এমনই জীবনযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনই জীবনযাপন
এমনই জীবনযাপন

প্রতি মাসের শেষের দিকে একটা ব্যাপার প্রায়ই ঘটে। পুরোনো জামা-কাপড়গুলো আমার দিকে তাকিয়ে কেমন যেন ভেংচি কাটে। চটিজোড়া পায়ে কেমন যেন বেমানান লাগে। ভাঙা সাইকেলে সওয়ার হয়ে গাড়ি-ঘোড়া আর মানুষের ভিড়ে ব্যস্ত রাস্তায় চলার সময় একঘেয়ে সতর্ক দৃষ্টি সংকোচে ফুটপাতের দিকে চলে যায়। রাস্তার দুপাশে সাজিয়ে রাখা লাল, নীল, হলুদ আরও কত রঙের টি-শার্ট। মনের অজান্তেই একটা শখ বিকেলের রোদ্দুরের মতো উঁকি দেয়। ‘না! বাসার জামা-কাপড়গুলো বড্ড পুরোনো হয়ে গেছে। টিউশনির টাকাটা পেলে আগে একটা ঝকঝকে (!) টি-শার্ট কেনা দরকার। একজোড়া চটি না হলেই নয়।’ এ রকম অব্যক্ত সংলাপ মনে মনে আওড়াতে থাকি প্রতিবার পড়াতে যাওয়ার সময় আর ফেরার সময়। তারপর একদিন ঘাম আর মেধার বিনিময়-মূল্য পকেটে নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে পড়ি টি-শার্ট নিতে। পরে দেখি কোনটা বেশি মানায়। এভাবে বাছাই করতে গিয়ে একসময় মনে পড়ে মেসের ভাড়া বাকি দুই মাসের। ভাড়া আর খাবারের বাকি জমা দিতেই উল্টো টান পড়ে যাবে টাকার। ‘মামা, গেঞ্জি পছন্দ হয় নাই’ বলে আলগোছে সরে পড়ি। মাস শেষের কুড়িয়ে পাওয়া শখটুকু পকেটেই রাখি। ভাঙা সাইকেলে চেপে একঘেয়ে ব্যস্ত রাস্তায় ঝাপসা চোখে এগোই। চোখ মুছে সতর্ক দৃষ্টি রাখি দূরে। সামনে যে আরও অনেকটা পথ।
ইসমাইল হোসেন
কারমাইকেল কলেজ, রংপুর।