এল শুভ্রতার নতুন চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ্যালেন শুভ্র
এ্যালেন শুভ্র

প্রায় দশ বছর ধরে এ্যালেনকে চিনি, কিছুতেই যেন ওর বয়সটা বাড়ছে না। কিশোরসুলভ চেহারা আর মিষ্টি হাসি ওর চরিত্রের শুভ্রতাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। মানুষ হিসেবেও সে অনেক সরল আর স্পষ্ট। এ জন্যই প্রায়ই অদ্ভুত অদ্ভুত আবদার করে সে আমার কাছে। এই কয়েক দিন আগে রাত দুটোর দিকে ফোন করে বলে, চলো দাদা পদ্মার পাড়ে গিয়া ইলিশ মাছ ভাজা খাই। যদিও তখন বিন্দুমাত্র ইলিশ মাছ ভাজা খাওয়ার ইচ্ছা হয়নি, তবুও ওর স্বতঃস্ফূর্ততা আমাকে আনন্দ দিয়েছে।
এ্যালেনের সঙ্গে পরিচয় হওয়ার কিছুদিন পর আমরা হলুদ নামের একটা টিভি ফিকশন তৈরি করি। এ্যালেন সেখানে টোকাইয়ের ভূমিকায় অভিনয় করে। আমাদের ওই প্রচেষ্টাই ছিল ডকু ফিকশন কায়দার। মোটামুটি এ্যালেন আর রাজীব আশরাফকে টোকাইদের পোশাক পরে শহরের বুকে ছেড়ে দেওয়া হলো। তারা এতটাই চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিল যে একটা দৃশ্যে তারা দৌড় দিলে উত্তেজিত বস্তিবাসী দা নিয়ে তাদের ধাওয়া করে এবং পরে অনেক কষ্টে আমরা তাদের নিরস্ত করতে সক্ষম হই।
আমি জানি এ্যালেনের জীবনে হলুদ একটি বিশেষ নাটক হয়ে থাকবে সারা জীবন। এ ছাড়া সে বেশ কিছু ভালো নাটকে সু-অভিনয় করে নিজের জাত চিনিয়েছে। সাম্প্রতিক কালে সে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছে। আশা করি, সেখানেও সে তার দর্শকদের আশাহত করবে না।
এ্যালেনের কয়েকটি মজার অজানা তথ্য জানিয়ে দিতে চাই, তার মধ্যে অন্যতম তাদের একটি ব্যান্ড দল আছে, যার নাম ‘পিছলা’। পিছলার গান শুনলে পিছিয়ে পড়ার তীব্র সম্ভাবনা আছে। এ ছাড়া এ্যালেন খুব ভালো কবিতা লেখে, যদিও সে নিজেকে কখনোই কবি হিসেবে দাবি করে না। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, এ্যালেন গভীর মনোযোগ দিয়ে একটি প্রেম করছে এবং প্রেমের জটিলতা তৈরি হলেই সে আমার কাছে এসে আধ্যাত্মিক ধরনের কথা বলা আরম্ভ করে। তখন তাকে দেখে মনে হয় সে নেংটি ঘেংটি পরে অচিরেই পাহাড়ের গুহায় গিয়ে বসে থাকবে। দুদিন পরেই সে আগের রুপে ফিরে যায় এবং প্রেম যে প্রতিটি মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেসব বাণী ছড়াতে থাকে।
নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের একটু কম চিনি, ভাগ্যক্রমে এ্যালেনকে চিনে ফেলি। এ্যালেনের ইতিবাচক দিকটা হলো, ও এই শহরে হাঁটতে হাঁটতে মানুষ হয়েছে। দেখেছে বিচিত্র মানুষের জীবন আর সেই সঙ্গে ভালো বই পড়া, সিনেমা দেখার গভীর আগ্রহ রয়েছে। তার এই যে শিল্পের জন্য আকাঙ্ক্ষা এটা তাকে আরও অনেক বড় করবে আশা করি।
এ্যালেন তুই এমন পোলাপানই থাক, বড় হইস না। সবার বড় হওয়ার দরকার নেই।