সবাইকে একাট্টা হয়ে অনুশীলন এবং অভিযান আয়োজন করার সঙ্গে থাকার অনুরোধ করলাম। এসব বিবেচনায় এনে দেখা গেল, পুরো অভিযানে খরচ হবে তিন কোটি টাকা। আকাশচুম্বী এ খরচের কথা শুনে সবাই বাকরুদ্ধ। অনেকে বলেন, সরকারি সহযোগিতা ছাড়া এটা অসম্ভব। কিন্তু আমি হাল ছাড়ি না। বলি, চেষ্টা করে দেখি। সরকারি বা বেসরকারি—যেকোনো সহযোগিতা পেলেই এটা করা সম্ভব। আর সহযোগিতা না পেলে তখন বিকল্প পরিকল্পনা নিয়ে এগোনো যাবে। কিন্তু তার আগ পর্যন্ত আশায় বুক বাঁধতে ক্ষতি কী?এবার প্রাথমিকভাবে দল গঠন করার জন্য রমনা পার্কে প্রায় প্রতিদিন সকালে প্রস্তুতি নেওয়া শুরু হলো। এ সময় সুপ্রভাতি সংঘের সভাপতি মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এ সংগঠনের সব সদস্য শারীরিক প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।এ সময় আগের মতোই প্রতিদিন দুই-তিনটা করে প্রতিষ্ঠানের কাছে গিয়ে এনএসিবির পরবর্তী অভিযানই যে এভারেস্ট অভিযান, এ কথা জানাতে শুরু করেছি। কেউ তখনই না করে দেন আবার কেউ আশ্বাস দিয়ে বিষয়টা ঝুলিয়ে রাখেন। কিন্তু চূড়ান্তভাবে সহযোগিতা করার কথা কেউই মুখ ফুটে বলেন না। এসবে দমে যাই না। বরং নিজেকে বোঝাই যে কেউ না কেউ তো অবশ্যই সহযোগিতা করবেন। শুধু সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে হবে।[email protected]বাকি অংশ আগামী পর্বে