স্বপ্ন নিয়ে পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।এভারেস্টসহ যেকোনো পর্বতারোহণ হলো একটা দলবদ্ধ প্রক্রিয়া। সেখানে শেরপারা যতটা না ভূমিকা রাখেন, তার চেয়ে আরোহীদের ব্যক্তিগত সহযোগিতার মনোভাবটা ক্ষেত্রবিশেষে অমূল্য ঠেকে প্রায়শই। আমাদের মতো দেশে যেখানে পর্বতারোহণের সংস্কৃতিটা একেবারে নতুন, যেখানে বিষয়টি সবাইকে বোঝাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, সেখানে পর্বতারোহণ আয়োজন করা পর্বতারোহণ করার চেয়েও কঠিন হয়ে পড়ে। এনএসিবির সদস্যদের এমনও দিন গেছে, যখন কোনো এক প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে দেখা করে পর্বতারোহণে সহযোগিতা চাওয়ার উদ্দেশে সে প্রতিষ্ঠানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় পার করে দিয়েছেন। বহু কষ্টে কারও সঙ্গে দেখা হওয়ার পর তাঁকে বিষয়টি বুঝিয়ে বলার পর মুখের ওপরই সহযোগিতা না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।অনেক কষ্ট করে লাংসিসা রি অভিযান আয়োজনের পর অভিযান শেষে এমন কিছু ঘটনা ঘটেছিল যে সারিন আর কোমলের কাছ থেকে ধার করা অর্থ সময়মতো ফেরত পাঠানো যায়নি। এ জন্য তাদের ই-মেইল, ফোন ইত্যাদি যখন পেতাম, তাতে মরমে মরে যাওয়ার মতো অবস্থা হলো।এ সময়ে অন্যান্য সংগঠনের কিছু সদস্য এমন মত প্রকাশ করা শুরু করলেন যে এনএসিবি যেভাবে এভারেস্ট অভিযানের জন্য দল গঠন করছে, পর্বতাভিযান আয়োজন করছে, তাতে সঠিক নেতৃত্বের অভাব রয়েছে এবং প্রকৃত নেতৃত্বের হাতে বিষয়টি না গেলে এভারেস্ট অভিযান আমাদের অধরাই থেকে যাবে। এভারেস্ট অভিযানে যাওয়ার হয়তো আর বছর দেড়েক বাকি। কিন্তু অন্যান্য সংগঠনের সদস্যদের নানা কর্মকাণ্ডে এনএসিবির উদ্যোগে এভারেস্ট অভিযানের জন্য সম্মিলিত উদ্যোগ গড়ে তোলার চেষ্টা ব্যাহত হলো। ব্যর্থ হলেও জেদ চেপে গেল যে পারফরম্যান্স দিয়েই এসব পরিস্থিতি উতরে যেতে হবে। এ সময় নর্থ আলপাইন ক্লাব-বাংলাদেশের (এনএসিবি) সদস্যরা সিদ্ধান্ত নিলাম যে কোনো সংগঠন নিজেরা এভারেস্ট অভিযান আয়োজন করলে করুক। কিন্তু এনএসিবির জন্মই হয়েছে এভারেস্ট অভিযান করার লক্ষ্যে এবং ২০১০ সালের মধ্যেই তা করা হবে—এটা ঘোষিত ব্যাপার। এই লক্ষ্য থেকে এনএসিবির সদস্যদের কাউকে টলানো কঠিন—জেদ আরও প্রখর হলো।২০০৯ সালের মার্চ মাসে এসবের মধ্যেই এনএসিবির পরবর্তী লক্ষ্য অন্নপূর্ণা ফোর পর্বতাভিযানের উদ্যোগ এগিয়ে যাচ্ছিল। অন্নপূর্ণা ফোরের জন্য দলের গঠন কেমন হবে, কারা এবারের অভিযানে যাবেন, কোন সময়ে অভিযান পরিচালনা করা হবে ইত্যাদি বিষয় নিয়ে ক্লাবে একের পর এক সভায় প্রয়োজনীয় কর্তব্য নির্ধারণ করা হলো।এভারেস্ট অভিযানে যেতেই হবে, তার আগে প্রয়োজন আরও কিছু পর্বতাভিযানে গিয়ে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন। এনএসিবির সবাই এ ব্যাপারে এককাট্টা। বিশেষ করে যাঁরা পর্বতারোহণের সঙ্গে সরাসরি জড়িত নন, ক্লাবের এই সদস্যরাও নিঃস্বার্থভাবে এগিয়ে এলেন। নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশকে সরকারের কাছে নিবন্ধিত করা হলো। এ সময় সভাপতি হিসেবে কবি ও সাংবাদিক আনিসুল হক, সহসভাপতি হিসেবে মুনির হাসান ও ফখরুল আবেদিনকে নিয়ে গড়ে তোলা হলো সাংগঠনিক কাঠামো। আরও থাকলেন মোস্তাফিজুর রহমান, এম এইচ জায়েদী, রাফেহ উদ্দীন সিরাজী, তৌহিদ হোসেন, মাহবুবা রহমান ও আমি। উদ্দেশ্য ছিল, এভারেস্ট অভিযানটাকে একটা সর্বজনীন রূপ দেওয়া।এ সময় আমার পরিবারের সবারই ধারণা ছিল, আমি নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি। আর ঘর-সংসারের দিকে, পেশার দিকে মনোযোগ না দিয়ে, ভালো চাকরি না করে নিজেকে ধ্বংস করে দিচ্ছি। পবর্তারোহণ তো কোনো সুস্থ চিন্তার অধিকারী সভ্য মানুষের কাজ নয়, তাই আমার নিজের দিকে মনোযোগ দেওয়া উচিত। তখন ভাবছিলাম, চাকরি আর পর্বতারোহণ ফের একসঙ্গে করা যায় কি না। কাকতালীয়ভাবে আমার ভাবনার সঙ্গী হলেন সৈয়দ আশফাকুল হক, দ্য ডেইলি স্টার-এর প্রধান বার্তা সম্পাদক। সংক্ষিপ্ত পরীক্ষা শেষে তিনি যখন চাকরির জন্য মনোনীত করলেন, তাঁকে বললাম আমার লক্ষ্যের কথা এবং জানালাম, চাকরি নিলে পর্বতারোহণের জন্য মাঝেমধ্যেই ছুটির প্রয়োজন হবে। তখন ছুটি দিতে পারলে তবেই চাকরিতে নেওয়ার অনুরোধ করলাম। অভয় দিয়ে তিনি রাজি হলেন। এরপর এক নতুন জীবন শুরু হলো। সবকিছুতেই আত্মবিশ্বাস ফিরে পাওয়া শুরু হলো। দিনে এভারেস্ট অভিযানের আগাম পদক্ষেপ অন্নপূর্ণা ফোর পর্বতের জন্য প্রস্তুত হওয়া আর রাতে চাকরি—এভাবেই চলতে লাগল জীবন। এ সময় নিজেকে দিয়ে যে সবকিছু সম্ভব—এমন বিশ্বাস জোরালো হলো। আশফাক ভাই আমাকে কৃতজ্ঞতার বন্ধনে জড়ালেন।অন্নপূর্ণা ফোর পর্বতাভিযানের জন্য শুরুতে চারজনের দল চিন্তা করা হলো—তাওহীদ হোসেন, রাফেহ উদ্দীন সিরাজী, আমি ও আরেকজন। কে হতে পারে সেই জন? বহু চিন্তা করে এ দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পর্বতারোহী ধ্রুব জ্যোতি ঘোষকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো। পঞ্চাশোর্ধ্ব এই পর্বতারোহী কিন্তু মনের দিক থেকে তরুণ। তাঁর স্বতঃস্ফূর্ত মনোভাব দলের স্পিরিট বাড়িয়ে তুলবে—এমন আশা ছিল সবার। সব মিলিয়ে চারজনের দলের অন্নপূর্ণা ফোর পর্বতারোহণের খরচ দাঁড়াল প্রায় ৩৬ লাখ টাকা। বহু দিক থেকে অসম্ভব একটা অঙ্ক। কিন্তু চিন্তাতেই হেরে গেলে চলবে না—সবার কাছে গিয়ে কেউ সহায়তা না করলে তবেই হার স্বীকার করব—এমন প্রতিজ্ঞা করলাম। চেষ্টা না করার আগে হার নয়। [email protected]বাকি অংশ আগামী পর্বে