এমনি করে কাটবে গো দিন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোজিনা মুস্তারীন
রোজিনা মুস্তারীন

দিন কেটে যায়। এক দিন, দুই দিন, তিন দিন। সময়ের আবর্তে হারিয়ে যায় একের পর এক দিন। সূর্য ওঠে...কখনো মেঘে ঢেকে যায়। আবার সূর্য ডোবে গোধূলির রং ছড়িয়ে দিয়ে। কখনো ঢেকে গেলে কমলা রং রোদ আর দেখা যায় না। আঁধারে চাঁদ হাসে। কখনো পূর্ণিমা জ্যোৎস্নার নরম আলো বিছিয়ে দেয়। কখনো ঘুটঘুটে আঁধার—অমাবস্যা। আলো-আঁধারির এই খেলা চলে তার আপন গতিতে।
আর আমি? চুপচাপ বসে থাকি। রাত কাটে তো দিন কাটে না। দিন কাটে তো রাত কাটে না। একাকী বসে বসে ভাবি। আঁধারের আকাশের দিকে তাকিয়ে থাকি। এ কেমন খেলা!
১৪ এপ্রিল, পয়লা বৈশাখ। বাংলাদেশের মানুষের কত আনন্দ এই দিনকে ঘিরে। আমাদের পরিবারেও এই দিন, এই বৈশাখ বড় আনন্দের ছিল। হাসি-খুশি-আনন্দে ভরা একটি পরিবারে দুটি কন্যা শামা, টুশি আর ছেলে মিশুক। সবাই মিলে পরিবারে উচ্ছ্বাস ছিল প্রচুর।
এপ্রিল মাসের ৮ তারিখ আমাদের কন্যা রোজিনা মুস্তারীন টুশির জন্মদিন। ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ আমাদের বিয়েবার্ষিকী। ২০০২ সালের ২৭ এপ্রিল টুশির পৃথিবী ছেড়ে চলে যাওয়ার দিন। পরের দিন ২০০২ সালের ২৮ এপ্রিল আমার বাবারও শেষনিশ্বাস রাখার দিন। আর ২০১৫ সালে ঘুরে ঘুরে ২৪ এপ্রিল আমার মায়ের মৃত্যুর দিন।
এ কেমন রহস্য আমাদের জীবনে। এপ্রিল মাস আর বৈশাখ এল কেবল দুঃখ নিয়ে। পৃথিবী এত সুন্দর, এত মমতার। আবার এত কষ্টের।
আমার চোখে মিষ্টি হাসি নিয়ে এখনো দৌড়ে বেড়ায় আমার কৃষ্ণচূড়া কন্যা।
সেই সব দিন আর কখনোই আসবে না। আমার মায়ের মিষ্টি হাসি আর কখনো দেখতে পাব না।
আজ দিন যায়। চলে যাবে আর আমরা দিনগুলো বিবর্ণতায় পার করব। আমাদের বড় মেয়ে শামা যন্ত্রকৌশল প্রকৌশলী। অনেক দিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে চাকরি করেছে। এখন বাংলাদেশে আছে। আমরা সবাই মিলে আছি। জীবন যখন যেমন।
এভাবেই একদিন সবাইকে চলে যেতে হবে। এ পৃথিবীতে এত কম আয়ু কেন মানুষের?
ফুল ফোটে। পাখি ডাকে। সবই সুন্দর। হাসি-কান্নায় গড়া দুই দিনের এই পান্থশালায় মানুষ খানিক শুধু কাটায় দিন।
লেখক: রোজিনা মুস্তারীনের মা