এরা এখন বিষফোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগে রাজমিস্ত্রির কাজ করে দিনে আয় করতাম ২০০-২৫০ টাকা। কিন্তু এখন ১০০-১৫০ টাকায় কাজও মিলছে না। সব কাজ বাগিয়ে নিচ্ছে রোহিঙ্গারা। তারা দিনে ৭০-৮০ টাকায়ও মজুরি খাটছে। এখন দেশে গিয়ে (রংপুর) রিকশা চালানোর কথা ভাবছি।’ রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের শ্রমবাজারের মন্দা পরিস্থিতির চিত্রটি এভাবেই ফুটে উঠেছে শহরের গাড়ির মাঠ এলাকার বাসিন্দা নেছার আহমদের কথায়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন স্থানে রোহিঙ্গারা অবৈধ বসতির পাশাপাশি শ্রমবাজারও দখল করে নিয়েছে। অনেকেই স্থানীয়দের সঙ্গে মারামারি ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ফলে এরা এখন এলাকার জন্য বিষফোড়া হিসেবে চিহ্নিত হচ্ছে। রোহিঙ্গা প্রতিরোধ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হক জানান, রোহিঙ্গাদের অত্যাচারে জেলার প্রায় ২৩ লাখ মানুষ অতিষ্ঠ। মিয়ানমারের কয়েকটি বিদ্রোহী জঙ্গি সংগঠন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে: পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানান, রোহিঙ্গাদের কারণে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। চুরি, ডাকাতি, ছিনতাইসহ অসামাজিক কাজকর্মেও তারা জড়িত। এদের নিয়ন্ত্রণ করা না গেলে পরবর্তী সময়ে জাতীয় সমস্যা তৈরি হতে পারে। পুলিশ সূত্র জানায়, গত ২৬ এপ্রিল জেলার উখিয়া ও রামু উপজেলার মধ্যবর্তী গোলিয়া পাহাড়ে পুলিশের সঙ্গে ডাকাতদলের কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধে ১১ ডাকাত নিহত হন। তাদের মধ্যে ১০ জনই রোহিঙ্গা। জেলার প্রবীণ শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, ‘রোহিঙ্গারা এ দেশে অবৈধ বসবাস ছাড়াও জমি কিনে ঘর বাঁধছে। অনেকে ব্যবসা-বাণিজ্য করে কোটিপতি হচ্ছে। ভোটার তালিকায় নাম তুলে বাংলাদেশি সাজে। এ ক্ষেত্রে সরকার একেবারে উদাসীন।’ জনশক্তি রপ্তানিতে ধস : কক্সবাজার অঞ্চলে বসবাসকারী রোহিঙ্গারা ভুয়া পাসপোর্ট তৈরি করে ঝুঁকি নিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদিআরব, দুবাই, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। এতে বৈধ পথে দেশের জনশক্তি রপ্তানিতে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত ১৫ বছরে ভুয়া পাসপোর্ট তৈরি করে ২০ হাজারের বেশি রোহিঙ্গা বিদেশে পাড়ি জমিয়েছে । সমুদ্র পথে গেছে আরও ৬০ হাজারের বেশি। এরা বিদেশে বাংলাদেশি সেজে চাকরি করায় দেশের নাগরিকেরা চাকরি পাচ্ছে না। পোলিও মুক্ত হচ্ছে না দেশ : কক্সবাজারের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) অজয় ঘোষ জানান, মিয়ানমারে পোলিও রোগের প্রকোপ ব্যাপক। রোহিঙ্গাদের সঙ্গে পোলিওর ব্যাপক বিস্তার ঘটছে এ দেশে। তাই বাংলাদেশকে পোলিও মুক্ত দেশ ঘোষণা দেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া গত আড়াই বছরে কক্সবাজারে এইডস রোগে ১২ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে রোহিঙ্গা রয়েছেন আটজন। গোপনীয় তথ্য পাচার: নানা কৌশলে মিয়ানমারের নাগরিকেরা এসে আমাদের দেশের গোপনীয় তথ্য সে দেশে (মিয়ানমারে) পাচার করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। মিয়ানমারের অনেক নাগরিক ব্যবসা- বাণিজ্যের নামে কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তাঁরা মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে এ দেশের গোপন তথ্য মিয়ানমারের সামরিক জান্তার কাছে পৌঁছে দিচ্ছেন। অনেকে গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও করে পাচার করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর ১২ ফেব্রুয়ারি কোস্টগার্ড বাহিনীর সদস্যরা টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার নাফ নদীতে অভিযান চালিয়ে তথ্য পাচারের অভিযোগে একটি ট্রলারসহ মিয়ানমারের আট নাগরিককে আটক করেন।কোস্টগার্ড বাহিনী সূত্র এর সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, জাহাজ, প্যারেড, মানচিত্রসহ নানা স্থাপনার ছবি, কাগজপত্র ও একটি স্যাটেলাইট টেলিফোন সেট জব্দ করা হয়। পুশব্যাক দাবি: মিয়ানমারের রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর দাবিতে আন্দোলনে নামছে টেকনাফ ও উখিয়ার দুটি সংগঠন। সমপ্রতি সংগঠনগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ১১ দফা দাবি তুলে তা বাসত্মবায়নের লক্ষ্যে স্মারকলিপি পাঠানো হয়। স্মারকে রোহিঙ্গাদের তালিকা তৈরি করে সংরক্ষিত জায়গায় জড়ো করে পরবর্তীকালে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি জানানো হয়। টেকনাফ রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মোজান্মেল হক বলেন, ‘পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। রোহিঙ্গাদের তালিকা তৈরি করে মিয়ানমারে পুশব্যাক জরুরি হয়ে পড়েছে।’ জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, রোহিঙ্গারা শুধু কক্সবাজার নয়, বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যায় পরিণত হচ্ছে। সরকার মিয়ানমারের সঙ্গে আলাপ করে দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে।