এরশাদের কবিতা বিশ্লেষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিবতাটি হুসেইন মুহম্মদ এরশাদ রচিত। ৫ মে ঢাকায় জাপার একটি সভায় স্ত্রী রওশন এরশাদকে নিয়ে লেখা এই কবিতাটি পড়ে শোনান তিনি।  প্রচ্ছদ: জুনায়েদ আজীম চৌধুরী
কিবতাটি হুসেইন মুহম্মদ এরশাদ রচিত। ৫ মে ঢাকায় জাপার একটি সভায় স্ত্রী রওশন এরশাদকে নিয়ে লেখা এই কবিতাটি পড়ে শোনান তিনি। প্রচ্ছদ: জুনায়েদ আজীম চৌধুরী

নিঃসঙ্গ ধূসর বিশাল এক অন্ধকারে
আমি জেগে আছি
কোথায় উষার জ্যোতি
কতদূর আলোর মৌমাছি?
আলোচ্য পঙ্ক্তিগুলো সাবেক রাষ্ট্রপতি, পল্লিবন্ধু, বিশ্বপ্রেমিক ও মানবতার কবি হুসেইন মুহম্মদ এরশাদের একটি উত্তরাধুনিক কবিতা। কদিন আগে একটি সভায় প্রস্থানরত স্ত্রী রওশনের হাত ধরে থামিয়ে তিনি এই পঙ্ক্তিগুলো শোনান এবং বলেন, ‘রওশন আমার আলোর মৌমাছি।’
কিন্তু কেন এই কথা? কী ভাব আসলে এই কবিতার, বিশ্লেষণেই বেরিয়ে আসে সবকিছু। খেয়াল করলে দেখা যায়, প্রথম লাইনেই কবি বলেছেন, সেই অমোঘ সত্য; যা এর আগে কেউ কখনো বলেনি। কবি বলেছেন, ‘নিঃসঙ্গ ধূসর বিশাল এক অন্ধকারে...।’ এই একটি লাইন দিয়ে কবি এরশাদ তাঁর ব্যক্তিগত তথা জাতীয় জীবনের অবস্থান ব্যক্ত করেছেন। কবি এখানে নিঃসঙ্গ, আসলে কে না নিঃসঙ্গ? পাশাপাশি দুটি মানুষ বসে বসে মাথা গুঁজে রাখে মোবাইল ফোনে। এক ঘরে থেকেও কথা হয় না দিনের পর দিন। পৃথিবীজুড়ে মানুষ তাই কবির মতো নিঃসঙ্গ। আর এই এক শ বছরের নিঃসঙ্গতার ভেতর যুক্ত হয়েছে ধূসরতা। বৃষ্টিহীন শহরে সূর্যের তাপ আর আন্ডার কন্সট্রাকশন মিলে চারদিকে এখন ধুলা আর বালু। চোখ মেলে তাকালে সিএনজিচালিত অটোরিকশা ছাড়া সবুজ নেই কোথাও! কী অবর্ণনীয় ধূসর অবস্থা! আর এর মধ্যে থেকে থেকে লম্বা লোডশেডিং। এই লম্বা লোডশেডিংকে কবি উল্লেখ করেছেন ‘বিশাল এক অন্ধকার’ বলে। এবং তারপরেই, দ্বিতীয় লাইনেই তিনি বলেছেন সেই রহস্যময় কথা। বলেছেন, ‘আমি জেগে আছি...।’
কেন জেগে আছেন কবি? কী হয়েছে তাঁর? মাথাব্যথা? দাঁতব্যথা? পেটের পীড়া? নাকি আরও সিরিয়াস কিছু? ইনসমনিয়া? ঘুমের ওষুধ ফুরিয়ে গেছে?

.
.

নাহ্, এসব কিছুই নয়। কবি জেগে আছেন কারণ, কবি ফেসবুকিং করছেন। ধূসর আবহাওয়ায় দীর্ঘ লোডশেডিংয়ের ভেতর কবি জেগে জেগে ফেসবুকিং করছেন।
আর এই জেগে জেগে ফেসবুকিং করার পেছনে কবির উদ্দেশ্য রয়েছে। কেননা পরের লাইনেই তিনি লিখছেন, ‘কোথায় উষার জ্যোতি?’
অর্থাৎ ‘উষার জ্যোতি’ নামের একটি অ্যাকাউন্ট খুঁজছেন কবি। উষার জ্যোতির প্রোফাইল পিকচারে ছিল এক দিশা হারানো বিদেশি সুন্দরীর ছবি। তার সঙ্গে দীর্ঘদিন ধরে চ্যাটবক্সে কবির কথাবার্তা হয়। কবি তাকে নানা রকমের ইমোটিকন পাঠান। মাঝে দুয়েকটা কবিতার লাইনও পাঠান। উষার জ্যোতি খুশি হয়ে ভালোবাসার কথা লেখে। কবির উৎসাহ তাতে দ্বিগুণ হয়। কিন্তু মাত্র দুদিন আগে কবি উষার জ্যোতিকে দেখতে চাইলে উষার জ্যোতি কবিকে ব্লক মারে! কবি এটা বিশ্বাস করে উঠতে পারেননি। কবি তাই এখনো রাত জেগে জেগে উষার জ্যোতি অ্যাকাউন্টটি খুঁজে চলেছেন। কবির কিছুই ভালো লাগে না। ঠিক এ রকম সময় আরেকটা অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পান তিনি। অ্যাকাউন্টের নাম ‘আলোর মৌমাছি’। কবি উষার জ্যোতিকে ভুলে আলোর মৌমাছির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। সঙ্গে সঙ্গে ইনবক্সে মেসেজ আসে আলোর মৌমাছির কাছ থেকে। কবি খুব খুশি হন। নিশ্চয়ই ভালোবাসার কথা লিখেছে এই নতুন আইডি। কবি কাঁপা কাঁপা হাতে ইনবক্স ওপেন করেন। কিন্তু হায় হায়, ইনবক্সে লেখা, ‘তুমি এখনো জেগে আছ? তোমাকে না কতবার বলেছি, একদমই রাত জাগবে না? রাত জেগে জেগে খালি কবিতা লেখা আর ইটিশ-পিটিশ, না? তোমার ইটিশ-পিটিশ ধরার জন্যই আজকে আমি নতুন আইডি খুলেছি, বুঝতে পেরেছ? হয় তোমার ইটিশ-পিটিশ বন্ধ করো, না হয় এসে এমন ব্যবস্থা করব যে তোমার পালানোর রাস্তা থাকবে না!’
তাই তো কবিতায় কবি লেখেন, ‘কতদূর আলোর মৌমাছি?’ কবি এটা জানতে চান কারণ, তাঁর ভয় সত্যি সত্যিই পালানোর আর কোনো পথ থাকবে না!
ওদিকে ইনবক্সে আলোর মৌমাছি বারবার লিখতে থাকেন, ‘কী হলো, কথা বলছ না কেন? কোথায় তোমার কথার ফুলঝুরি আর কোথায় তোমার কাব্য?’
কবি উত্তরে শুধু লেখেন, ‘কবি নীরব।’