এমডি স্যারের নিকট ক্ষমা প্রার্থনাপূর্বক
শুরুতেই আপনাদের একটা কথা জানিয়ে রাখি। ভুল সব মানুষই করে। আপনারাও করেন, আমরাও করি। কিন্তু পার্থক্য হচ্ছে, আপনারা সাধারণ মানুষেরা সব ছোটখাটো ভুল করেন, আর আমরা ‘বিখ্যাত’ মানুষেরা বড় ধরনের ভুল করি। আপনারা আপনাদের ভুল কাটান দিতে পারেন না, অথচ আমরা খুব সহজেই আমাদের ভুল কাটান দিতে পারি। আপনারা হয়তো ভুরু কুঁচকে ভাবছেন, আমি আবার বিখ্যাত হলাম কবে। আমি এখনো রবীন্দ্রনাথ-সক্রেটিসের মতো বিখ্যাত হইনি, খুবই সত্যি কথা। তবে হব হব করছি। যেকোনো মুহূর্তে দুম করে বিখ্যাত হয়ে যাব আর কী! বলা ঠিক নয়, তবু নিজের সম্পর্কে আরও একটা সত্যি কথা বলি। আমি হচ্ছি অতিমাত্রায় বুদ্ধিমান। আমার বুদ্ধি কিন্তু লেঁউ-ফেঁউ মার্কা নয়, একেবারে ‘হাতি-ঘোড়া মেরে ফেলি’ টাইপের। যা হোক, আপনাদের এখন মূল ঘটনায় নিয়ে যাব। ঘটনাটা অ-নে-ক অ-নে-ক কাল আগের। কত আগের, তা আপনাদের না জানলেও চলবে। আমি তখন ‘খাউ-খাউ’ কোম্পানিতে (সংগত কারণেই কোম্পানির নাম বলছি না, চাকরি যাওয়ার ভয় আছে।) জুনিয়র অফিসার পদে নতুন যোগ দিয়েছি। একদিন দুপুরের দিকে, হ্যাঁ, দুপুরের দিকেই হবে, কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। ভাবলাম, এক কাপ চা হলে মন্দ হয় না। সঙ্গে সঙ্গেই ইন্টারকম চেপে অফিসের ক্যাফেটেরিয়ায় ফোন করলাম। তিনবার রিং হওয়ার পর ফোন রিসিভ করল। রিসিভ করতেই ক্যাফেটেরিয়ার হেড বাবুর্চি (পড়ুন ম্যানেজার) বাবুল ভাইকে বললাম, বাবুল ভাই, কুইক আমাকে এক কাপ চা দিয়ে যান। চিনি কম, কিন্তু ফ্রেশ পাত্তি।আমি কাজ করি পাঁচতলায় আর ক্যাফেটেরিয়া নিচতলায়। চা বানিয়ে নিয়ে আসতে কম করে হলেও মিনিট দশেক লাগবে। তাই এই ফাঁকে হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার হাতের কাজ শেষ হলো, কিন্তু চা আর আসে না। ভাবলাম, বাবুল ভাই হয়তো ভুলে গেছেন। তাই আবার ফোন দিলাম। এবার ফোন রিসিভ করল আরও দেরিতে, পাঁচবার রিং হওয়ার পর। মেজাজ গরম হয়ে গেল। কিন্তু ‘বিখ্যাত’ মানুষদের অত সহজে মেজাজ গরম করলে চলে না। তাই অতিকষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। অতি ভদ্র ভাষায় চা দিতে বললাম। জবাবে বাবুল ভাই কিচ্ছু বললেন না। লাইনটা কেটে যাওয়ার আগমুহূর্তে শুধু ফোঁস করে একটা দীর্ঘশ্বাসের শব্দ হলো। বুঝলাম না, চা দিতে হলে দীর্ঘশ্বাসের কী প্রয়োজন। আমি চায়ের অপেক্ষায় রইলাম। পাঁচ মিনিট যায়, ১০ মিনিটও যায়; আমার চা আর আসে না।...বিখ্যাতের নিকুচি করি, আমি মেজাজ হারিয়ে ফেললাম। অফিসের বয়-বেয়ারাদের অনেক বাড় বেড়েছে। এদের ধরে সকাল-বিকেল এই দুবেলা নিয়ম করে থাপড়ানো দরকার। আপাতত থাপড়ানো সম্ভব নয়। তাই রাম ধমক দেব বলে ঠিক করলাম। ফোন দিলাম বাবুল ভাইকে। এবার আর ফোন রিসিভই করে না। একবার তো কেটেই দিল। আমার ইচ্ছে হলো, বাবুল ব্যাটাকে ধরে চায়ের বদলে খেয়ে ফেলি। ১০ বার রিং হওয়ার পর কল রিসিভ করল। গলার স্বরে যতটা রাগ আর গাম্ভীর্য আনা সম্ভব, এনে বললাম, এই যে সম্রাট বাবুল দি গ্রেট, থাপড়ায়ে একেবারে কানের লতি নামায়ে ফেলব। চা চেয়েছি কতক্ষণ আগে, খেয়াল আছে?—আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু ও-প্রান্ত থেকে কেউ একজন অতিকষ্টে, যেন হাঁপানির টান উঠেছে, চিবিয়ে চিবিয়ে কোনোমতে বলল, আপনি জানেন, আপনি কার কাছে ফোন করেছেন?জানি, জানব না কেন? আমি বাংলা, বিহার, ওড়িশার অধিপতি নবাব সিরাজউদ্দৌলার কাছে ফোন করেছি। এক্ষন চা দিয়ে যা ব্যাটা...।বাবুল ভাইয়ের হাঁপানির টান আরও বেড়ে গেল। বেচারার হাঁপানির টান আছে বলে তো জানতাম না। আহা! বেচারা! অসুস্থ মানুষের সঙ্গে রাগ দেখানো ঠিক নয়। তাই বাবুল ভাইকে সরি বলব ভেবে নীতিগত সিদ্ধান্ত নিলাম। আমার সরি বলা আর হলো না। তার আগেই ও-প্রান্ত থেকে বাবুল ভাই নামক মানুষটা বলল, আপনি সেই কখন থেকে ফোন করে আমাকে অশালীন সব কথা বলে যাচ্ছেন। আপনি জানেন, আপনি কার সঙ্গে কথা বলছেন? আমি এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মি হাউ-মাউ-খাউ (ছদ্মনাম, আসল নাম দিলে আমার চাকরি চলে যেতে পারে)।আমার মনে হলো, কিছুক্ষণ আগে যে থাপ্পড়টা বাবুল ভাইকে দেব বলে মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম, ওটা ঠিক আমার গালেই পড়েছে। মি হাউ-মাউ-খাউ তখনো বলে যাচ্ছেন, এত্তো বড় সাহস। আমাকে বলে, থাপড়ায়ে কানের লতি নামায়ে দেবে...এত্তো বড় সাহস!! তোর চাকরি যদি আমি না খাইছি...আমি আস্তে করে কল লাইনটা কেটে দিলাম। আলবত বুঝতে পারছি, আমার সামনে কী অপেক্ষা করছে। কিন্তু বিশ্বাস করেন, আমি মোটেই ঘাবড়ালাম না। কারণ, আমি বিখ্যাত (মানুষ) এবং বুদ্ধিমান। এরপর আমি যে কাজটা করলাম, তা আপনাদের মতো সাধারণ মানুষের পক্ষে করা তো দূরের কথা, আপনারা ভাবতেও পারতেন না। আমি আবার হাউ-মাউ-খাউ সাহেবকে ফোন দিলাম, এবার ইচ্ছে করেই।‘স্লামালিকুম স্যার।’সালামের জবাবে ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস শুনতে পেলাম। খুবই ভদ্রভাবে জানতে চাইলাম, স্যার কি আমাকে ট্রেস করতে পেরেছেন? আপনি কি জানেন, আমি কোন সেকশনে কাজ করি?‘না।’এবার বেশ খানিকটা সময় নিয়ে নিজেকে প্রস্তুত করলাম। এরপর বললাম, যদি বুঝতেই না পারিস আমি কে, কোন সেকশনে কাজ করি তাহলে এত ভ্যাদর ভ্যাদর করছিস কেন রে ব্যাটা? চুপচাপ কাজ করে যা...নয়তো থাপড়ায়ে একেবারে কানের লতি নামায়ে ফেলব...বদের বদ...। আরও কিছু কথা বলেছিলাম, কিন্তু কথাগুলো আপনারা ভদ্রসমাজে কীভাবে নেবেন—তা ভেবে আর লিখলাম না। আর আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন, আমরা বিখ্যাত মানুষেরা আপনাদের মতো সাধারণ মানুষ থেকে কত আলাদা। বুঝতে পারলেই ভালো।পুনশ্চ: আমার চাকরিটা এখনো আছে। গত মাসে একটা প্রমোশনও পেয়েছি। আশিস মণ্ডলঢাকা বিশ্ববিদ্যালয়।