এমন দুরবস্থার কারণ আমার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মেহতাব খানম
মেহতাব খানম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমি চলতি বছর এইচএসসি পরীক্ষায় ফেল করেছি। অথচ ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় আমি জিপিএ-৫ পেয়েছিলাম। আমার এমন দুরবস্থার কারণ আমার পরিবার। আমার বাবা একজন ব্যবসায়ী। তিনি লেখাপড়া একদম পছন্দ করেন না। আমাদের ভাইবোনদের বেলায় উচ্চশিক্ষার তিনি ঘোরবিরোধী। আমার বড় ভাইকেও বেশি দূর পড়তে দেননি। তাই দশম শ্রেণি পাস ভাইয়াও আমার পড়ালেখার ঘোরবিরোধী। আমার চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল। সে স্বপ্ন বুকে নিয়ে অকৃতকার্য হওয়ার কথা ভুলে আমি আবার পড়ালেখা শুরু করি। কিন্তু বাদ সাধেন আমার বাবা আর বড় ভাই। তাঁরা চান আমি তাঁদের ব্যবসায় সাহায্য করি। একে তো ফেল করায় বন্ধু থেকে শুরু করে শিক্ষক মহলে হেয় হয়েছি। তার ওপর আবার পরিবারের মানসিক অত্যাচার আমি মেনে নিতে পারছি না। যেহেতু আমি উপার্জন করি না, তাই বাড়ি থেকে বের হয়েও যেতে পারছি না। বাধ্য সন্তানের মতো আমাকে সবকিছু ইচ্ছার বিরুদ্ধে করে যেতে হচ্ছে। আমি চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। মাঝেমধ্যে মনে হয় চিরতরে পৃথিবী ছেড়ে চলে যাই। কিন্তু আবার ভাবি, আমি তো জীবনে বড় হতে চাই। আমি কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
আমি বুঝতে পারছি কতটা মানসিক যন্ত্রণায় তুমি রয়েছ। তোমার নিজের জীবনটিকেও এখন ভালোবাসতে পারছ না, কারণ স্বপ্ন পূরণ হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। বাবা কেন তোমাদের শিক্ষা গ্রহণে বিরোধিতা করছেন তা বুঝতে পারছি না। তিনি কি মনে করেন তোমাদের অল্প বয়সেই উপার্জনক্ষম হতে হবে, নাকি তিনি লেখাপড়াকে খুব গুরুত্ব দেন না? তুমি কী কারণে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছ, তা কি বুঝতে পেরেছ? এমনকি হতে পারে তুমি সে সময়ে কলেজের পড়াশোনার পাশাপাশি কিছু কোচিংয়ের সহায়তা নিতে পারনি। কারণ বাবা এ ব্যাপারে আগ্রহী ছিলেন না? নাকি তুমি লেখাপড়া কম করেছ? দুঃখজনক বিষয় হচ্ছে যে তোমার বড় ভাইও তোমাকে সমর্থন করছেন না বা উত্সাহও দিচ্ছেন না। তবে পরীক্ষায় অকৃতকার্য হলে যে আমরা ছোট হয়ে যাই তা তো নয়। অনেক কারণেই আমরা পরীক্ষায় সাফল্য অর্জন নাও করতে পারি। পৃথিবীর অনেক বিখ্যাত লোকও জীবনের কোনো পর্যায়ে প্রাতিষ্ঠানিক শিক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েও তাঁদের প্রতিভার কারণে পরবর্তী সময়ে উজ্জ্বল তারকা হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। তোমার মধ্যেও তেমন অনেক প্রতিভা অবশ্যই রয়েছে। তুমি আবার নতুন উদ্যোগ নিয়ে লেখাপড়া শুরুও করেছিলে। তোমার যেহেতু আগ্রহ ও দক্ষতা দুটিই রয়েছে, প্লিজ, এখানে থেমে যেয়ো না। যে শিক্ষকেরা তোমাকে স্নেহ করেন, তাঁদের সঙ্গে দেখা করে বলো যে তাঁরা যেন তোমাকে এই সংকটময় মুহূর্তে দিকনির্দেশনা দেন। খুব ভালো হয় তাঁরা যদি তোমাকে লেখাপড়ার ব্যাপারে বিনা পারিশ্রমিকে কিছুটা সহায়তা দেন। কোনো একটি পর্যায়ে তাঁরা কেউ যদি তোমার বাবাকে উচ্চশিক্ষা গ্রহণের ইতিবাচক দিকগুলোও দেখাতে পারেন, তাহলে আরও ভালো হয়। বন্ধুবান্ধবের সঙ্গেও দূরত্ব সৃষ্টি না করে বিশ্বাসী কারও সঙ্গে তোমার কষ্টের কথাগুলো শেয়ার করো। সৃষ্টিকর্তার কাছেও আবেদন জানাও তিনি যেন তোমাকে শক্তি অর্জনে সহায়তা করেন। তোমার ভেতরের ইচ্ছাশক্তি ও মেধা তোমাকে অবশ্যই উচ্চশিক্ষা অর্জনের দিকে নিয়ে যাবে। বাবাকে যদি তাঁর কাজে কিছুটা সময় দিতেও হয়, তুমি নিজের প্রতিজ্ঞায় অটল থাকলে অবশ্যই বিলম্বে হলেও উচ্চশিক্ষা গ্রহণে সমর্থ হবে, এই বিশ্বাসটি ধরে রাখো।