এভারেস্টের পর মানাসলু
বাতাসে কান পাতলে পাহাড়চূড়ার ডাক শুনতে পান এম এ মুহিত। তখন সব কাজ ভুলে ছুটে যান পাহাড়ের কাছে। যদিও জানেন, পাহাড়ের গায়ে গায়ে লেপ্টে আছে ‘দুর্ঘটনা’, ‘ঝুঁকি’, ‘মৃত্যুভয়’ ইত্যাদি অবশ্যম্ভাবী শব্দের উৎপাত। তবু ভালোবাসা বলতে এখনো পাহাড়কেই বোঝেন তিনি, ঘৃণা বলতে এখনো পাহাড়কেই। তাই তো সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের (২১ মে ২০১১) পরও শান্ত হয়নি তাঁর অভিযাত্রী মন; এ বছরের ১১ অক্টোবর জয় করলেন ‘মানাসলু’। আর এভারেস্টের আগে ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর পদানত করেছেন বিপৎসংকুল ‘চো ইয়ো’।মুহিতের এই দুঃসাহসিক অর্জন সম্পর্কে পথিকৃৎ অভিযাত্রিক ইনাম আল হক বলেন, ‘মুহিতই একমাত্র বাঙালি, যে কিনা আট হাজার মিটারের বেশি উচ্চতার তিনটি পাহাড় জয় করতে সক্ষম হয়েছে। আর এ তিনটির একটি আবার মানাসলুর মতো ভয়ংকর বিপজ্জনক পাহাড়। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের এভারেস্টজয়ী অভিযাত্রীদের কারও এমন অর্জন নেই। গত ৫০ বছরে দুই বাংলার কোনো বাঙালি তিনটি শীর্ষ পর্বত জয় করতে পারেনি।’মুহিত জানান, পৃথিবীতে এ রকম আট হাজার মিটারের বেশি উচ্চতার পাহাড় রয়েছে সব মিলিয়ে ১৪টি। তার মধ্যে কেবল প্রথম, ষষ্ঠ আর অষ্টম নম্বরটি জয় করতে পেরেছেন তিনি। বাকি রয়েছে এখনো ১১টি।এ তিনটি ছাড়াও মুহিত আরও পাঁচটি শীর্ষ পাহাড় জয় করেছেন, যার সব কটির উচ্চতাই ছয় হাজার মিটারের ওপর। আর দেশীয় পাহাড় কেওকারাডং, তাজিংডং ও চন্দ্রনাথে যে কত অসংখ্যবার উঠেছেন, তা আর এখন আঙুলে গুনে শেষ করতে পারেন না।সেই যে ১৯৯৭ সালে মুহিতরা ১২ জন বন্ধু মিলে দেখতে গিয়েছিলেন মাধবকুণ্ড জলপ্রপাত। সেখানে গিয়ে মনে প্রশ্ন জেগেছিল, এ ঝরনার উৎসস্থল কোথায়? উত্তর খুঁজতে ১২ বন্ধু উঠে পড়েছিলেন মাধবকুণ্ড জলপ্রপাতের ওপরের ছোট্ট পাহাড়ে। সেই প্রথম মুহিতের কোনো উচ্চতম স্থানে ওঠা এবং সেই প্রথম তাঁর পাহাড়ের প্রেমে পড়া। তবে সেই পাহাড়-প্রেমের আগুনে নাকি ঘি ঢেলেছেন পথিকৃৎ অভিযাত্রিক ইনাম আল হক।‘পাখি দেখার নেশা আমার ছোটবেলা থেকেই। সেই নেশায় পাহাড়ে-জঙ্গলে ঘুরে বেড়াতাম। ইনাম ভাইয়ের ছিল পাখি দেখা ক্লাব। সেই সুবাদে তাঁর সঙ্গে পরিচয় হলো আমার। তারপর কেমন করে জানি আমার রক্তে পাহাড়ে ওঠার নেশা ঢুকিয়ে দিলেন তিনি।’ বলছিলেন মুহিত। সেই নেশা কতটা প্রকট তা-ও বলেন মুহিত, ‘২০০০ সাল থেকে পরিবারের সঙ্গে ঈদ করা সম্ভব হয়ে ওঠে না। কারণ, ঈদের ছুটির পুরোটাই খরচ করি পাহাড়ে পাহাড়ে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং ম্যানেজার ছিলাম। সেই চাকরিও ছেড়েছি পর্বতপ্রীতির কারণে।’পোগজ স্কুল থেকে মাধ্যমিক, নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক আর সিটি কলেজ থেকে বিকম পাস করেছেন মুহিত।প্রতিবার পর্বতারোহণের সময় তিনি মৃত্যুকে খুব কাছ থেকে অবলোকন করেন। তুষার কামড়ে পর্যুদস্ত হয়ে পড়েন, অক্সিজেন শূন্যতায় শ্বাসকষ্ট হয়, ক্রেভাস (বরফের নিচের অদৃশ্য ফাটল) ওত পেতে থাকে গিলে খাওয়ার জন্য। তবু সবকিছু উপেক্ষা করে তিনি এগিয়ে যান সর্বোচ্চ চূড়ার দিকে। ‘গত বছর এভারেস্ট অভিযানের সময় এক ঘণ্টার ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচে যাই আমি। যে পথ ধরে নেমে আসছিলাম, সেই একই পথ ধরে এক ঘণ্টা পর নামছিলেন একজন হাঙ্গেরি পর্বতারোহী। কিন্তু হঠাৎ তুষার ধসের কারণে ক্রেভাসে আটকা পড়ে মারা যান ভদ্রলোকটি।’ মুহিত অবলীলায় বলে যান মৃত্যুর হাত থেকে বেঁচে আসার গল্প।মুুহিতের পরিবার বেশ ভালোই জানে এসব মৃত্যুঝুঁকি আর দুর্ঘটনার কথা। তাই চার বোন, তিন ভাই আর মা-বাবা কেউই চান না মুহিত পর্বতে পর্বতে জীবনটা কাটিয়ে দিক। তার চেয়ে বরং আগের মুহিতকে ফিরে পেলেই যেন তাঁরা বেশি স্বস্তি পান। তবে এ-ও সত্য, মুহিত একেকটি সফল অভিযান শেষে যখন ফিরে আসেন, তখন গর্বে তাঁদের বুকই সবচেয়ে বেশি ভরে ওঠে। আর তখন তাঁরা মুহিতের বুকে কান রেখে সত্যি সত্যি শুনতে পান, পাহাড় যেন মুহিতকে ডাকছে আয়...আয়...।এ ডাক উপেক্ষা করা কি মুহিতের পক্ষে সম্ভব?