এমন দিনের অপেক্ষা...
সকাল ১১টা। সূর্যের চোখ রাঙানি উপেক্ষা করে ক্যাম্পাসে হাজির সব শিক্ষার্থী। তবে প্রতিদিনের মতো ক্লাস-পরীক্ষার তাড়া নেই। উৎসবের আনন্দ সবার চোখেমুখে। এমন দিনের জন্য যেন এত দিনের অপেক্ষা। দিনটি ছিল ২ জুন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশলের প্রথম ও কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব। উৎসব উপলক্ষে প্রবর্তক মোড়ের ক্যাম্পাসে ছিল বর্ণিল সাজ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক অনিল কান্তি ধর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর টোটন চন্দ্র মল্লিক, প্রকৌশল বিভাগের শিক্ষক আসিফ ইকবাল ও আকরামুল কবির। প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মারুফ আহমেদ, স্তাবক দাশ ও কামরুল ইসলাম। সভা শেষে কাটা হয় ‘সমাপনী কেক’। এরপর ছিল মূল আকর্ষণ সাংস্কৃতিক পর্ব। শুরু হয় ক্রাইত্তরিস ব্যান্ড দলের ‘রেললাইনের ওই বস্তিতে’ গানটির মধ্য দিয়ে। তাঁরা একে একে গেয়ে শোনান ‘চাইতে পার জোছনা’, ‘বন্ধু তোকে মিস করছি ভীষণ’, ‘ইচ্ছেঘুড়ি’, ‘মহারাজ’সহ ১০টি গান। এরপর মঞ্চ মাতাতে আসে ব্যান্ডদল রিভিউলিয়েস। তারা গেয়ে শোনায় ‘মেলায় যাইরে’, ‘পাখি’, ‘পাগলা হাওয়া’, ‘বসে আছি’, ‘স্বপ্নডানা’সহ আটটি গান। ব্যান্ডদলের পর শুরু হয় শিক্ষার্থীদের পরিবেশনা। ‘গিভ মি সাম সানশাইন’ গানটি দিয়ে জুনায়েদ সাফদার শুরুতেই বুঝিয়ে দেন তাঁরাও কম কিসে। এরপর মৌসুমী রহমান করেন ‘মায়াবনবিহারিণী’, ‘দয়াল বাবা’, ‘রূপবান’ ও চারটি হিন্দি গান। ‘ঢেউ উঠেছে উথালপাতাল’ গানটি গেয়ে আনন্দের ঢেউ তোলেন বিশ্বজিৎ রায়। রুম্পা কানুনগো ও পিয়ান সেন পরিবেশন করেন রবীন্দ্রনাথের ‘সখী ভালোবাসা কারে কয়’ গানটি। সবশেষে আনন্দের মধ্যে বিষাদের সুর বেজে ওঠে সাইফুদ্দীন মুন্নার কণ্ঠে—‘দেখা হবে বন্ধু কারণে আর অকারণে’। গানটির আবেগ যেন ছুঁয়ে গেল সবার মন। এই মঞ্চে হয়তো আর কোনো দিন মিলিত হবেন না তাঁরা। ক্যাম্পাস চত্বর, লাইব্রেরির শূন্য চেয়ার, ক্যানটিনের ফুরিয়ে যাওয়া চায়ের কাপ, বিশ্ববিদ্যালয়ের ছাদের খোলা হাওয়া যেন অচেনা হয়ে যাবে। আপ্লুত হয়ে পড়েছিলেন অনেকে।