এমনই বেহাল সড়ক

‘পাঁচ কিলোমিটার সড়কের পুরোটাই গর্ত আর গর্ত। গাড়িতে উঠলে মনে হয়, এই বুঝি উল্টে গেল। সারাক্ষণ আল্লাহ আল্লাহ করি। হেঁটে যাব ওই অবস্থাও নেই। সমানে ওড়ে ধুলাবালু। এই ভোগান্তি থেকে মুক্তি মিলছে না আমাদের।’
ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন ফটিকছড়ির কর্ণফুলী চা-বাগানের শ্রমিক মো. ইকবাল (২৮)। ফটিকছড়ির পৌর সদরের চৌমুহনী থেকে বাগান পর্যন্ত পাঁচ কিলোমিটারের সড়কটির এমনই করুণ অবস্থা। এই সড়কে চলাচলকারী ব্যক্তিদের ভোগান্তির শেষ নেই।
জানা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলার লেলাং, সন্ন্যাসীরহাট, চৌমুহনী, রাঙ্গামাটিয়া, কাঞ্চনগর, ছাড়ালিয়াহাটসহ বিভিন্ন অঞ্চলের লক্ষাধিক মানুষ যাতায়াত করে। সড়কের বেহাল অবস্থার কারণে ১৫ মিনিটের পথ যেতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। আর এ সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করেন অটোরিকশা চালকেরা।
কর্ণফুলী চা-বাগানের সহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, এটি অন্যতম বৃহত্তম চা-বাগান। সরকার প্রতিবছর এই বাগান থেকে পাঁচ লাখ টাকার বেশি রাজস্ব নেয়। কিন্তু সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। সড়কটির করুণ কাহিনি জানিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কতৃর্পক্ষের কাছে জানানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ অংশে সড়কের চিহ্ন নেই। ইট-সুরকি উঠে গেছে। আর সমানে উড়ছে ধুলাবালু। নাকে কাপড় গুঁজে চলাফেরা করছে যাত্রীরা। আশপাশের গাছেও পড়েছে ধুলার আস্তরণ।
ফটিকছড়ি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মুহাম্মদ ইশতিয়াক বলে, ‘বাগানসংলগ্ন বাড়ি থেকে কলেজে আসার এ সড়কই একমাত্র মাধ্যম। ভাঙা সড়কের কারণে গাড়িভাড়া বাড়তি দিতে হয়। এর ফলে কলেজে আসাও কমিয়ে দিয়েছি।’
অটোরিকশাচালক মুহাম্মদ খোরশেদ বলেন, ‘রাস্তা যেভাবে ভেঙেছে, তাতে দিনে দুই থেকে তিনবার আসা-যাওয়া করলে গাড়ির অনেক যন্ত্রাংশ নষ্ট হয়। তাই ভাড়া কিছুটা বাড়তি নিই।’
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, পাঁচ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। ২০০৪ সালে এক কিলোমিটার অংশে কার্পেটিংয়ের কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা ম্যাকাডামের কাজ করে উপকরণের দাম বাড়ার অজুহাতে কাজ ফেলে চলে যায়। পরে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হলেও কাজ আর এগোয়নি।
এ প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস বলেন, সড়কটির উন্নয়নে শিগগির দরপত্র আহ্বান করা হবে।