ছোটবেলায় বিভিন্ন বই পড়ে ঘুরে বেড়ানোর ইচ্ছা আমাকে প্রবলভাবে আকর্ষণ করে।জার্নি টু দি সেন্টার অব দি আর্থ পড়ে ভয়ংকর ইচ্ছে আমার ঘাড়ে চেপে বসল, যে করেই হোক আমাকে পৃথিবীর কেন্দ্রে যেতেই হবে। মাটির নিচে সেখানে প্রাগৈতিহাসিক সমুদ্র, জীবজন্তু, মাছ, গাছ আমাকে প্রবলভাবে আকর্ষণ করত। অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেজ—পুরো পৃথিবী ৮০ দিনে ঘুরে আসা, পৃথিবীর কত বৈচিত্র্যময় সংস্কৃতি, কত নৈসর্গিক দৃশ্য, কী এক্সাইটমেন্ট! আমি ‘জগৎ জুড়িয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা!’এরপর এল এভারেস্ট জয়ের স্বপ্ন। মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের পর আমার শয়নে-স্বপনে শুধু এভারেস্ট। আব্বু-আম্মুকে বললাম, আমি যেকোনোভাবেই এভারেস্টে যেতে চাই এবং আমাকেও এখন থেকে এভারেস্ট জয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। মুসা ইব্রাহীমের পর আমিই হতে চাই দ্বিতীয় বাংলাদেশি ও সর্বপ্রথম বাংলাদেশি নারী এভারেস্টজয়ী। আব্বু-আম্মু ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিলেন। তাঁরা কিছুটা ভয়ই পেয়ে গেলেন। কারণ, তাঁরা পত্রিকায় পড়ে মুসার এভারেস্ট জয়ের কষ্টকর অভিজ্ঞতার তথ্যও পেয়েছিলেন। আব্বু আমার সঙ্গে বৈঠকের একপর্যায়ে বিভিন্ন তথ্য দিয়ে নিরুৎসাহিত করার যতই চেষ্টা করছিলেন, ততই দ্বিগুণ বেগে আমার উৎসাহ বেড়ে চলছিল। আব্বু-আম্মু আমাকে বোঝাচ্ছেন এই বলে, ‘তুমি জানো, মুসা আরেকটু হলেই মরে যেত। সে ১০ বছর ট্রেনিং করেও এত বিপদে পড়েছে, আর তুমি তো কিছুই জানো না, সেখানে অক্সিজেনের অভাব, খাড়া পাহাড়, প্রতি পদক্ষেপে মৃত্যুর হাতছানি। এত সোজা নয় যেমনটা ভাবছ, আবেগের ব্যাপার না, তোমার মতো মেয়েরা কোনো দিনও যেতে পারবে না, ঝোঁকের ব্যাপার না ইত্যাদি ইত্যাদি।’ এসব শুনে ভেতরে আরও জেদ চেপে বসল। যে করেই হোক আমাকে জয়ী হতেই হবে।এভারেস্ট জয়ের ইচ্ছা আরও বেগ পেল আমার দু-তিনজন বন্ধুর প্রবল উৎসাহে। মুসা ইব্রাহীমকে ফেসবুকে মেসেজ পাঠালাম, ‘আমি এভারেস্টে যেতে চাই। কী করে আমি এই অভিযানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারব?’ এখনও তাঁর উত্তরের অপেক্ষায় আছি।ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলাম, ‘মুসা ইব্রাহীমের মতো রোমাঞ্চকর অভিযানে বেরিয়ে পড়তে ইচ্ছে করছে।’ আব্বু মন্তব্য করেছেন, ‘হুট করে বেরিয়ে পড়তে চাইলে মুসাকে বলো, সে যেন এভারেস্টে আগে ওঠে, তারপর দড়ি দিয়ে বেঁধে তোমাকে টেনে তোলে। এ ছাড়া বিকল্প হলো দার্জিলিংয়ে গিয়ে কমপক্ষে এক বছর ট্রেনিং নেওয়া।’ জবাবে লিখেছিলাম, ‘হা হা হা! হ্যাঁ, তাই করতে হবে। আমি প্রস্তুতি নিচ্ছি। আমি তোমার সাজেশনই ফলো করব। তবে অবশ্যই দ্বিতীয়টা।’ সানজিদা কাঁকন, শিক্ষার্থী, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম।[email protected]