এমবিএ এবার ছুটির দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্ধ্যকালীন এমবিএই এখন বেশি প্রচলিত। প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়েও এখন সান্ধ্যকালীন এমবিএ করার সুযোগ মিলছে। চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ আছে বলেই সান্ধ্যকালীন এমবিএ দ্রুত জনপ্রিয় হচ্ছে। তবে সন্ধ্যার মধ্যে অফিস শেষ করে ক্লাসে যেতে যাঁদের বেগ পেতে হয়, তাঁদের জন্য নতুন একটি এমবিএ প্রোগ্রাম নিয়ে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেউই); উইকেন্ড এমবিএ। নাম শুনেই বোঝা যাচ্ছে কেবল ছুটির দিনগুলোয় ক্লাস হবে এ প্রোগ্রামে। নতুন ধরনের এই এমবিএ প্রোগ্রাম সম্পর্কে আইবিএ-জেইউর পরিচালক বখতিয়ার রানা বলেন, ‘বাংলাদেশে বিবিএ প্রোগ্রাম প্রথম শুরু হয় আইবিএ-জেইউ থেকে। দেশে বিবিএ শিক্ষার পথিকৃৎ হিসেবে আইবিএ-জেইউ ব্যবসায় প্রশাসনে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করেছে। কর্মক্ষেত্রে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে আজ আমাদের শিক্ষার্থীরা তাঁদের মেধা ও যোগ্যতার প্রমাণ রাখছেন। এরই ধারাবাহিকতায় আমরা উইকেন্ড এমবিএ প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। এতে বিশেষত দেশের পেশাজীবীরা চাকরির পাশাপাশি স্বচ্ছন্দে মানসম্মত এমবিএ করার সুযোগ পাবেন।’যাঁদের জন্য এই এমবিএস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকেরা এই এমবিএ প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন; তবে তাঁদের আগের পড়াশোনার ফলাফলের ভিত্তিতে একটা ন্যূনতম মান (সাত পয়েন্ট) অর্জন করতে হবে। এসএসসি/এইচএসসির ফলাফলের জন্য পয়েন্ট বণ্টন হয়েছে এভাবে—প্রথম বিভাগ/জিপিএ-৪-এর জন্য তিন পয়েন্ট; দ্বিতীয় বিভাগ/জিপিএ-৩-এর জন্য দুই পয়েন্ট এবং তৃতীয় বিভাগ/জিপিএ-১-এর জন্য এক পয়েন্ট। এ ছাড়া স্নাতকে (পাস) প্রথম বিভাগের জন্য চার পয়েন্ট, দ্বিতীয় বিভাগ তিন পয়েন্ট ও তৃতীয় বিভাগ অর্জনকারীরা দুই পয়েন্ট পাবেন। চার বছরের স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ-৩ দশমিক ৫-এর বেশি হলে পাঁচ পয়েন্ট, ৩-এর বেশি হলে চার পয়েন্ট ও ২ দশমিক ৫-এর বেশি হলে তিন পয়েন্ট পাবে। এর বাইরেই স্নাতকোত্তর ডিগ্রির জন্য এক পয়েন্ট যোগ হবে। এ প্রসঙ্গে আইবিএ-জেইউর সহযোগী অধ্যাপক শুদ্ধস্বত্ব রফিক বলেন, ‘মূলত চাকরিজীবীদের কথা মাথায় রেখে এ প্রোগ্রামের ডিজাইন করা হলেও সদ্য স্নাতক নিয়মিত শিক্ষার্থীরা এই এমবিএ প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন।’ ডব্লিউ-এমবিএর বিস্তারিতআইবিএ-জেইউর উইকেন্ড এমবিএ প্রোগ্রামে আটটি বিষয়ে এমবিএ করা যাবে; এগুলো হলো ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, কোয়ান্টেটিটিভ বিজনেস অ্যানালিসিস, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল বিজনেস। এই এমবিএ প্রোগ্রাম মোট ৬০ ক্রেডিটের। প্রতি কোর্স তিন ক্রেডিট হিসেবে মোট ২০টি কোর্স করতে হবে। তবে আগের পড়াশোনার ওপর ভিত্তি করে একজন সর্বোচ্চ পাঁচটি কোর্স পর্যন্ত মওকুফ (ওয়েভার) পেতে পারেন। বছরে তিনটি চার মাসের সেমিস্টার হবে। প্রতি সেমিস্টারে কমবেশি কোর্স নিয়ে এমবিএ শেষ করা যাবে দুই থেকে ছয় বছরের মধ্যে। আইবিএ-জেইউর উইকেন্ড এমবিএর খরচপাতি নিয়মিত এমবিএর চেয়ে আলাদা। প্রতি ক্রেডিট দুই হাজার ৪০০ টাকা, পাঁচ হাজার টাকা ভর্তি ফিসহ এমবিএ শেষ করতে মোট খরচ পড়বে এক লাখ ৩৬ হাজার থেকে এক লাখ ৭২ হাজার টাকা। ক্লাস হবে মূলত ছুটির দিন তথা শুক্র ও শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যেকোনো সময়।ভর্তি হতে হলেআইবিএ-জেইউর উইকেন্ড এমবিএ প্রোগ্রামের প্রথম ব্যাচের ভর্তি ফরম ছাড়া হয়েছে। ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। ফরম সংগ্রহ করা যাবে আইবিএ-জেইউ অফিস কিংবা ওয়েবসাইট (www.iba-ju.org) থেকে। ফরম পূরণ করে এর সঙ্গে কো-অর্ডিনেটর, উইকেন্ড এমবিএ, আইবিএ-জেইউ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরাবর ৬০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ জমা দিতে হবে আইবিএ-জেইউ অফিসে। ভর্তি পরীক্ষা হবে ১৯ আগস্ট। ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে। এ বিষয়ে তথ্য জানতে আইবিএ-জেইউর ওয়েবসাইট ছাড়াও প্রয়োজনে যোগাযোগের ফোন নম্বর: ৭৭৯১০৪৫-৫১ বর্ধিত-১৪৪৮ অথবা ০১৭৩০৬৪১০৭৩। এবং ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়।