এম এ হাসেমের মতো ভালো মানুষের আজ বড় অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রথম মুসলিম এমবি চিকিৎসক এম এ হাসেমের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ আগস্ট বিকেলে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট এস এম ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশেষ অতিথি ছিলেন বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরী, সলিমুল্লাহ খান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। মূল প্রবন্ধ পড়েন অভীক ওসমান। ধন্যবাদ বক্তব্য দেন এম এ হাসেমের দৌহিত্র হাসিম রাব্বি।মেয়র মন্জুর আলম বলেন, ‘জ্ঞানে-গুণে, চিত্তে-বিত্তে পরিপূর্ণ এ মানুষটি আমাদের বিনয়ী, নির্লোভ, সৎচিন্তা ও সৎ কাজ দিয়ে সমাজে শান্তি রাখতে শিখিয়ে গেছেন।’ মেয়র সিটি করপোরেশনের একটি সড়ক বা হাসপাতাল-ক্লিনিকের নাম এম এ হাসেমের নামে করার জন্য করপোরেশনের সাধারণ সভায় প্রস্তাব করবেন বলে ঘোষণা দেন। বিনোদবিহারী চৌধুরী স্মৃতিচারণ করে বলেন, ‘এম এ হাসেম ছিলেন আমার মুরব্বি। আমাকে নানা বিষয়ে পরামর্শ দিতেন। তিনি ছিলেন অজাতশত্রু, অকুতোভয় ও আলোকিত মানুষ। বর্তমান সময়ে তাঁর মতো ভালো মানুষের বড়ই অভাব। হিংসা, পরশ্রীকাতরতা তাঁর মধ্যে ছিল না।’ বিজ্ঞপ্তি।