এল ডেলের স্টাইলিশ ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালনাগাদ প্রযুক্তিসুবিধা নিয়ে ইংরেজি নববর্ষের শুরুতে বাজারে এসেছে ডেল ব্র্যান্ডের আল্ট্রা থিন স্টাইলিশ ল্যাপটপ। চতুর্থ প্রজন্মের কোরআই-থ্রি প্রসেসর-সমন্বিত এই নোটবুকে যেকোনো অপারেটিং পদ্ধতি ব্যবহার করা যাবে।
১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার রুপালি রঙের ধাতব অবকাঠামোর এই (মডেল এন ৭৪৩৭) নোটবুকে রয়েছে চার গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক এবং ইলুমিনেটেড কি-বোর্ড। এতে টাইপ করা যাবে স্বাচ্ছন্দ্যে।
পাঁচ ঘণ্টা ব্যাকআপ ক্ষমতার নোটবুকটিতে রয়েছে এক বছরের যন্ত্রাংশসেবা। এ ছাড়া এর সঙ্গে মিলছে একই ব্র্যান্ডের অরিজিনাল ক্যারিকেস। এর দাম পড়বে ৫৬ হাজার ১০০ টাকা।
ফ্যামিলি পিসি: লেনোভো ব্র্যান্ডের (মডেল সি৩৪০) অল-ইন-ওয়ান ফ্যামিলি পিসি এসেছে প্রযুক্তি বাজারে। প্রতিদিনের প্রয়োজনীয় কম্পিউটারনির্ভর কাজের পাশাপাশি এই পিসি ছবি দেখা, গান শোনা, গেম খেলা ও ওয়েব চ্যাট করার জন্য বেশ উপযোগী।
ইন্টেল তৃতীয় প্রজন্মের কোরআই-৩ প্রসেসরে চালিত ২০ ইঞ্চি পর্দার এলইডি পিসিটিতে আরও রয়েছে আট গিগাবাইট র্যাম, এক টেরাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, বিল্ট-ইন গ্রাফিকস, গিগাবাইট ল্যান, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, বিল্ট-ইন টিভি টিউনার, ছয়টি ইউএসবি পোর্ট, বিল্ট-ইন অডিও প্রভৃতি। এ ছাড়া পিসিটিতে থাকছে ওয়্যারলেস কি-বোর্ড, ওয়্যারলেস মাউস ও মমোরি কার্ড রিডার।
নতুন এডিএসএল রাউটার: ল্যান্ডফোন সংযোগ থেকে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে তিনটি নতুন এডিএসএল (অ্যাসিম্যাট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন) রাউটার পাওয়া যাচ্ছে প্রযুক্তি বাজারে। ডি-লিংক ব্র্যান্ডের এই রাউটারগুলোর মধ্যে একটিতে (DSL-2520U মডেল) রয়েছে ইথারনেট সংযোগসুবিধা। বাকি দুটিতে (DSL-2730U ও DSL-2750U মডেল) বাড়তি সুবিধা হিসেবে পাবেন তারহীন সংযোগসুবিধা। এর মধ্যে DSL-2730U-এর ডেটা-বিনিময় গতি ১৫০ মবিপিএস এবং DSL-2750U রাউটার দিয়ে সেকেন্ডে ৩০০ মেগাবাইট ডেটা স্থানান্তর করা যাবে। পাশাপাশি এর ইউএসবি পোর্ট ব্যবহার করে থ্রিজি মডেমের মাধ্যমেও ইন্টারনেট সংযোগ স্থাপন করা সম্ভব হবে। এই রাউটারের ডেটা আপলোড গতি সেকেন্ডে এক মেগাবাইট এবং ডাউনলোড গতি সেকেন্ডে ২৪ মেগাবাইট।
নিজস্ব প্রতিবেদক