এম এ আজিজে ফিরছে ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ আজিজ স্টেডিয়ামে অবশেষে আবার ফিরছে ক্রিকেট। সর্বশেষ ২০০৫ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার এক দিনের ম্যাচের পর আর আন্তর্জাতিক কোনো ক্রিকেট আসর বসেনি এখানে। সেই সিরিজটি বাংলাদেশের ক্রিকেট-ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ও বটে। এই স্টেডিয়ামেই প্রথম টেস্ট জয়, জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু তারপর এই মাঠ থেকে নির্বাসিত হয় ক্রিকেট। জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলতি বর্ষের ক্রিকেটপঞ্জি অনুযায়ী জাতীয় ক্রিকেট লিগ ও বিপিএল আসরের মাধ্যমে প্রথম শ্রেণীর ক্রিকেটে আবার ফিরছে বাংলাদেশ ক্রিকেটের কালের সাক্ষী এই স্টেডিয়াম। তবে জেলা স্টেডিয়াম হিসেবে স্থানীয় জেলা লিগসহ (প্রিমিয়ার, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ) বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের খেলা এতে অনুষ্ঠিত হয়। ২০০০ সালে তৎকালীন কোচ দক্ষিণ আফ্রিকান এ ডি বারলোর ‘প্রেসক্রিপশনে’ চালু হওয়া দেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেট ‘জাতীয় ক্রিকেট লিগ’-এর প্রথম আসরের একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এখানে। এরপর জাতীয় লিগের কোনো খেলাই আর হয়নি। জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০০১ সালের ১৫ নভেম্বর এই ভেন্যুতে প্রথম টেস্ট খেলার পর থেকে সর্বশেষ ২০০৫ সালে ১০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ দল এই মাঠে সাতটি টেস্ট খেলেছে। আর ওয়ান ডে খেলেছে আটটি। এ ছাড়া ২০০৯ সালের পোর্ট সিটি ক্রিকেট লিগের (পিসিএল) প্রথম আসর বসেছিল এই স্টেডিয়ামে। তবে দেরিতে হলেও বিসিবির সুদৃষ্টি পড়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজিত ১৪তম জাতীয় ক্রিকেট লিগের চট্টগ্রাম বিভাগের ও ২০১৩ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিপিএল আসরের চিটাগাং কিংসের হোম ম্যাচগুলো এতে অনুষ্ঠিত হবে। যদিও এখন বিপিএল নিয়ে নানা টানাপোড়েন শুরু হয়েছে। এই প্রতিযোগিতাগুলো সামনে রেখে ১১ জুলাই থেকে স্টেডিয়ামের সংস্কারকাজ শুরু করেছে বিসিবি। বিসিবি সূত্র জানায়, প্রথম পর্যায়ে মাঠের কাজ করা হবে দেড় মাসব্যাপী। মাঠের বর্তমান উইকেট দুটির পরিচর্যা ছাড়াও একটি নতুন উইকেট তৈরিতে প্রথম দিনই হাত দেওয়া হয়েছে। তারপর আউটফিল্ডের কাজ করা হবে। ইতিমধ্যে নতুন উইকেট তৈরির জন্য ঢাকা থেকে মাটি আনা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ড্রেসিংরুম, মিডিয়া সেন্টার, কমেন্ট্রি বক্সসহ বিভিন্ন দিকে সংস্কার করা হবে। ড্রেসিংরুমে শীতাতপনিয়ন্ত্রণ-ব্যবস্থা ছাড়াও টয়লেট-সুবিধার উন্নতি করা হবে। দুই প্রান্তের টাওয়ারগুলোকে (পেডরোলো ও ইস্পাহানি প্রান্ত) সংস্কার করে একটিতে কমেন্ট্রি বক্স ও অন্যটিতে করপোরেট বক্স তৈরির চিন্তা করছে বিসিবি। এ ছাড়া প্যাভিলিয়ন ভবনের মিডিয়া হলটির সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে।এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন বিরতির পর আবার ক্রিকেটে ফিরছে এম এ আজিজ স্টেডিয়াম। এ লক্ষ্যে সংস্কারকাজ শুরু হয়েছে। আশা রাখছি, ঠিক সময়ে সংস্কারকাজ শেষ হবে।’ জানা যায়, ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ সামনে রেখে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ সংস্কারের কাজ শুরু হবে বিধায় চলতি মৌসুমে সাগরিকার এই মাঠে খেলা সম্ভব নয়। মূলত এ কারণেই জাতীয় ক্রিকেট লিগ ও বিপিএলের ম্যাচগুলো এই স্টেডিয়ামে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ও দেশের মাটিতে একমাত্র টেস্ট জয়ের ঐতিহাসিক সাক্ষী এই স্টেডিয়াম। ২০০৫ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ তাদের নিজস্ব ৩৫তম ও এই ভেন্যুর সপ্তম টেস্টটিতে (যা এই ভেন্যুর শেষ টেস্ট) জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ নেয়।