
আমার আগে কারা এখানে সমাবর্তন-বক্তৃতা করে গেছেন, সে তালিকা আমি দেখেছি। নোবেল বিজয়ী, জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...
আর তোমরা কাকে পেলে? এক লোক, যে কি না কার্টুনে ঘোড়ার কণ্ঠ দেয়!
তোমরা ভাবতে পারো কোন ঘোড়ার কথা বলছি। স্পিরিট: স্ট্যালিয়ন অব দ্য কিম্যারন ছবিটা দেখলেই প্রশ্নের উত্তর পাবে। তবে হ্যাঁ, একটা কার্টুন ঘোড়া হিসেবে আমি দারুণ কাজ দেখিয়েছিলাম!
দেখ, আমার এমনকি একটা কলেজ ডিগ্রিও নেই। তোমরা হয়তো শুনেছ, আমি হার্ভার্ডের ছাত্র ছিলাম। কিন্তু আমি হার্ভার্ড থেকে স্নাতক সম্পন্ন করতে পারিনি। খুব কাছাকাছি গিয়েছিলাম। তখন চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে এতটাই জড়িয়ে পড়েছিলাম যে সব কোর্স শেষ করতে পারিনি। যদিও আমার ক্লাসের অন্যান্য বন্ধুর সঙ্গে আমাকে সমাবর্তন-টুপি আর গাউন পরে হাঁটতে হয়েছে। আমার মা-বাবা-ভাই সেখানে ছিলেন। কিন্তু সত্যি বলতে, আমি কখনোই কোনো ডিগ্রি পাইনি।
তোমরা বলতে পারো, আমি একজন নকল স্নাতক।
অতএব বুঝতেই পারছ, যখন প্রেসিডেন্ট রিয়েফ আমাকে আমন্ত্রণ জানালেন এখানে বক্তৃতা করার জন্য, আমি কতটা রোমাঞ্চিত বোধ করছিলাম! একই সঙ্গে তোমরা নিশ্চয়ই আমার দুঃখটাও অনুভব করতে পারছ। আজ এই সমাবর্তন অনুষ্ঠানে থেকে সবাই একটা ডিগ্রি নিয়ে ফিরবে, একমাত্র এই অধম সমাবর্তন-বক্তা ছাড়া!
অতএব হ্যাঁ, আজ জীবনে দ্বিতীয়বারের মতো আমি নকল স্নাতক হচ্ছি। আজও মা-বাবা-ভাই আমার সঙ্গে আছেন। আমার স্ত্রী আর সন্তানেরাও আছে। স্বাগতম বাচ্চারা, বাবার নকল স্নাতক অনুষ্ঠানে এসে তোমরা নিশ্চয়ই গর্বিত!
না, আমি এখানে পড়তে পারিনি। কিন্তু আমি এখানে বড় হয়েছি। আমি এমআইটিরই প্রতিবেশী। এই মনোরম জায়গাটার ছায়ায় আমার বেড়ে ওঠা। আমার ভাই কাইল, আমার বন্ধু বেন অ্যাফ্লেক (সে অবশ্য এখনো বড় হয়নি!)—আমাদের সবার ছেলেবেলা কেটেছে এই শহরে।
আমাদের কাছে এমআইটি ছিল একটা বিশালাকৃতির দৈবশক্তিসম্পন্ন মানুষের মতো— ছেলেবেলায় যার সামনে দাঁড়ালে বুক কাঁপত!
যেভাবেই হোক, আজ এখানে আসতে পেরে আমার ভালো লাগছে। এখনো হয়তো সেই ছেলেবেলার মতো শ্রদ্ধায় বুক ধুকপুক করার অনুভূতিটা টের পাচ্ছি। কিন্তু আমি জানি, এটা একটা অসাধারণ স্কুল। বোস্টনে এমআইটিকে পেয়ে আমরা গর্বিত। আমরা সৌভাগ্যবান, বিশ্বের আনাচকানাচ থেকে তোমরা এসেছ বলে।
এই ভবনে অদ্ভুত সব কাজ তোমরা কর। থিওরি, মডেল, প্যারাডাইম শিফট...এসব বুঝতে গেলে আমি হয়তো পাগলই হয়ে যাব।
কিন্তু আমি আজ অন্য একটা থিওরির কথা বলব। ‘সিমুলেশন থিওরি’। এই তত্ত্বের কথা তোমরা হয়তো শুনেছ। হয়তো ম্যাক্স টেগমার্কের ক্লাসও করেছ। যারা জানো না, তাঁদের বলি। অক্সফোর্ডের দার্শনিক নিক বোসট্রম এই তত্ত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবীর বাইরে হয়তো সত্যিই এমন কোনো বুদ্ধিমান প্রাণী আছে, যারা এতটাই উন্নত যে পুরো পৃথিবীটাই আসলে তাদের কল্পনা। ব্যাপারটা আমি যা বুঝেছি, তা অনেকটা এমন—অনেক দূরের কোনো বুদ্ধিমান প্রজাতির কল্পনায় হয়তো আমাদের বসবাস। তারা হয়তো সংখ্যায় এক বা অসংখ্য। কিংবা কে জানে কোনো বিশাল কম্পিউটার গেমের ভেতরে হয়তো আমরা আছি, আমরা জানিও না।
মজার ব্যাপার হলো, অনেক পদার্থবিদ, মহাবিশ্ব তত্ত্ববিদ কিন্তু এই ধারণাকে একেবারে হেসে উড়িয়ে দেননি। নিল ডিগ্রাস টাইসনের (যুক্তরাষ্ট্রের একজন জোতির্পদার্থবিজ্ঞানী) সঞ্চালনায় আমি এ বিষয়ে একটা আলোচনা অনুষ্ঠান দেখেছিলাম। সেখানে আলোচকেরা এ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। এমনকি টাইসনও বলেছেন, সিমুলেশন থিওরি সঠিক হওয়ার সম্ভাবনা শতকরা ৫০ ভাগ।
আমি জানি না এই তত্ত্ব কতটা বিজ্ঞানসম্মত। অত কিছু বুঝিও না। কিন্তু যেহেতু এই তত্ত্বের ভেতর অনেক সংখ্যার আঁকিবুঁকি আছে, তাই আমি এটা দেখে মোটামুটি মুগ্ধ হয়েছি! ভাবতে বসেছি, যদি সত্যি আমরা কারও কল্পনা হই! খুবই উদ্ভট একটা ভাবনা, তবু, যদি সত্যি হয়?
অধ্যাপক টেগমার্ক এ সম্পর্কে একটা চমৎকার কথা বলেছেন, ‘আমার উপদেশ হলো, বেরিয়ে পড়ো এবং দারুণ সব কাজ করো। যেন যার কল্পনায় তোমার বসবাস, সে যেন এই কল্পনা চালিয়ে যায়।’
আবার ভাবি, এই ‘সিমুলেশন থিওরি’ যদি সত্যি না হয়? সে ক্ষেত্রেও আমার কথা একই। আমরা কী করছি, দিন শেষে সেটাই বড় কথা। শেষ অবধি আমরা আমাদের কাজের প্রতিফলনই পাব।
অতএব এমআইটির বন্ধুরা, তোমাদের বেরিয়ে পড়তে হবে। দারুণ সব কাজ করতে হবে। উদ্ভাবন করতে হবে। কারণ এই পৃথিবী...হোক সেটা বাস্তব বা কাল্পনিক...এই পৃথিবীতে সত্যিই কিছু সমস্যা আছে। সব ফেলে সেই সমস্যা সমাধানই তোমাদের লক্ষ্য হওয়া উচিত।
ইংরেজি থেকে অনুবাদ: মো. সাইফুল্লাহ
সূত্র: এমআইটি নিউজ