চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এমআরআই ও সিটি স্ক্যান যন্ত্র বিকল হওয়ায় সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। বছরের বেশির ভাগ সময়ই এ দুটি মূল্যবান রোগনির্ণয় যন্ত্র বিকল থাকে। সরকারি হাসপাতালের গুরুত্বপূর্ণ দুটি রোগ নির্ণয় যন্ত্র অচল থাকার কারণে বেসরকারি রোগনির্ণয়কেন্দ্রগুলো একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে। চমেক হাসপাতালের পাশাপাশি চট্টগ্রামের সিএসসিআর, শেভরন, পপুলার ডায়াগনস্টিক ও ল্যাব এইডসহ বেশ কয়েকটি বেসরকারি রোগনির্ণয়কেন্দ্রে সিটিস্ক্যান ও এমআরআই যন্ত্র আছে। কিন্তু এসব রোগনির্ণয় কেন্দ্রে এই পরীক্ষাগুলো করাতে চমেক হাসপাতালের নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি ফি দিতে হয় রোগীদের। চমেক হাসপাতালে পুরো পেটের সিটিস্ক্যান ফি চার হাজার টাকা। কিন্তু বেসরকারি রোগনির্ণয়কেন্দ্রগুলোতে পুরো পেটের সিটিস্ক্যান করতে নেওয়া হয় ১০ থেকে ১২ হাজার টাকা। একইভাবে চমেক হাসপাতালে এমআরআই করতে ফি নেওয়া হয় তিন হাজার টাকা। আর বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রগুলোতে এই পরীক্ষা করতে খরচ পড়ে সাত থেকে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত। হাসপাতাল সূত্রে জানা গেছে, চমেক হাসপাতালের এমআরআই ও সিটি স্ক্যান যন্ত্রের ইউপিএস নষ্ট হয়ে গেছে। সিটি স্ক্যান ছয় মাস ও এমআরআই যন্ত্র চার মাস আগে নষ্ট হয়। এর আগে এ বছরের শুরুর দিকে তিন মাসের জন্য যন্ত্র দুটি বন্ধ ছিল। বিষয়টি স্বীকার করে চমেক হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আনিসুল মওলা বলেন, ‘চার পাঁচ মাস ধরে যন্ত্রগুলো বিকল হয়ে আছে। এতে দরিদ্র রোগীদের সমস্যা হচ্ছে। পরিচালকের কার্যালয়কে আমরা এটা জানিয়েছি। সেখান থেকে ঢাকায় সমস্যাটির কথা জানানো হয়।’জানা গেছে, রোগনির্ণয় যন্ত্রসহ হাসপাতালের কোনো চিকিৎসা যন্ত্র নষ্ট হলে তা পরিচালক কার্যালয়ের মাধ্যমে ঢাকার যন্ত্রাংশ রক্ষণবেক্ষণ বিভাগে জানানো হয়। পরে সেখান থেকে অর্থ বরাদ্দ পেলে যন্ত্র মেরামত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই যন্ত্র দুটি চালু থাকলে হাসপাতালে গড়ে প্রতিদিন পাঁচ-ছয়টি এমআরআই ও অন্তত ১০টির মতো সিটিস্ক্যান হয়। মাথার সিটিস্ক্যান বাবদ দুই হাজার টাকা, বুকের আড়াই হাজার টাকা, পুরো পেটের সিটি স্ক্যান চার হাজার টাকা নেওয়া হয়। রোগীদের অভিযোগ চমেক হাসপাতালের সিটিস্ক্যান ও এমআরআই যন্ত্র নষ্ট হওয়ায় নিজেদের খেয়াল খুশিমতো ফি নিচ্ছে বেসরকারি রোগনির্ণয়কেন্দ্রগুলো। যন্ত্র-দুটি মাসের পর মাস বিকল পড়ে থাকলেও সারানোর উদ্যোগ নেই। এতে প্রকারান্তরে রোগনির্ণয়কেন্দ্রগুলোকে ব্যবসার সুযোগ করে দেওয়া হচ্ছে। অবশ্য চমেক কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। অর্থ বরাদ্দ হলে দ্রুত যন্ত্রগুলোর যান্ত্রিক ত্রুটি সারানো হবে বলে তাঁরা জানান।