এভারেস্টে মুহিত
একবার ওপরের দিকে তাকালেন মুহিত। এভারেস্টের চূড়া থেকে মাত্র ১০০ মিটার নিচে তিনি। একটু আগেই একজন পর্বতারোহীর মৃতদেহ দেখেছেন। এভারেস্ট শৃঙ্গে ওঠার আগেই লোকটি মারা গেছেন। মুহিতের শরীরে ক্লান্তি এসে ভর করেছে। পা আর চলছে না। এখন কী করবেন মুহিত? তাহলে কি নেমে যাব—নিজের কাছে মুহিতের প্রশ্ন। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, রওনা দেওয়ার আগে আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের শেষ কথাটি, ‘মরার আগে মরলে চলবে না।’ এই কথাটিই মুহিতের ক্লান্ত শরীরে শক্তি এনে দিল। ‘শক্তি ফিরে পেলাম। আবার এগিয়ে চললাম। অবশেষে ২১ মে সকাল সাতটার সময় পৌঁছালাম রাজ্যের বিস্ময় নিয়ে অপেক্ষা করা এভারেস্টের চূড়ায়। মনে পড়ছিল টাইটানিকের নায়ক জ্যাকের সেই সংলাপটি, ‘আই অ্যাম আ কিং ইন দ্য ওয়ার্ল্ড’—এভাবেই এভারেস্ট জয়ের কথা শোনাচ্ছিলেন এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি মোহাম্মদ আবদুল মুহিত। ২.ছোটবেলা থেকে পুরান ঢাকায় বেড়ে ওঠা এই ছেলেটি সারাক্ষণ মেতে থাকত বন্ধুদের নিয়ে বাসার ছাদে নানা রকম খেলায়। চৈত্রসংক্রান্তিতে তো ঘুড়ি ওড়ানো আর ঘুড়ি সংগ্রহ করা ছিল তার একমাত্র কাজ। স্কুল ছুটিতে সবার সঙ্গে গ্রামের বাড়ি গেলে মুহিতকে আর খুঁজেই পাওয়া যেত না। সারা দিন মেতে থাকত ডাংগুলি বা ফুটবল খেলায়। গাছে চড়ার বাতিক ছিল মুহিতের। দূর থেকে দৌড়ে এসে হঠাৎ করে নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে ছাড়িয়ে যেত সবাইকে। দেখে বোঝাই যেত না সে শহুরে ছেলে। মাঝিকে উঠিয়ে দিয়ে নিজেই নৌকা বেয়ে চলত মনের আনন্দে। তবে টাকা ঠিকই দিয়ে আসত মাঝিকে। দাদা একবার জিজ্ঞেস করেছিলেন, ‘তোর এত আকাশের দিকে নজর কেন রে?’ উত্তরে মুহিত জানায়, ‘আমি ওই আকাশের মতো উঁচুতে উঠতে চাই। আমার মন সব সময় ওপরের দিকেই যেতে চায়।’ দাদা হেসে বলতেন, ‘তুই পারবি।’ ‘সারা দিন দস্যিপনা করলেও লেখাপড়ায় মুহিত ছিল যথেষ্ট ভালো। নিজের পড়া নিজেই শেষ করত। ঘরের কাজ গুছিয়ে রাখে সব সময়। তাই ওকে বকাঝকা করার সুযোগ পেতাম না।’ জানান মুহিতের মা আনোয়ারা বেগম। পোগোজ স্কুলের গণ্ডি পেরিয়ে ১৯৮৫ সালে মুহিত ভর্তি হন নটর ডেম কলেজে। বাণিজ্যের শিক্ষার্থী হওয়ায় বেছে নেন বিজনেস ক্লাব। কিন্তু কলেজ ছুটি হলেই বন্ধুদের নিয়ে চেপে বসতেন ট্যুরিস্ট বাসে, শহরের আশপাশটা ঘুরে দেখতে। এতে করেই আশপাশের সব দর্শনীয় এলাকা চষে বেড়াতেন। প্রিয় বই ছিল অ্যাডভেঞ্চারের। সিটি কলেজ থেকে পড়াশোনার পাট চুকিয়ে চাকরির প্রতি তেমন মনোযোগী হতে পারেননি।ছেলের বিজয়ে আনন্দাশ্রু বাবা মনোয়ার হোসেনের চোখের কোণে। ‘ছেলে আমার বারবার ছুটে যেত পাহাড়ের টানে। সারা দিন মাথার মধ্যে ছিল একটাই চিন্তা। তাই আর বাধা দিতাম না। সে যে আমার ছেলে, এটা ভেবে এখন গর্বে বুকটা ভরে উঠছে।’ এমন ছিল সন্তানের আনন্দে বাবার অনুভূতির বহিঃপ্রকাশ।সাত ভাইবোনের মধ্যে ভাইদের দিক থেকে মুহিত বড়। ভাইয়ের সাফল্যে বোন রাবেয়া বেবীর আনন্দ ছিল আরও বেশি, কারণ প্রায় ১০ বছর ঈদের দিনটিতেও কাছে পায়নি ভাইটিকে। পাবে কী করে? ছুটি পেলেই তো সে চলে যায় পাহাড়ে। হোক না সে ঈদের দিন। এবার নিশ্চয় পাবে।৩.মুহিত প্রথম জয় করে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ১৯৯৭ সালে। এর আগে তো একবার কুমিল্লায় পিকনিকে গিয়ে ছোট ছোট টিলাকেই সে পাহাড় ভেবে বসে। দৌড়ে গিয়ে উঠেও আসে কয়েকবার। এরপর নেশায় পেয়ে বসে পাহাড়ে ওঠা। এ পর্যন্ত ছয় হাজার মিটারের পাঁচটা এবং আট হাজার মিটার উচ্চতার দুটি পর্বতে ওঠা শেষ। গায়ে শক্তি থাকা পর্যন্ত পাহাড়-পর্বত ছেড়ে এক পা নড়তে নারাজ মুহিত।‘গত বছর হিমালয়ের একটা চূড়া জয় করার পর তার নাম দিই নেপাল-বাংলাদেশ মৈত্রী শিকল। আমার তো ইচ্ছা, আমাদের দেশের তরুণেরা একের পর এক পর্বতে বাংলাদেশের পতাকা তুলে ধরবেন। আর বদলে দেবে বাংলা অভিধানের ‘ঘরকুনো ছেলে’ নামটি।’— দৃঢ়তার সঙ্গে মুহিতের উচ্চারণ।এভারেস্ট জয়ের নেশায় ২০০৩ সালে গড়ে তোলা বাংলা মাউন্টেনিয়ারিং ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য হিসেবে মুহিত জয় করেন এভারেস্ট। গত বছরও তিনি এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফিরে এসেছিলেন। ক্লাবের সভাপতি ইনাম আল হক উচ্ছ্বসিত কণ্ঠে জানান, ‘মুহিতের মধ্যে একনাগাড়ে লেগে থাকার প্রবণতা ছিল। ও বছরের দুটি সময়কেই কাজে লাগাত। আমার দীর্ঘদিনের স্বপ্ন সার্থক করেছে মুহিত। সুতরাং এ ভালো লাগা পরিমাপের নয়।’৪.এভারেস্টে ওঠার বর্ণনায় মুহিতের মুখে শোনা গেল ভয়ংকর সেই ২৯টি দিনের কথা। ‘এভারেস্ট যাত্রা মানেই মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে অভিযাত্রা। দুই দিক দিয়ে ওঠা গেলেও আমি বেছে নিয়েছিলাম তিব্বত অংশ। এই অংশে পাথরের ওপর দিয়ে হাঁটা অনেক কঠিন ছিল, তার ওপর ঠান্ডা তো আছেই। ৭০০ মিটার উঠে পড়লাম ঝড়ের কবলে। যাত্রায় একটু বিরতি দিলাম। আমার সঙ্গে ছিলেন পাঁচজন শেরপা এবং আর একজন আরোহী। প্রতি পদক্ষেপ চলেছি সাবধানে। ক্লান্তি শরীরে ভর করলেও মনের কোণে ঘেঁষতে দিইনি মুহূর্তের জন্য। অনেক লাশের দেখা পেলেও বোধ কাজ করত না। মাথায় তখন একটাই চিন্তা—চূড়ায় উঠতেই হবে। হাল ছাড়া মানেই মৃত্যুকে আপন করে নেওয়া। এভাবেই ২১ মে সকাল সাতটায় উঠে গেলাম এভারেস্টের চূড়ায়। বেশ কিছুক্ষণ চূড়ার ওপরে ছিলাম। নামতে গিয়ে দেখলাম, ওঠার থেকে নামাটা বেশি কঠিন। তবে বিজয়ের আনন্দ তখন সবকিছুকে ছাপিয়ে গেল। মনে পড়ছিল দেশের কথা, মায়ের মুখ, আমার গুরু ইনাম আল হকের মুখ। সব প্রতিকূলতা কাটিয়ে শেষে ২২ মে নেমে এলাম অ্যাডভান্স বেস ক্যাম্পে। এখানে এসেই কথা বললাম আমার গুরু এবং মা-বাবার সঙ্গে। আনন্দে চোখ ভিজে গেল। ২৪ মে বিকেলে সার্টিফিকেট পাওয়ার পর মনে হলো, আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সনদ হাতে পেলাম, যে অর্জন দেশের জন্য।’৫.পৃথিবীর সবচেয়ে বড় পর্বত জয় করা হলেও মুহিতের অভিযান থেমে থাকবে না। এ বছরই ক্লাবের অন্য কয়েকজনের সঙ্গে আবার নতুন পর্বতে যাওয়ার ইচ্ছা আছে তাঁর। আয়োজন করবেন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে নানা কর্মশালা। তরুণদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন চিন্তা আছে তাঁর, ‘আমার মনে হয়, ধূমপান বা অসামাজিক কাজের পথে না গিয়ে তারুণ্যের প্রকাশ ঘটুক অ্যাডভেঞ্চারে, নব নব আবিষ্কারের মধ্য দিয়ে—যেসব আবিষ্কার দেশের জন্য গৌরব বয়ে আনবে।’