জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ রাজনীতিতে ৫৮টি দল নিয়ে নতুন জোট গঠন করেছেন, যার ৫৬টিই অনিবন্ধিত। কৌতূহলী হয়ে অনিবন্ধিত এই দলগুলোর খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছে রস+আলো। অনেক খোঁজাখুঁজির পর কয়েকটি দলের পরিচিতি বের করলেন রাফি আদনান
* সম্মিলিত প্রেম দল
দলের প্রধান: এইচ এম এরশাদ
প্রধান কার্যালয়: বোটানিক্যাল গার্ডেন, ঢাকা
উদ্দেশ্য: দেশ ও জাতির স্বার্থে সব প্রেমে সাফল্য এনে দেওয়া
প্রতিপাদ্য: প্রেম চাই, প্রেম চাই। প্রেম ছাড়া জীবন নাই।
* বাংলাদেশ জাতীয় রোমান্টিক শ্রমিক দল
দলের প্রধান: এইচ এম এরশাদ
প্রধান কার্যালয়: কারওয়ান বাজার, ঢাকা
উদ্দেশ্য: যুগলদের কম খরচে রিকশা, অটোরিকশা ভাড়া দেওয়া
প্রতিপাদ্য: জাতীয় রোমান্টিক শ্রমিক দলে যোগ দিন, ডেটিং খরচের চিন্তা বাদ দিন!
* রোমান্টিক কংগ্রেস পার্টি
দলের প্রধান: এইচ এম এরশাদ
প্রধান কার্যালয়: চন্দ্রিমা উদ্যান, ঢাকা
উদ্দেশ্য: এই দলের দলনেতারা ম্যারেজ মিডিয়া বা ঘটকের মতো সবার কাছে প্রেম বা ভালোবাসা লিফলেটসহ ছড়িয়ে দেওয়ার চেষ্টায় একতাবদ্ধ!
প্রতিপাদ্য: আমাদের এই কংগ্রেস, ভালোবাসা ছড়ানোর কংগ্রেস। দলে দলে যোগ দিন, ভালোবাসা খুঁজে নিন।
* পল্টিবাজ সোসাইটি
দলের প্রধান: এইচ এম এরশাদ
প্রধান কার্যালয়: মতিঝিল, ঢাকা
জোটের উদ্দেশ্য: মানুষ বৈচিত্র্য পছন্দ করে। এক জায়গায় স্থির থাকতে পারে না কখনোই। আজ একে ভালো লাগে, কাল ওকে। তাই বারাক ওবামার ভাষায় বলতে হয়, ‘উই নিড চেঞ্জ!’
প্রতিপাদ্য: মানুষ আমি, আমার কেন পাখির মতো মন।
* স্বৈরাচারী প্রেমিকা পার্টি
দলের প্রধান: উপযুক্ত নারীনেত্রীর অভাবে এখানেও জোটপ্রধান এইচ এম এরশাদ
প্রধান কার্যালয়: বনানী, ঢাকা
জোটের উদ্দেশ্য: স্বৈরাচারী প্রেমিকাদের অধিকার আদায় করে দেওয়াই এই জোটের মূল উদ্দেশ্য। যাঁরা শাসিত নয়, শোষক হতে চান, তাঁদের অধিকার আদায়ের ঢাল এই জোট।
প্রতিপাদ্য: অধিকার আদায়ে এক হও, গণতন্ত্র নিপাত যাক, স্বৈরাচার প্রেম মুক্তি পাক।
* নিখিল বাংলা চিরসবুজ পার্টি
দলের প্রধান: এইচ এম এরশাদ
প্রধান কার্যালয়: গ্রিন রোড, ঢাকা
জোটের উদ্দেশ্য: বয়স বাড়া মানেই বুড়ো হয়ে যাওয়া নয়। বয়স নয়, মনটাই আসল। ৫০ বছর বয়স হলেও নিজেকে ১৮ বছর বয়সী তরুণ মনে করে দিন কাটানোতে উদ্বুদ্ধকরণই এই জোটের মূল উদ্দেশ্য।
প্রতিপাদ্য: ১৮ বছর বয়স মাথা নোয়াবার নয়, সব নারীর ছবিতে লাভ রিঅ্যাকশন দিতে রেখ না দ্বিধা-ভয়।