এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমমার্চ মাসের শুরুতে কোমল অরিয়াল জানিয়ে দিলেন, আমি যেন অন্নপূর্ণা-৪ পর্বতারোহণে শেরপাদের বকেয়া বেতন আর ইকুইপমেন্ট শপে বাকি রেখে আসা অর্থ দ্রুত ফেরত পাঠাই। তাঁরা পাওনা টাকার জন্য অস্থির হয়ে উঠেছেন। আর বিশ্বমন্দার কারণে তাঁর ব্যবসার অবস্থাও ভালো নয়। নয়তো তিনি নিজেই এর একটা বিহিত করতেন। আর টেনেটুনে তিনি কৈলাসের বকেয়া বেতন দিয়ে দিয়েছেন। কারণ সে বিয়ে করতে যাচ্ছে কয়েক দিনের মধ্যেই।তাঁকে আশ্বস্ত করে বললাম, আমি তো যাচ্ছিই নেপালে। এটা হয়তো এখন সময়ের ব্যাপার। আমি গেলেই এর একটা সুরাহা করা সম্ভব।এ সময় নিত্য উপহারের সঙ্গে যৌথ উদ্যোগে এভারেস্ট অভিযানের ওপর টি-শার্ট ডিজাইন প্রতিযোগিতা আহ্বান করা হলো। উদ্দেশ্য ছিল এভারেস্ট অভিযানে স্পন্সরদের দৃষ্টি আকর্ষণ। সেই সঙ্গে পর্বতে ট্রেকিংয়ের সুযোগ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশে টি-শার্ট ডিজাইন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে এনএসিবির পক্ষ থেকে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেইলে ট্রেকিংয়ে নিয়ে যাওয়া হবে, এটা ছিল শর্ত। বেশ কয়েকজন প্রতিযোগী তাঁদের তৈরি ডিজাইন জমা দিলেন। তাঁদের মধ্য থেকে বুয়েটে পড়ুয়া এক প্রতিযোগীকে শ্রেষ্ঠ নির্বাচনও করা হলো। কিন্তু অর্থসংকট ও সমন্বয়হীনতার কারণে তাঁকে আর নেপাল ইবিসি ট্রেক করার সেই সুযোগ দেওয়া হয়নি। এ জন্য তখন থেকেই একটা পাপবোধ কাজ করে মনে। অবশ্য এ উদ্যোগে যাওয়ার আগে শুধু ওই ডিজাইন জমা নেওয়া পর্যন্তই। টি-শার্ট আর তখন তৈরি করা হয়নি।এ সময় একদিন ফোন করে দেখা করলাম এনএসিবির আরেক সহসভাপতি ফখরুল আবেদিন মিলনের সঙ্গে। তাঁর কাছে করণীয় জানতে চাইলাম। তিনি সময়স্বল্পতার কারণে অপারগতা প্রকাশ করে বললেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এনএসিবির এভারেস্ট অভিযানের কথা জানাবেন। কেউ রাজি হলে তিনি অবশ্যই আমাকে জানাবেন। মাত্রার পরিচালক সানাউল আরেফিন পাঠালেন এক ব্যাংকের প্রধানের কাছে। কিন্তু তিনিও সময়স্বল্পতার কারণ উল্লেখ করে অপারগতা প্রকাশ করলেন। এনএসিবির সহসভাপতি পল্লব মোহাইমেন এ সময় সহযোগিতা করতে এগিয়ে এলেন। বেশ কিছু প্রতিষ্ঠান থেকে স্পন্সর জোগাড় করতে গিয়ে তিনিও ব্যর্থ হলেন।আসলে বাংলাদেশ থেকে এভারেস্ট অভিযানে কেউ যাবে, কারও যাওয়া উচিত, বাংলাদেশের লাল-সবুজ পতাকা বিশ্বের সর্বোচ্চ বিন্দুতে কারও নিয়ে যাওয়া উচিত, পুরো বিশ্বের সব কটি দেশ যে অর্জনটিকে নিয়ে গর্ব করে, সেই অর্জন যে বাংলাদেশেরও থাকা উচিত—এটা বোঝাতে ব্যর্থ হয়েছি। সবাই ধরে নিয়েছিলেন, এটা এক নিছক কোনো অভিযান। আর বাংলাদেশে মানুষের মাথা ঘামানোর বিষয় আছে এবং এসব নিয়ে সবাই এত ব্যস্ত যে এভারেস্ট অভিযান আয়োজন হলো কি হলো না, এটা নিয়ে কেউ সময় নষ্ট করতে রাজি নন। এভারেস্ট অভিযানে যাওয়ার আগ দিয়ে একটা বিশ্বাস আবারও জোরালো হয়ে মনের ভেতর গেঁথে গেল, ‘আমরা মনের দিক থেকে দেউলিয়া। সব সময় ভাবি যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার দায়িত্বটা আসলে সরকারের, এই কাজে সরকারের একক আধিপত্য। কিন্তু কোনো কোনো সময় যে নিজেও কিছু করা যায়, তা কেউ চেষ্টা করে দেখতে চাই না।’কিন্তু আমার লক্ষ্য অর্জনে তো বসে থাকলে চলবে না। কিংবা এসব বাধা আমলে এনে হতোদ্যম হলে চলবে না। যেকোনো কাজ করতেই হবে, যেকোনোভাবেই হোক, এটাই তখন একমাত্র চিন্তা। যেতেই হবে এভারেস্টে।এভাবে মার্চ মাস যখন শেষ দিকে, এ সময় ইয়াংওয়ান করপোরেশন বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও মি. কিহাক সাং দিলেন পর্বতারোহণের কিছু কাপড়চোপড়। এনাম তালুকদারের কাছ থেকে ধার নিলাম তাঁর হারনেস এবং এনএসিবির নতুন সদস্য নিয়াজ পাটোয়ারীর কাছ থেকে নিলাম স্নো গগলস।আর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সহযোগিতায় সামিট গ্রুপ, নাভানা গ্রুপ, চ্যানেল আই, ডেসটিনি গ্রুপ ও আরএম সিস্টেমস লিমিটেডের কাছ থেকে এভারেস্ট অভিযান আয়োজনের পুরো খরচের এক-চতুর্থাংশ পাওয়া গেল। তাহলে কীভাবে যাব? এই অর্থে তো কেউ আমাকে এভারেস্ট অভিযানে সহায়তা করবে না। ভাবলাম, আরও কটা দিন দেরি করে চেষ্টা করে দেখি যে আরও কিছু অর্থ জোগাড় করা যায় কি না।এ সময় গেলাম আরও কয়েকটা ব্যবসাপ্রতিষ্ঠানে। এ অভিযানে সহায়তা করা যায় কি না, এটা শিগগিরই জানিয়ে দেবেন—এমন আশ্বাস দিলেন। কিন্তু যাত্রার দিন ঘনিয়ে আসার আগে তারা একে একে অপারগতা প্রকাশ করলেন। আসলে পুরো পরিস্থিতি বোঝা হয়ে গেছে আগেই।কিন্তু নেপাল থেকে জানিয়ে দিল যে পুরো দল ৫ এপ্রিল (২০১০) তিব্বতের দিকে রওনা হবে। আমাকেও এই দলের সঙ্গী হতে হবে। আর যদি আমি দেরি করি, তাহলে নেপাল থেকে তিব্বত যাওয়ার ব্যবস্থা, তিব্বতে ঢোকার নতুন করে চীনা ভিসা এবং অন্যান্য আয়োজনের খরচ আমাকেই বহন করতে হবে এবং এই পেনাল্টির পরিমাণ ৭০০ ডলার। শুনে একদিকে দমে যাই, আরেক দিকে আশায় বুক বাঁধি যে দেখিই না চেষ্টা করে, যদি ভালো কিছু হয়েই যায়। সে মুহূর্তে সব শেষে পেলাম কোহিনূর কেমিক্যালসের সহায়তা। কিন্তু এ সহায়তা ছিল সেই পেনাল্টির প্রায় সমান পরিমাণ অর্থ।এভাবে যখন বুঝে গেলাম যে আর কোনো আশা নেই, তখন বুকজুড়ে হাহাকার বেজে চলেছে। কারণ, যে বুকিং মানি পাঠিয়ে দিয়েছি, তা অফেরতযোগ্য। আর এখন না যাওয়ার অর্থ হলো পিছিয়ে পড়া। যেভাবেই হোক যেতে হবে। এবার আনিসুল হক, সিমু নাসেরের সঙ্গে পরামর্শে বসলাম, কী করা যায়? কারও কাছ থেকে অর্থ ধার করা যায় কি না, সেটা ভেবে দেখার অনুরোধ করলাম। কিন্তু এটাও ভাবার মতো পরিস্থিতি তখন নেই।[email protected]বাকি অংশ আগামী পর্বে