এভারেস্ট: মনের সঙ্গে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন নিয়ে পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের সদস্যদের নিয়ে লাউয়াছড়া বন, চন্দ্রনাথ বা বান্দরবানের পাহাড় অথবা সমুদ্রে কোনো অভিযানে গিয়ে একাকী সময় পেলেই নিজেকে প্রশ্ন করতাম, আমি আসলে কী করতে চাই? কোথায় গেলে বা কী করলে মনে প্রশান্তি আসবে? আমার জীবনের লক্ষ্যটাই বা কী? উত্তরে খুঁজে পেতাম চ্যালেঞ্জ গ্রহণের রসদ। মনকে বলতাম, একলা পথ চলা যখন শুরু হয়েছে, তখন এর শেষটা দেখে তবেই থামব।২০০৭ সালের শুরুতে জীবনে আরেকটা পরিবর্তন এল। জীবনসঙ্গিনী হিসেবে উম্মে সরাবন তহুরা রিমিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। একটা সংবাদপত্রে সাংবাদিকতার সূত্রে তার সঙ্গে পরিচয়। রিমির সঙ্গে পরিচয়ের পর বুঝতে পারলাম, আমি যে ধাঁচের ছেলে এবং আমার যেসব কর্মকাণ্ড, তা সে পছন্দই করে। সেই পছন্দটাই জানুয়ারি মাসে পারিবারিকভাবে বিবাহে গড়াল।বিয়ে দিয়ে আটপৌরে জীবনে বেঁধে ফেলতে পারলেই ছেলের মাথা থেকে পাহাড়-পর্বত বা বাউন্ডুলেপনার ভূত দূর হয়ে যাবে—এমন চিন্তাভাবনাতেই আটকে ছিলেন বাবা-মা। কিন্তু এমন যখন হলো না, এদিক-ওদিক হঠাৎ উধাও হয়ে যাওয়া যখন বন্ধ হলো না, তখন তাঁরা আমার শ্বশুরবাড়ির শরণাপন্ন হলেন। তাঁরাও সমানভাবে বোঝাতে চেষ্টা করেছিলেন যে পর্বতারোহণে কত বিপদ ওত পেতে আছে এবং আমার আসলে সংসারের দিকেই মন দেওয়া উচিত। তাঁদের কথা খুবই মন দিয়ে শুনতাম এবং আমার জীবনের লক্ষ্যটাও তাঁদের বোঝানোর চেষ্টা করতাম। ফলটা হতো এমন—দুই পক্ষই তাদের অবস্থানে অনড়। ফলে আমাকে আটপৌরে জীবনে আটকে ফেলার চেষ্টা কোনো সমাধান ছাড়াই শেষ হতো। জীবন নিয়ে একটা পণ তখনই করে রেখেছিলাম, আটপৌরে জীবন আমার জন্য নয়, নয়টা-পাঁচটা চাকরি করার জন্য আমার জন্ম হয়নি। এবং বউ-ছেলে-মেয়ে-সংসার—এতটুকুর মধ্যে জীবন পার করে দেওয়ার মানসিকতা আমার নেই। আমি বাঁচলে অ্যাডভেঞ্চারের সঙ্গেই বাঁচব।এ সময় সংবাদপত্রে কাজ করার সুবাদে জন গডার্ড নামের এক আমেরিকানের জীবনবৃত্তান্ত জানার সুযোগ হলো। তাঁর নিজের লেখা বইতে পড়ছিলাম বিশ্বখ্যাত অ্যাডভেঞ্চারবাজ, বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ প্রেরণাদাতা বক্তা ও টার্গেট অর্জনকারী ইত্যাদি সব বিশেষণ। বইটির গভীরে গিয়ে জানা গেল, এই আমেরিকান মাত্র ১৫ বছর বয়সে মোট ১২৭টি লক্ষ্য অর্জনের জন্য তালিকাবদ্ধ করেন। এভারেস্টসহ ১৬টি পর্বত জয় থেকে শুরু করে বিশ্বের দীর্ঘতম আটটি নদী (নীলনদ, আমাজন, রিও ইত্যাদি) পাড়ি দেওয়া, ১২টি দেশের আদিবাসীদের নিয়ে লেখাপড়া করা, বিশ্বখ্যাত জলপ্রপাতের ফটোগ্রাফি করা, বিশ্বখ্যাত দ্বীপ ও জলাশয়ের গভীরে অনুসন্ধানী অভিযান চালানো, বিশ্বের সপ্তাশ্চর্যসহ মেরু অঞ্চল ঘুরে দেখা, বিশ্বখ্যাত হ্রদে সাঁতার কাটাসহ সাবমেরিন চালানো, ফাইটার জেট চালানো, বিয়ে করে সন্তানের বাবা হওয়া ইত্যাদি সবই ছিল এই তালিকায়। ১৯৪৫ সালের ১৩ আগস্ট জন্মলাভকারী জন গডার্ড ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে নৃতত্ত্ব ও মনোবিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করলেও তিনি বিশ্বের সব অজানা সংস্কৃতি সম্পর্কে নিজস্ব গবেষণা শেষ করেছেন। এ পর্যন্ত তিনি ১০৯টি লক্ষ্য অর্জন করেছেন।জন গডার্ডের দি সারভাইভার বইটি পড়ে অনুপ্রাণিত হয়ে মানসিক দৃঢ়তা বেড়ে গিয়েছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম—নিজ সাধ্যে কুলায়, এমন অ্যাডভেঞ্চারসহ সব ধরনের চ্যালেঞ্জপূর্ণ কাজ আমি করব।সবার পক্ষে কি এ ধরনের কাজ করা সম্ভব, বিশেষ করে যাঁরা ঘর-সংসার নিয়ে থিতু হয়েছেন? এমন প্রশ্ন করে অনেক শুভাকাঙ্ক্ষী যখন আমার পারিবারিক পরিস্থিতিকে ইঙ্গিত করতেন, তাঁদের তখন ১৯৮৬ সালের বিশ্বকাপে ব্রাজিলের রোমারিও-বেবেতো জুটির কথা মনে করিয়ে দিয়ে বলতাম, দেখুন তো একটা দৃশ্যের কথা মনে পড়ে কি না—বেবেতো একটা গোল করার পর মাঠেই তা উদ্যাপনের সময় দুই হাত কোলের মতো করে দোলাতেন। মনে পড়ে? কারণটা কী জানেন? সে সময় তাঁর একটা ছেলে হয়েছিল। দুটো অর্জনকেই তিনি এভাবে উদ্যাপন করতেন।আরও বলতাম, তাঁরা যদি এভাবে ঘর-সংসার ছেড়ে দেশের বাইরে খেলতে যেতে পারেন, তাহলে আমরা বা আমি গেলে ক্ষতি কী? এই শুভাকাঙ্ক্ষীরা যখন ফের বলতেন, তার পরও ঘর-সংসার ফেলে এভাবে পর্বত অভিযানে কি যাওয়া যায়? এ সময় তাঁদের সঙ্গে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলতাম।রিমি শুধু বলত, একটা ভালো চাকরি করে তুমি যা খুশি করো বা পর্বত অভিযানে যাও। কেউ তখন কিছু বলবে না।কিন্তু বিধিবাম। ২০০৭ সালের এপ্রিলে আমি চাকরি হারালাম। তবে এ সময় আল্লাহ সহায় হলেন। একটা বিদেশি সংস্থায় খণ্ডকালীন চাকরি জুটল। সেটার মেয়াদও যখন শেষ হয়ে এল, তখন দিশেহারা হয়ে গেলাম। বাবা-মা অথবা শ্বশুরবাড়ির কেউ বিষয়টা যাতে ঘুণাক্ষরেও না জানে, সে জন্য রিমি আর আমার বোন নূর আয়েশা মনিকে ব্যাপারটা জানিয়ে রেখেছিলাম। এ সময় নিজ সংসারের যতটুকু দেখভাল করা প্রয়োজন, তা অবশ্য করা হয়ে ওঠেনি। বুঝতে পারতাম, রিমিও আমার অবস্থার কথা চিন্তা করে তার চাওয়া-পাওয়াগুলোকে মাটিচাপা দিয়ে রেখেছিল। অনেক সময় কষ্টে বুক ভেঙে যেত। এ সময় চাকরি খুঁজব, না আমার লক্ষ্যের কথা ভাবব—এসব চিন্তা করে অস্থির বোধ করতাম। তবে এর বহিঃপ্রকাশ ঘটত না কখনোই। মুখে সব সময় একটা হাসি ঝুলিয়ে রাখতাম।তবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ঝুঁকি নেব। না হলে আমার লক্ষ্য অর্জন হবে না এবং নিজেই কোনো চাকরিতে গলা ঢুকিয়ে দেব না, যতক্ষণ না সেটা আমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। কারণ ফ্রে পর্বত জয় করে দেশে ফেরার পর আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যে আচরণ করেছিলেন, তা মনে করলে এখনো অপমানে গা জ্বলে। নতুন চাকরিতে আর যেন এমন না হয়, সে জন্য বুঝেশুনে নতুন চাকরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারও কাছে হাত পাততে নয়।আর মনকে এটা বলেও প্রবোধ দিতাম, যদি আমি ষাট বছর বয়স পর্যন্ত বাঁচি, সে তুলনায় আমার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় দুই-তিন মাস বা বছর কোনো বিষয় নয়। এতটুকু সময় যদি লাগে, তাহলে আমি তা-ই করব। তাতে দুই-তিন মাস পরেও যদি চাকরি জোটে তো জুটুক। সিদ্ধান্ত নিলাম, একটা অর্জন নিয়ে বেঁচে থাকব। আলুনি হয়ে নয়। (বাকি অংশ পরবর্তী পর্বে)