এভারেস্ট অভিযানের ভিত গড়ার প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন নিয়ে পাতায় এভারেস্ট যাত্রা ও এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।১৯৫১ সালের বসন্তে সুইস ক্লাইম্বার জর্জ ফ্রের নেতৃত্বে তেনজিং নোরগে আর শেরপা আং দাওয়া গিয়েছিলেন সিকিম হিমালয়ের এই ১৯ হাজার ফুট উঁচু পর্বতারোহণে। সেই অভিযানে জর্জ ফ্রে পায়ে ক্র্যাম্পন না লাগিয়ে আরোহণ করা অবস্থায় প্রায় ১৭ হাজার ফুট উচ্চতা থেকে পা পিছলে পড়ে মারা যান। পরে তাঁর সম্মানে এই পর্বতের নামকরণ করা হয় ফ্রে পর্বত। পর্বতটিতে তার সংলগ্ন অনেক পর্বতের চেয়েই কৌশলগত দিক থেকে আরোহণ করা কঠিন। এইচএমআই সে জন্যই একে বেছে নিয়েছিল ২০০৬ সালে অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে। সেই অভিযানে প্রায় ১৫ জনের দল সেবার সামিটে পৌঁছেছিলাম, যা ফ্রে পর্বতে একটা রেকর্ড। এ পর্বতে আগে কখনো এত আরোহী সফল হননি। কিন্তু অনেকেই এটাকে বাঁকা চোখে দেখেছেন। এটা ছিল একটা নিছক কোর্স—এমন প্রমাণের চেষ্টা করেছেন।তবে এর পরও বিটিসির সভাপতির কথা যেন শেল হয়ে বুকে বিঁধল।মুসা, আপনারা শুরু করেছেন ঠিকই। কিন্তু এভারেস্ট জয় হয়তো আপনার পরের প্রজন্ম করবে। কারণ এভারেস্ট জয়ের জন্য যে ধরনের মানসিক ও শারীরিক সক্ষমতা প্রয়োজন, যে ধরনের পর্বতারোহণচর্চা প্রয়োজন, সব মিলিয়ে বাংলাদেশ হয়তো ২০-৩০ বছর পর এভারেস্ট অভিযানের জন্য সক্ষম হয়ে উঠবে। আর পাশের দেশ ভারতের পর্বতারোহণ সংস্কৃতিটাই দেখুন না। তারা পর্বতারোহণচর্চা শুরুর প্রায় ৩০ বছর পর এভারেস্ট জয় করতে সক্ষম হয়েছে।এ কথা শুনে মনের ওপর যেন পাথরের চাপ অনুভব করলাম। আমার জীবদ্দশায় এভারেস্ট অভিযানে যেতে পারব না? যা কিনা সব পর্বতারোহীর কাছে মক্কার মতো একটা বিষয়।স্কুলে পড়াকালীন স্কুল শেষে বাড়ি ফেরার সময়টা থাকত দুপুর। সে সময় মাথার ওপর সূর্য পাড়ি দিয়ে খানিকটা হেলে পড়ত পশ্চিমে। পথে সূর্যের আলোর বিপরীতে যে ছায়া পড়ত, তা দেখতাম। আর নিজ চোখে পা থেকে নিজের উচ্চতা মাপার চেষ্টা করতাম। সেই সঙ্গে ভাবতাম আমাকে আরও বড় হতে হবে। তাহলে নিজের কাজ নিজেই করতে পারব, স্বাধীনভাবে চলতে-ফিরতে পারব। ইনাম আল হকের কথা শুনে স্কুলবেলার সেই সময়টা মনে পড়ে গিয়েছিল। ভাবছিলাম, নিজের পথ নিজেই চলতে হবে, নিজের পায়ে দাঁড়িয়ে তবেই এভারেস্টের পথে এগোতে হবে। তার সঙ্গে ওই আলাপচারিতার পর নিজের ওপর বিশ্বাস গড়ে তুলতে শুরু করলাম—আমিই পারব। নিজের সামর্থ্যকে ভিত হিসেবে আলিঙ্গন করলাম।বিটিসি ও বিএমটিসির হয়ে ২০০৭ সালে চুলু ওয়েস্ট পর্বত অভিযানের পরই গড়ে তোলা হলো নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি)। চুলু ওয়েস্ট পর্বতাভিযানের দলনেতার পর্বতারোহণ-সংক্রান্ত বিষয়ে অদূরদর্শিতা, আরোহী, শেরপা ও কুলিদের সঙ্গে বচসা, সামিট নিয়ে বিরোধ এবং সর্বোপরি সেই সংগঠনের সভাপতির একপেশে কিছু সিদ্ধান্তের কারণে তাদের সঙ্গে থাকা কঠিন হয়ে পড়ে। ফলে এনএসিবির উদ্ভব এবং এ সময় থেকে প্রকৃত অর্থেই শুরু হলো টিকে থাকার লড়াই। নতুন সংগঠন, পরিচিতিও কম এবং নাম বা ব্যক্তিত্বের ভারে কাটে—এমন কেউই শুরুর দিকে এনএসিবিতে ছিলেন না। ফলে ২০০৭ সালের ২৯ অক্টোবর ‘ভিশন ২০১০: মিশন এভারেস্ট’ শীর্ষক স্লোগান নিয়ে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, তা প্রথম দিকে সফল করে তোলার ক্ষেত্রে বিস্তর ঘাম ঝরাতে হলো।ইন্টারনেটে তথ্য ঘেঁটে জানতে পেরেছিলাম, ২০০৭ সালের মধ্যে ৬০টিরও বেশি দেশের পর্বতারোহী এভারেস্ট জয় করেছে। কিন্তু আমাদের সেই ঘাটতি এখনো রয়ে গেছে। সেই শূন্যস্থান পূরণের জন্য যে লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম, তাকে বাস্তবে পরিণত করতে হবে, এমন একটা জিদ কাজ করত।এ সময় এনএসিবির নেপালের সদস্য সারিন প্রকাশ প্রধান, কোমল অরিয়াল ও শেরপা সোম বাহাদুর তামাংদের সঙ্গে ফোন ও ই-মেইলে প্রায় প্রতিদিন যোগাযোগ হতো যে কীভাবে ২০১০ সালের মধ্যে বাংলাদেশকে এভারেস্টজয়ী দেশ হিসেবে পরিণত করা যায়। তাদের পরামর্শ ছিল, শুরুতে ছয় হাজার মিটার, এরপর সাত হাজার এবং শেষে আট হাজার মিটার উঁচু পর্বত অভিযানে অংশ নিলে এভারেস্ট জয়ের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। তাদের পরামর্শ অনুযায়ী শুরুতে লাংসিসা রি পর্বত, এরপর অন্নপূর্ণা ফোর এবং সবশেষে চো য়ু পর্বত অভিযানের পরিকল্পনা করা হয়। (বাকি অংশ পরবর্তী পর্বে)