এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য কমলাপুর থেকে রিকশায় করে মগবাজারে যাচ্ছিলাম। তার একটু আগেই বন্ধুর সঙ্গে কথা হয়। মগবাজারে কাছাকাছি গিয়ে দেখি অনেক যানজট। রিকশা ছেড়ে দিয়ে হাঁটা শুরু করি। কিছুক্ষণ হাঁটার পরই বিকট আওয়াজ। কানে তালা লাগার জোগাড়। কিসের শব্দ, বুঝে ওঠার আগেই আগুনের ফুলকি এসে পড়ল গায়ে। সারা শরীরে কাচের টুকরা এসে বিঁধল। আমি পড়ে গেলাম। তারপর কোনো রকমে উঠে দাঁড়াই। কষ্টে পেছনের দিকে সরে যাই।
জ্ঞান ফিরলে দেখি রিকশায় লোকজন তোলা হচ্ছে। তাঁরাই হাসপাতালে নিলেন আমাকে। প্রথমে আদ–দ্বীন হাসপাতাল, সেখান থেকে ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। এরপর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান লোকজন। এর মধ্যে নিজেই স্বজনদের খবর দিই। স্বজনেরা ছুটে আসেন।
আজ ১ জুলাই, বৃহস্পতিবার। চিকিৎসকেরা জানিয়েছেন, আমি শঙ্কামুক্ত। এখন বাসায় বিশ্রাম নিলেই চলবে। আজ আশা করি হাসপাতাল ছেড়ে চলে যাব। আমি স্ত্রী আর দুই সন্তান নিয়ে চট্টগ্রামেই থাকি। সেখানেই ব্যবসা আছে আমার। কিছুদিন পর হয়তো কাজে ফিরব। কিন্তু সেদিনের ঘটনা মনে পড়লে এখনো কেঁপে উঠি। জীবনে এমন বিকট আওয়াজ আমি আগে শুনিনি। বিস্ফোরণ ঠিক যেখানটায় হয়, সেখান থেকে কিছুটা দূরে ছিলাম বলে মনে হয় বেঁচে গেছি। সবই অবিশ্বাস্য মনে হচ্ছে। একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে।