সম্প্রতি প্রযুক্তি বাজারে বেশ কয়েকটি নতুন পণ্য এসেছে। এর মধ্যে রয়েছে আসুসের (এক্স ৫৫০সিসি মডেল) নতুন নোটবুক। এতে রয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে, চার জিবি র্যাম, ডিভিডি রাইটার, ওয়্যারলেস ল্যান ও ব্লুটুথ; সঙ্গে ওয়েবক্যাম, বিল্ট-ইন অডিও, বিল্ট-ইন স্পিকার, ইউএসবি পোর্ট তো রয়েছেই। দুই বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টিযুক্ত নোটবুকটির দাম পড়বে ৫১ হাজার টাকা।
পানিনিরোধক পেনড্রাইভ: প্রযুক্তি বাজারে এসেছে পানিনিরোধক এডেটা ব্র্যান্ডের (এস ১০৭ মডেল) ইউএসবি পেনড্রাইভ। এই পেনড্রাইভের বহিরাবরণ সিলিকন রাবার দিয়ে ঢাকা। তাই এটি ইউএসবি ক্যাপ লাগানো অবস্থায় পানিনিরোধক হিসেবে কাজ করে। কোনো কারণে পেনড্রাইভটি হাত থেকে পড়ে গেলেও তাতে ডেটা হারানোর আশঙ্কা থাকে না। পেনড্রাইভটি বিশেষ করে শিক্ষার্থী, পর্যটক ও বিনোদনপ্রেমীদের জন্য উপযোগী। ১৬ জিবি এ পেনড্রাইভটি লাল ও নীল দুটি রঙে পাওয়া যাচ্ছে। দাম রাখা হচ্ছে এক হাজার ৩০০ টাকা।
চার্জ প্রটেক্টর: বেলকিন ব্র্যান্ড বাজারে এনেছে চার্জ প্রটেক্টর নামে ভিন্নধর্মী একটি ডিভাইস। এটা অনেকটা ভোল্টেজ স্টাবিলাইজারের বিকল্প হিসেবে কাজ করে।
যেকোনো ইলেকট্রনিক ডিভাইসকে বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে সুরক্ষা করতে এটি সহায়ক। যেমন: ভোল্টেজ ওঠানামা, বৈদ্যুতিক শর্টসার্কিট, বজ্রপাতসহ যেকোনো দুর্ঘটনা থেকে বৈদ্যুতিক পণ্যকে রক্ষা করে। চার্জ প্রোটেক্টরের সঙ্গে সংযুক্ত ইলেকট্রনিক ডিভাইসগুলোর সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ইনস্যুরেন্স নিরাপত্তা রয়েছে। চার্জ প্রটেক্টরে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি। নিজস্ব প্রতিবেদক।