বিজ্ঞানীদের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক দশকের মধ্যে শুরু হতে যাচ্ছে মঙ্গলে মানুষের বসতি স্থাপন। কিন্তু সে জন্য চাই আধুনিক প্রযুক্তিতে তৈরি রোভার, যেগুলো লাল গ্রহকে মানুষের বাসযোগ্য করতে সাহায্য করবে। এমন রোভার তৈরি করতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছিল আন্তর্জাতিক প্রতিযোগিতা-ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি)। নাসার অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান দ্য মার্স সোসাইটি যার আয়োজক।
এ বছরের ভার্চ্যুয়াল ইউআরসিতে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে সেরা হয়েছে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) দল মঙ্গলবার্তা। বিশ্বের নানা প্রান্ত থেকে দুই দফা বাছাইপর্ব শেষে ৫টি দেশের ১৩টি দল অংশ নিয়েছে মূল পর্বে। প্রতিযোগিতায় চতুর্থ হওয়া দলটিও বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল ‘ব্র্যাকইউ মঙ্গলতরী’।
প্রতিবছর যুক্তরাষ্ট্রের ইউটাহের হাঙ্কসভাইল শহরের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে আয়োজন করা হয় ইউআরসির চূড়ান্ত পর্ব। কিন্তু করোনার প্রকোপে আরও অনেক আয়োজনের মতো এই প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় অনলাইনে। সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রতিযোগী দলগুলো নিজ নিজ দেশ থেকে অংশ নেয়।
এবারের আয়োজন
৩ থেকে ৬ জুন ইউআরসির অফিশিয়াল ইউটিউব পেজে সরাসরি সম্প্রচার করা হয় ভার্চ্যুয়াল ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২১। এবারের চ্যালেঞ্জ ছিল, ‘পরবর্তী প্রজন্মের মার্স রোভার নকশা ও তৈরি করা, যা মানুষের সহায়ক হিসেবে মাঠপর্যায়ে কাজ করবে।’
চ্যালেঞ্জে জয়ী হয়েছে এমআইএসটি মঙ্গলবার্তা। দলে ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আকিব জামান, শাফায়েতুল ইসলাম, ইশরাক হাসান, শোয়েব আহমেদ, ফারদিন আশরাফ এবং যন্ত্রকৌশল বিভাগের আহসান সিদ্দিক, শাদমান তাজওয়ার, ওলিউল্লাহ সামির, মুশফিকুল ইসলাম, আসিফ মাহমুদ, সাফওয়ান শাফকাত ও মারুফ মোরশেদ। সবাই স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া সার্বিকভাবে সহায়তা করেছেন বিভিন্ন বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। পুরো দলটির তত্ত্বাবধানে ছিলেন কর্নেল শাহজাহান মজিব।
দলের কমিউনিকেশন ইঞ্জিনিয়ার শোয়েব আহমেদ বলছিলেন শুরুর দিকের কথা। ‘গত বছর সেপ্টেম্বর মাসে আমরা ইউআরসিতে অংশ নেওয়ার পরিকল্পনা করি। দল বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পর তারা আমাদের সার্বিক সাহায্য করে।’ এ বছর এমআইএসটি মঙ্গলবার্তা দলের রোভারের নাম দেওয়া হয় ফিনিক্স।
চূড়ান্ত পর্বে ইকুইপমেন্ট সার্ভিস মিশন, অটোনোমাস নেভিগেশন মিশন ও এক্সট্রিম রিট্রাইভাল ডেলিভারি মিশনে জয়ী হতে হয়েছে ফিনিক্সকে। ইকুইপমেন্ট সার্ভিস মিশনে মূলত মানুষের পক্ষে করা সম্ভব, এমন কিছু কাজ করে দেখাতে হয় মার্স রোভারকে। যেমন একটা ড্রয়ার খোলা, তার ভেতরে একটা টুলবক্স রাখা, ড্রয়ার বন্ধ করে দেওয়া, কি-বোর্ডে নির্দিষ্ট কিছু টাইপ করা, ইত্যাদি। এই পর্বে ১০০ তে ১০০ নম্বরই পেয়েছে এমআইএসটি মঙ্গলবার্তা।
দলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আহসান সিদ্দিক বলেন, ‘এ পর্বে আমাদের ভালো করার বড় কারণ হচ্ছে আমাদের রোভারের আর্ম ও গ্রিপ। এটি সহজেই কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে।’
সাফল্য একার নয়
অটোনোমাস নেভিগেশন মিশনে রোভারকে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট পথ ধরে লক্ষ্যে পৌঁছাতে হয়। পথে বেশ কিছু চিহ্ন দেওয়া থাকে। এ পর্বে সবচেয়ে ভালো করেছে ‘ব্র্যাকইউ মঙ্গলতরী’, পেয়েছে ১০০ তে ৩০। দ্বিতীয় সর্বোচ্চ ভালো নম্বর মিসরের ফারাওস টিমের, তারা পেয়েছে ১০। বেশির ভাগ দলই এ পর্বে ভালো নম্বর পায়িন, এর মধ্যে আছে এমআইএসটি মঙ্গলবার্তাও।
প্রথম দিনের ভালো-মন্দ ফল মিলিয়েও নিজেদের মনোবল ধরে রাখে এমআইএসটি মঙ্গলবার্তা। দ্বিতীয় দিন এক্সট্রিম রিট্রিভাল অ্যান্ড ডেলিভারি মিশন চ্যালেঞ্জে মঙ্গলের বন্ধুর পথ ধরে ছুটতে হয় রোভারকে। এ পর্বে সবচেয়ে ভালো করেছে যুক্তরাষ্ট্রের হাস্কি রোবটিকস দল। ৮০ নম্বর পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিল এমআইএসটি মঙ্গলবার্তা।
তিনটি চ্যালেঞ্জ মিলিয়ে সব দলকে পেছনে ফেলে ১৮০ নম্বর নিয়ে ভার্চ্যুয়াল ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২১–এর চ্যাম্পিয়ন হয় এমআইএসটি মঙ্গলবার্তা। এই অর্জন নিয়ে দলনেতা আকিব জামান বলেন, ‘এই অর্জন শুধু আমাদের একার নয়। বরং এমন করোনা পরিস্থিতিতেও আমাদের প্রতিষ্ঠান পাশে থেকেছে, সাহায্য করেছে। ভবিষ্যতের কয়েক দশকের মার্স জেনারেশনে আমরা যুক্ত না হতে পারলেও, আমাদের দেশের কারখানা, নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে রোভার ব্যবহার করা সম্ভব। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের আয়োজনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করলে ভবিষ্যতে এমন গবেষণার নেতৃত্বে থাকবে বাংলাদেশ।’
স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের রোভার বিষয়ে আগ্রহী করতে আয়োজন চলাকালীন আমন্ত্রণ জানানো হয় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী ও অভিভাবককে। কোভিড স্বাস্থ্যবিধি মেনে পুরো আয়োজন উপভোগ করেন তাঁরা। ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে থেকেই এমন আন্তর্জাতিক আয়োজনের অংশ হওয়ার স্বপ্ন দেখে এই শিক্ষার্থীরাও।
ভার্চ্যুয়াল ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২১–এর বিজয়ী দলগুলো ইন্টারন্যাশনাল মার্স সোসাইটি কনভেনশনে তাদের রোভার প্রদর্শনের সুযোগ পাবে। এ ছাড়া ভবিষ্যতের মঙ্গল গবেষণাতেও এই দলগুলোর জন্য থাকছে অপার সম্ভাবনা।