স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রথম চট্টগ্রাম সফরকালে তাঁর প্রত্যক্ষ অনুদানে খননকৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গোলপুকুরটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। পুকুরটিতে গোসল করতে নেমে এ পর্যন্ত তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সংস্কারের অভাবে পুকুরটির এখন মজাপুকুরে পরিণত হয়েছে। সুইমিংপুল থাকলেও তা আজ প্রায় পরিত্যক্ত।১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বেতবুনিয়ার স্যাটেলাইট স্টেশন উদ্বোধন উপলক্ষে হাটহাজারীতে যাত্রাবিরতি করেন। সেখানে তাৎক্ষণিক এক সভায় চবির শিক্ষকেরা সুপেয় পানির সংকট নিরসনে একটি পুকুর খননের প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে ফতেপুরে একটি রাস্তা নির্মাণের অর্থসহ গোলপুকুরটি খননের জন্য তৎকালীন হাটহাজারী থানার সার্কেল অফিসার মো. শামসুল হুদাকে আট লাখ টাকা অনুদান দেন। শামসুল হুদা দক্ষিণ ক্যাম্পাসে এ পুকুর খননের জন্য তৎকালীন উপাচার্য আবুল ফজলের তত্ত্বাবধানে চাকসুর ভিপি ফজলুল হক ও জিএস জিলানী নুরুন্নবীকে বঙ্গবন্ধুর দেওয়া এ অর্থ দেন। বর্তমানে পুকুরটিতে একটি সুইমিং পুল থাকলেও কার্যত সেটি পরিত্যক্ত। ২০০১ সালে তৎকালীন উপাচার্য মো. ফজলী হোসেন এ সুইমিং পুলটির ভিত্তি স্থাপন করেছিলেন। পুকুরটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাসম্বলিত একটি ফলক (সাইনবোর্ড) থাকলেও সেটি এখন আর নেই।পুকুরটিতে জিনের আসর রয়েছে এমন ধারণা স্থানীয় লোকজনের। পুকুরটির পাশে কর্মরত এক যুবক জানান, পুকুরটিতে কেউ নামতে চান না, জিন আছে। তিনজনকে ডুবিয়ে নিয়ে গেছে। পুকুরের পাশের সাইনবোর্ডটি ভেঙে নিয়ে গেছে।তৎকালীন হাটহাজারী থানার সার্কেল অফিসার মো. শামসুল হুদাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি প্রথম আলোকে জানান, শেখ মুজিবের অনুদানে খনন করা এ গোলপুকুটির বেহাল দশা আমাকে দারুণ মর্মাহত করেছে। চবির একমাত্র পুকুরটির সঙ্গেই বঙ্গবন্ধুর স্মৃতি জড়িয়ে রয়েছে। আর এ স্মৃতি রক্ষার জন্য কর্তৃপক্ষের কোনো সুনজর নেই।এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে জানান, ‘গোলপুকুর সংস্কারের চিন্তা-ভাবনা আমাদের নেই। তবে সব পুকুরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি কার্যালয়ের আওতায় আনার চিন্তা-ভাবনা চলছে। পুকুরটির পাশে নিষেধাজ্ঞাসম্বলিত সাইনবোর্ডটি কে বা কারা ভেঙে নিয়ে গেছে—এ ব্যাপারে আমার কিছুই জানা নেই।’ চবির সাঁতার দলের সদস্য মো. রবিউল আলম বলেন, ‘চবিতে কোনো সুইমিং পুল নেই। আমরা এ জরাজীর্ণ পুকুরে তিন বছর অতিকষ্টে অনুশীলন করে আসছি। সংস্কারের অভাবে পুকুটি সাঁতারের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় আমরা ধারাবাহিকভাবে তিন বার চ্যাম্পিয়ন হয়ে আসছি। আমরা এ পুকুরটিতে একটি আধুনিক মানের সুইমিং পুল চাই।’