এমআইটিতে বাংলাদেশিদের পড়ার সুযোগ বাড়ছে
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিসহ (এমআইটি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ার আগ্রহ বাড়ছে। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ভর্তির সুযোগ পাচ্ছেন। এমআইটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে আজ শুক্রবার প্রথম আলো কার্যালয়ে ‘এআইটিতে পড়তে চাই’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে পরামর্শ দিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদকজয়ী নাজিয়া চৌধুরী। নাজিয়া এমআইটি থেকে পড়াশোনা শেষ করে এখন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে এমডি করছেন। সেমিনারে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এমআইটিতে পড়ার অভিজ্ঞতা, এসএটি পরীক্ষা, টোয়েফেল, রেকমেন্ডেশন লেটার তৈরি, গবেষণায় কীভাবে আগ্রহী হওয়া যায় তা নিয়ে কথা বলেন নাজিয়া। তিনি বলেন, ‘মেডিকেল ও বায়োলজিতে গবেষণার জন্য আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন পড়ার অনেক সুযোগ। আমাদের শিক্ষার্থীরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেন।’
অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান বক্তৃতা করেন। ‘ক্রাউন সিমেন্ট-প্রথম আলো তারুণ্যের জয়োৎসব’ আয়োজনের অংশ হিসেবে সেমিনারটি আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও কিশোর আলো।