এমন সর্বনাশা প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। আত্মহননের পথ বেছে নেন মো. হাসান ও জান্নাতুল ফেরদৌস l ছবি সংগৃহীত
প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। আত্মহননের পথ বেছে নেন মো. হাসান ও জান্নাতুল ফেরদৌস l ছবি সংগৃহীত

বছর বাইশের তরুণ মো. হাসান আর ষোলো বছরের জান্নাতুল ফেরদৌস। দুটি মন বাঁধা পড়েছিল ভালোবাসার বন্ধনে। স্বপ্ন দেখেছিল ঘর বাঁধার। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার। সেই পুরোনো দ্বন্দ্ব—মেয়েরা গরিব। বাবা কাঠমিস্ত্রি। আর ছেলেরা গ্রামের অবস্থাসম্পন্ন পরিবার। এ কারণে যা হওয়ার তা-ই হলো, প্রত্যাখ্যাত হলো এই প্রেমিক যুগলের সম্পর্ক। দুই তরুণ-তরুণীর স্বপ্ন স্বপ্নই থেকেই গেল। শত চেষ্টায়ও মন গলেনি অভিভাবকদের। শেষমেশ একসঙ্গে আত্মহননের পথ বেছে নিলেন হাসান আর জান্নাতুল। পাহাড়ি এলাকায় একটি কাঁঠালগাছে গলায় ওড়নায় ফাঁস লাগিয়ে একসঙ্গে আত্মহত্যা করলেন তাঁরা। ঘটনািট গত ২৩ সেপ্টেম্বরের। ঘটনাস্থল রাউজানের পাহাড়তলী।
মনে আছে পাঠক, এক বছর আগের এ রকম আরও একটি ঘটনার কথা। তা–ও রাউজানেই। ঘটনাস্থল নোয়াপাড়ার চৌধুরীপাড়া। সময়টা ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর। রমজান (২০) ও সুখীর (১৬) প্রেম মেনে নেয়নি পরিবার। এখানেও ধনী-গরিবের ব্যবধান। ছেলের পরিবার মেনে নেয়নি সম্পর্ক। এ কারণে আত্মহননের পথে এগোন তাঁরা। শেষে একটি গাছে ঝুলে আত্মহত্যা করেন। লিখে যান চিরকুট: ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দয়া করে আমাদের দেহগুলো কাটতে দেবেন না। আমাদের পাশাপাশি কবর দেবেন।’ অভিভাবকেরা শেষ ইচ্ছা পূরণ করেন। পাশাপাশিই তাঁদের কবর দেওয়া হয়। তখন এই ঘটনা নিয়ে সারা দেশে বেশ আলোচনা হয়।
এবার হাসান আর জান্নাতুলের ঘটনাও সাড়া ফেলেছে। সবার মুখে এক কথা, প্রেম এমন সর্বনাশা হবে কেন? আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, এলাকাবাসী কেউই মেনে নিতে পারছেন না তাঁদের এমন চলে যাওয়া।
হাসানের চাচাতো ভাই আয়েছ মাহমুদ বলেন, তাঁরা যে এ রকম একটা কাণ্ড ঘটাবেন, তা কেউ বুঝতে পারেনি। পরিবারের লোকজনও টের পাননি সম্পর্ক এই পর্যায়ে গেছে। তাঁরা অপেক্ষা করতে পারতেন। এই মৃত্যুতে এখন তাঁদের দুকূলই গেল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, আত্মঘাতী হওয়া অপরাধ। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আত্মহননকারীরা শুধু নিজের কথা ভেবেছেন, পরিবারের কথা একবারও ভাবেননি। তাঁরা স্বার্থপর। অবশ্য অভিভাবকদেরও সচেতন হতে হবে। সন্তান যদি কোনো কারণে এ রকম সম্পর্কে জড়ান, তাহলে তাঁকে বোঝাতে হবে।
দুটি পরিবারেই এখন চলছে মাতম। হাসানের মা–বাবা সারাক্ষণ কান্নাকাটি করে চলেছেন। দুই ভাই, দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন হাসান। আশা ছিল, তিনি একসময় সংসারের হাল ধরবেন। এসএসসি পর্যন্ত লেখাপড়া করার পর আর পড়া হয়নি। তাই তাঁকে বিদেশে পাঠানোরও চিন্তা ছিল পরিবারের।
এদিকে জান্নাতুলের পরিবারের সদস্যরা নির্বাক হয়ে গেছেন। পরিবারটির কারও মন মানতে চাইছে না বাড়ির ছোট মেয়েটি এভাবে সবাইকে কষ্ট দেবেন। দুই ভাইয়ের একমাত্র ছোট বোন। এমনিতেই অভাবের সংসার। বাবা মেয়েকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়িয়েছেন কোনো রকমে। তার পরও মেয়েকে ভালো পরিবারে বিয়ে দিয়ে সুখী দেখার ইচ্ছা ছিল তাঁদের। কিন্তু এখন সবকিছুই ফিকে হয়ে গেল। মা-বাবার মনে চেপে বসল জগদ্দল এক পাথর। সেই ভার কীভাবে বইবেন তাঁরা?

মোহিত কামাল, অধ্যাপক
মোহিত কামাল, অধ্যাপক

আত্মহননকারীদের জন্য মায়াকান্না দেখানোর সুযোগ নেই
মোহিত কামাল, অধ্যাপক
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
জীবনে ব্যর্থতা আসতেই পারে। তার সমাধান আত্মহত্যা নয়। ব্যর্থতা মেকাবিলা করে জীবন গড়াই হচ্ছে প্রকৃত মানুষের কাজ। আত্মহত্যা অপরাধ, আইনেও নিষিদ্ধ। ধর্মীয় ব্যাখ্যায় এটি এমন গর্হিত অপরাধ, যার কোনো ক্ষমা নেই। আর যারা আত্মহত্যা করেছে, তাদের প্রতি মায়াকান্না দেখানোর সুযোগ নেই। তারা অপরাধী। তারা সুন্দর জীবন খুন করেছে।
তবে তরুণ-তরুণীদের আত্মহত্যাপ্রবণতা রোধে অভিভাবকদের ভূমিকা বেশি। আমাদের সমাজে প্রেম করলে মা–বাবা মনে করেন সন্তান নষ্ট হয়ে গেছে। তখন তাঁরা বাধা হয়ে দাঁড়ান। আবেগ না বুঝে সন্তানকে বকাঝকা করেন। এ কারণে তাদের মধ্যে হতাশা চলে আসে। এ জন্য অভিভাবককে সচেতন হতে হবে। বুঝতে হবে ভালোবাসা কোনো অপরাধ নয়। সন্তানের আবেগকে সম্মান করতে হবে। যদি অসম কোনো সম্পর্ক হয়ে থাকে, সে ক্ষেত্রে বোঝাতে হবে মমতার পরশ দিয়ে। তার পাশে দাঁড়িয়ে কৌশলে তাকে মোকাবিলা করতে হবে। ধৈর্য ধরে তার সব কথা শুনতে হবে। কারণ, ভালোবাসা এমন এক আকর্ষণ, যার জন্য সে তার সঙ্গীর প্রতি গভীর টান অনুভব করে। ধনী-গরিব বৈষম্য মানে না। এর মধ্যে কেউ বাধা হয়ে দাঁড়ালেই আত্মঘাতী হয়ে ওঠে। এ জন্য জনসচেতনতা তৈরি জরুরি। মিডিয়াকেও এসব খবর প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আর যাদের আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠার আশঙ্কা থাকে, তাদের মানসিক চিকিৎসার মাধ্যমে এই পথ থেকে ফিরিয়ে আনা যায়।