এমআরসিপি পরীক্ষায় তাক লাগানো মাহমুদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুল হক
ছবি: সংগৃহীত

মাহমুদুল হক যা পড়েন, বুঝে পড়তে চেষ্টা করেন। একটি বই থেকে কোনো বিষয় বুঝতে না পারলে অন্য বইয়ের শরণাপন্ন হন। মানবদেহবিষয়ক পড়ালেখা সঠিকভাবে বোঝার জন্য ‘নিয়মিত’ পড়ার কোনো বিকল্প নেই বলেই বিশ্বাস করেন তিনি।

জানিয়ে রাখি, কাছের মানুষের কাছে যিনি ‘জেসি’ নামে পরিচিত, সেই মাহমুদুল এ বছর অক্টোবর মাসে অনুষ্ঠিত ‘মেম্বারশিপ অব দ্য রয়েল কলেজেস অব ফিজিশিয়ানস অব দ্য ইউনাইটেড কিংডম’ (এমআরসিপি-ইউকে) পরীক্ষায় সারা পৃথিবীর মধ্যেই তাক লাগানো নম্বর পেয়েছেন।

আর সব পরীক্ষার তুলনায় এই পরীক্ষা একটু অন্য রকম। নম্বর বণ্টনের কথাই ধরা যাক। সাধারণত আমরা হিসাব করি ১০০-তে কত নম্বর পেলাম বা ১০০০-এর মধ্যে মোট নম্বর কত। এমআরসিপি পরীক্ষার বেলায় বিষয়টা তেমন নয়। সেখানে থাকে ‘স্কেলিং স্কোর’। একেকবার পরীক্ষার সময় একেক রকমভাবে এই ‘স্কেলিং স্কোর’ ঠিক করা হয়। এবারের পরীক্ষায় তা ছিল ০-৯৯৯। অর্থাৎ একজন পরীক্ষার্থীর অর্জিত নম্বর হতে পারে ০ থেকে ৯৯৯–এর মধ্যে। মাহমুদুল কত পেয়েছেন, জানেন? তিনি পেয়েছেন ৯০৬। অভিজ্ঞ অনেকেই বলছেন, এবারের পরীক্ষায় এটাই সর্বোচ্চ নম্বর। এত বেশি নম্বর পাওয়া এমআরসিপি-ইউকে পরীক্ষার জন্য নিশ্চয়ই একটা বিরল ঘটনা।

এমআরসিপি হলো যুক্তরাজ্যের একটি স্নাতকোত্তর ডিগ্রি, চিকিৎসাবিদ্যায় স্নাতকেরা এ ডিগ্রি অর্জনের পরই যুক্তরাজ্যে বিশেষজ্ঞ প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন, তার আগে নয়। সারা পৃথিবীর বহু চিকিৎসক এই ডিগ্রি অর্জনের লড়াইয়ে নামেন। পরীক্ষার তিনটি ধাপ। মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার জন্য মাহমুদুল এবার দ্বিতীয় ধাপের পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এই সাফল্যের পেছনের রহস্য কী? নিয়মিত পড়ালেখা। লাইব্রেরিতে রোজ ‘সময় কাটানো’র অর্থ যে কেবল সময়টুকু ‘কাটানো’ নয়, বরং তার যথাযথ ব্যবহার, সেটিই মেনে চলেন জানতে চাইলে মাহমুদুল। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা সবাইকেই কিছু না কিছু সামর্থ্য দিয়েছেন। সফল হওয়ার জন্য নিজের মস্তিষ্কের ক্ষমতাকে কাজে লাগাতে হবে। নিয়মিত পরিশ্রম করতে হবে অবশ্যই।’ প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা কার্যকরভাবে পড়াশোনা করেন তিনি। পরীক্ষার আগে আগে আরও একটু বেশি সময় পড়তেন রোজ। এমআরসিপি পরীক্ষার প্রথম ধাপের আগে সাত থেকে আট মাস সময় নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন। ২০১৯ সালের মে মাসে এই পরীক্ষায় অংশ নেন তিনি। এরপর মোটামুটি ১০ মাসের প্রস্তুতিতে দিয়েছিলেন দ্বিতীয় ধাপের পরীক্ষা। তবে পড়ালেখা কত সময় ধরে করা হচ্ছে, তার চেয়ে বেশি জরুরি হলো পড়ার বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কি না—এমনটাই বিশ্বাস তাঁর।

পরীক্ষায় পাস করতে হবে, বেশি নম্বর পেতে হবে—এমন চিন্তা বা ধ্যানধারণা তাঁর কখনোই ছিল না, এখনো নেই। যা পড়ছেন, তা মুখস্থ নয়, আত্মস্থ করাটাই থাকে মাহমুদুলের লক্ষ্য। মূল বইয়ের থেকে পড়ার বিষয়টির ব্যাখ্যা জেনে ও বুঝে নিয়ে তবেই ‘পড়া’ শেষ হয় তাঁর। পড়ার সময় তাই অন্যদিকে মন দেন না তিনি।

একটু পুরোনো কথা জানতে চাইলাম। ছোটবেলা থেকেই কি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন? একদমই না। মাহমুদুল বলছিলেন, ‘২০০৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাস করার পর বুয়েটে ভর্তি পরীক্ষা দিই। তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে সুযোগ পেয়ে ক্লাসও শুরু করে দিয়েছিলাম। রেজাল্ট ভালো হচ্ছিল। কিন্তু তবু কোথায় যেন একটা অপূর্ণতা টের পাচ্ছিলাম।’ বুঝে পড়ার মানসিকতা, জানার তীব্র আকাঙ্ক্ষা কোথাও যেন বাধা পাচ্ছিল। প্রকৌশল পড়তে গিয়ে তাঁর মনে হচ্ছিল, অনেক সময় বিষয়টা ঠিক বুঝতে পারছেন না, কল্পনাশক্তির আশ্রয় নিতে হচ্ছে। এ কারণেই তিনি আগ্রহী হন চিকিৎসাবিজ্ঞানে। পরের বছর অংশ নেন মেডিকেল ভর্তি পরীক্ষায়। সুযোগ পেলেন ঢাকা মেডিকেল কলেজে। খুঁজে পেলেন তাঁর জগৎ।

৩৯তম বিসিএস পেরিয়ে বর্তমানে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত মাহমুদুল হক। ভবিষ্যতে এমআরসিপির চূড়ান্ত ধাপ অতিক্রম করে দেশের বাইরে উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছা তাঁর।