এমন জীবন চায় না তারা

অন্য ১০টা মেয়ের মতোই ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল মেয়েটির। কথা ছিল কাগজের পাখি বানিয়ে ওড়ানো কিংবা নৌকা বানিয়ে তা পানিতে ভাসানোর কিংবা সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করার। কিন্তু কোনোটিই ঘটেনি মাসামি নগুচির জীবনে। সরকারি অনাথ আশ্রমের চার দেয়াল আর কড়া শাসনের মাঝে বন্দী হয়ে দুঃসহ জীবন কেটেছে জাপানি এই শিশুর।
জন্মের পরপরই মাকে হারায় মাসামি। এরপর তাকে দত্তক নেন রাজধানী টোকিওর পশ্চিমাঞ্চলে মাচিদা এলাকার এক দম্পতি। তাঁদের আরও দুটি সন্তান আছে। মাসামির বয়স তখন মাত্র তিন বছর। একদিন পালক মাকে অপমান করার পর ছুরি দিয়ে আঘাত করেছিলেন দাদা। অতটুকুন বয়সেই এই দৃশ্য দেখতে হয়েছিল মাসামিকে। পরে মাসামির নিরাপত্তার কথা ভেবে সব মায়া ত্যাগ করে পালক মা সরকারি ওই অনাথ আশ্রমে তাকে রেখে আসেন। এখানে এমনিতেই মা, ভাইবোনদের সঙ্গে দেখা নেই । তারপর সামান্য ভুলের জন্য কর্তৃপক্ষের চোখ রাঙানি আর পিটুনিতে অস্থির হয়ে ওঠে মাসামি। কিন্তু এই চার দেয়াল থেকে বেরোনোর কোনো উপায় জানা ছিল না। এভাবেই কেটে যায় প্রায় ১০টি বছর। চার বছর আগে মুক্তি মেলে মাসামির। তার বয়স এখন ১৭ বছর।
নিজের অভিজ্ঞতার বিবরণ দিতে গিয়ে মাসামি বলে, ‘ওই আশ্রমের নিয়মকানুন বেশ কড়া ছিল। আমার কোনো বন্ধুকে সেখানে নিয়ে যেতে পারতাম না। চার দেয়ালের বাইরে বের হতে পারতাম না। আমার কাছে টাকা আছে, অথচ কোনো কিছু কিনতে পারতাম না। সেখানে সব সময় বড়দের কথা মেনে চলতে হতো। আমিসহ ছোটদের তাঁরা নানা রকম অত্যাচার করত । কোনো কারণে একটু ভুল হলেই চলত মারধর। এ ছাড়া সেখানে খাবারের জন্য চলত কঠোর প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় সব সময় হেরে যেত ছোটরা। ফলে অনেক সময় না খেয়েই দিন কাটাতে হতো। এমন জীবন কোনো শিশুই চায় না।’
সরকারি অনাথ আশ্রম থেকে মুক্তি পাওয়ার পর নিজেকে এখন বেশ ভাগ্যবান মনে করছে মাসামি। এখন সে বাড়িতে পালক মায়ের সঙ্গেই থাকে।
‘এখন আমি আমার নিজের একটি কক্ষে থাকি। এখানে কেউ আমাকে অপমান বা অত্যাচার করতে পারে না। ওই অনাথ আশ্রমে যখন থাকতাম তখন জানতাম না যে একটু পরেই আমার ভাগ্যে কী ঘটতে চলেছে। এ কারণে সব সময় নিরাপত্তার অভাব বোধ করতাম। এখন এই বাড়িতে বেশ নিরাপদে ও শান্তিতে আছি’—নিজের বাড়িতে বসে এভাবেই জীবনের গল্প বলে মাসামি।
শুধু মাসামি নয়। তার মতো অনাথ কিংবা জাপানের ভেঙে যাওয়া পরিবারের প্রায় ৯০ শতাংশ শিশুর জীবনেই আছে এমন বেদনার গল্প। যারা পরিবার ছেড়ে সরকারি অনাথ আশ্রমে বেড়ে উঠছে। এমন শিশুর সংখ্যা দিন কে দিন বেড়েই চলেছে। আর এতে করে স্বজনদের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। এ কারণে এসব শিশুর মনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবও পড়ছে।
চলতি বছরের গোড়ার দিকে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর জাপানে এ রকম ৩৯ হাজার শিশুর মধ্যে প্রায় ৯০ শতাংশ (৩৫ হাজার ১০০) শিশুই পরিবার ছেড়ে সরকারি অনাথ আশ্রমে ছিল। হিউম্যান রাইটস ওয়াচ জাপানের পরিচালক কানায় দোই বলেন, জাপানের এ পরিস্থিতি খুবই হৃদয়বিদারক। একটি শিশুর পরিবারে থাকার পূর্ণ অধিকার আছে। তা সত্ত্বেও অনাথ আশ্রমের মাধ্যমে শিশুদের যত্ন নেওয়ার ব্যাপারে বেশ গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। খুব শিগগির এ ব্যবস্থার সংস্কার প্রয়োজন। শিশুর সংখ্যার ওপর ভিত্তি করে সরকারি ভর্তুকি পাওয়া এসব অনাথ আশ্রমের সংস্কার করাও বেশ কঠিন।
পরিবারে মা-বাবার সঙ্গে যেসব শিশু থাকে তাদের সঙ্গে আশ্রমে বেড়ে ওঠা শিশুদের বিস্তর ফারাক থাকে। আশ্রমে বেড়ে ওঠা শিশুদের শারীরিক স্বাস্থ্য খারাপ হয় ও মেধার বিকাশ অনেক দেরিতে ঘটে। সবচেয়ে ভয়ংকর যে প্রভাব তা হলো, ওই সব শিশুর মনস্তাত্ত্বিক বিকাশ দীর্ঘমেয়াদিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক সাইকোলোজি অ্যান্ড চাইল্ড হেলথ বিভাগের অধ্যাপক কেভিন ব্রাউনি বলেন, পরিবারের বাইরে শিশুরা বেড়ে উঠলে তাদের জীবনে কোনো স্বপ্ন থাকে না। অনেকটা স্বপ্নহীনভাবেই বেড়ে ওঠে তারা। আর এতে শিশুদের দক্ষতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে।
মাসামি নগুচির মতোই একটি অনাথ আশ্রমে বেড়ে উঠেছেন তোশিউকি আবে। এখন তাঁর বয়স ১৯ বছর। অনাথ আশ্রমে থাকার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সেখানে আমাকে নির্মমভাবে নির্যাতন করা হতো। বড়রা, যারা আগে থেকেই ওই আশ্রমে ছিল, তারা বেসবলের ব্যাট দিয়ে আমার মুখে নির্দয়ভাবে মেরেছিল।’
জাপানে শিশুদের বেড়ে ওঠার এ ব্যবস্থা সংস্কার করার স্বার্থেই হিউম্যান রাইটস ওয়াচ ১১৯ পৃষ্ঠার এ প্রতিবেদন প্রকাশ করে। তাদের পরামর্শ প্রতিষ্ঠানকেন্দ্রিক পরিচর্যার পরিবর্তে শিশুদের জন্য পরিবারভিত্তিক পরিচর্যার দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে।
এ প্রসঙ্গে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে এ রকম (এতিম বা দত্তক) ৯০ শতাংশ শিশু সরকারি প্রতিষ্ঠানের সুবিধা নিয়ে বেড়ে উঠছে। আর মাত্র ১০ শতাংশ শিশু পরিবারে বেড়ে উঠছে। আগামী এক দশকের মধ্যে দত্তক নেওয়া শিশুদের পরিবারে থাকার এই হার ভারসাম্যের মধ্যে নিয়ে আসার লক্ষ্য রয়েছে। সূত্র: বিবিসি