এভারেস্ট থেকে নামলে ৮ কেজি বর্জ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব এভারেস্ট অভিযানেই বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার, মানব-বর্জ্যসহ নানা ব্যবহার্য দ্রব্য শেষ পর্যন্ত পড়ে থাকে এভারেস্টেই।
সব এভারেস্ট অভিযানেই বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার, মানব-বর্জ্যসহ নানা ব্যবহার্য দ্রব্য শেষ পর্যন্ত পড়ে থাকে এভারেস্টেই।

বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে নেপাল সরকার। নতুন এই নীতিমালা না মানলে পর্বতারোহীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। হতে পারে জরিমানা কিংবা অন্য শাস্তিও। এ নীতিমালা অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট থেকে নেমে আসার সময় প্রত্যেক পর্বতারোহীকে নিজের ব্যবহারের জিনিসপত্রের বাইরে অতিরিক্ত কমপক্ষে ৮ কিলোগ্রাম বর্জ্য দ্রব্য সঙ্গে করে বয়ে আনতে হবে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এ বছরের এপ্রিল থেকেই পর্বতারোহণ এবং পর্যটনের এইসব নিয়ম-কানুন কার্যকর করতে যাচ্ছে নেপাল। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা মধুসূদন বুরলাকতি জানিয়েছেন, এভারেস্টের ‘বেইজ ক্যাম্প’ পার হয়ে আরও ওপরে উঠবেন এমন সব পর্বতারোহীর ওপরই নেমে আসার সময় বর্জ্য বয়ে আনার এই নিয়ম প্রযোজ্য হবে।
মধুসূদন বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে মাউন্ট এভারেস্টকে পরিচ্ছন্ন রাখতে সব অভিযানের প্রত্যেক সদস্যকেই নিজের আবর্জনার পাশাপাশি অতিরিক্ত আরও ৮ কিলোগ্রাম বর্জ্য বয়ে আনতে হবে।’

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ৮,৮৪৮ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং অন্যান্য স্থানে পর্যটনই নেপালের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উত্স। ছবি: রয়টার্স
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ৮,৮৪৮ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং অন্যান্য স্থানে পর্যটনই নেপালের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উত্স। ছবি: রয়টার্স

দশকের পর দশক ধরে এভারেস্টে পর্বতারোহী এবং নানা ধরনের পর্যটকের ভিড় ক্রমাগত বাড়ছেই। প্রত্যেক অভিযানেই পর্বতারোহীরা বিপুল পরিমাণ দ্রব্য সঙ্গে করে নিয়ে যান বিশ্বের এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গে। কিন্তু ওজন বয়ে পর্বতে ওঠার মতোই ওজন বয়ে নেমে আসাটাও বেশ কষ্টকর বলে অনেক ক্ষেত্রেই পর্বতারোহীরা অপ্রয়োজনীয় দ্রব্য ফেলে আসেন সেখানে।
প্রচণ্ড ঠান্ডার কারণে এভারেস্টে প্রায় কোনো কিছুই নষ্ট হয় না, পচে না। পর্বতারোহীদের ফেলে আসা এমন জিনিসপত্র, আবর্জনার মধ্যে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে মানব-বর্জ্য, নষ্ট হয়ে যাওয়া পর্বতারোহণ দ্রব্যাদিও থাকে। আর দুর্ঘটনায় বা কোনোভাবে কেউ মারা গেলে সেই পর্বতারোহীর মৃতদেহও রয়ে যায় এভারেস্টে, ঠান্ডার কারণে তা পচেও না।
অনেক দিন ধরেই নিয়ম আছে যে, এভারেস্ট অভিযানে পর্বতারোহীরা যেসব দ্রব্য সঙ্গে করে নিয়ে যাবেন, তার সবই নেমে আসার সময় তাঁদের ফেরত নিয়ে আসতে হবে। পর্বতাভিযানের সময় এজন্য ৪,০০০ মার্কিন ডলার জমাও রাখতে হয়। কিন্তু বিষয়টির তদারকি এবং তার প্রয়োগ নিয়ে প্রায়ই ঝামেলা হয়। এ পরিস্থিতিতে এপ্রিল থেকে নতুন নীতিমালা কার্যকর করতে এভারেস্টের বেইজ ক্যাম্পে একটি নতুন দপ্তর খোলা হচ্ছে।

এদিকে, এভারেস্টসহ হিমালয়ের অন্যান্য পর্বতশৃঙ্গে আরোহণের ক্ষেত্রে একক পর্বতারোহীদের জন্য প্রদেয় ফির পরিমাণ কমিয়েছে নেপাল। কিন্তু অর্থের পরিমাণ কমিয়ে দেওয়ায় তা পর্বতারোহী এবং পর্যটকদের ভিড় বাড়াবে এবং তাতে ময়লা-আবর্জনা বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছিলেন অনেকেই।

নেপালের পর্যটন মন্ত্রণালয় আশা করছে, নতুন এই নীতিমালা কার্যকর করতে পারলে তা এভারেস্টসহ হিমালয় পর্বতমালার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ সাফল্য বয়ে আনবে। নতুন এই নীতিমালা যথাযথভাবে প্রয়োগ ও কার্যকর করতে এভারেস্ট বেইজ ক্যাম্পসহ কয়েকটি জায়গায় এখন থেকে সেনাসদস্য এবং আরও পুলিশ মোতায়েন করা হবে।