নির্বাচন-পরবর্তী হামলা আর মামলার ভয়ে রাঙ্গুনিয়া উপজেলার পাঁচ ইউনিয়নে বিএনপি-সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা এলাকাছাড়া হয়ে পড়েছেন। গত কয়েক দিনে এসব ইউনিয়নের চেয়ারম্যানদের একাধিক মামলায় আসামি করা হয়েছে। এসব মামলায় জামিন নিয়েও পুলিশি হয়রানি থেকে মুক্তি পাচ্ছেন না তাঁরা। আওয়ামী লীগ-সমর্থিত পরাজিত প্রার্থীর সমর্থকেরা এসব মামলা ও হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ব্যাপারে থানায় অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে জানান তাঁরা।২১ জুন রাঙ্গুনিয়া উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এর মধ্যে মরিয়মনগর ইউনিয়নে বিএনপি-সমর্থিত মো. হোসেন, শিলক ইউনিয়নে শহীদুল্লাহ চৌধুরী, ইসলামপুর ইউনিয়নে সিরাজদ্দৌলা, কোদালা ইউনিয়নে মো. আজিম ও বেতাগি ইউনিয়নে পেয়ারুল হক চৌধুরী বিজয়ী হন।সংশ্লিষ্ট চেয়ারম্যানরা অভিযোগ করেন, পরাজিত প্রার্থীরা তাঁদের সমর্থকদের দিয়ে একদিকে হামলা চালাচ্ছেন, অন্যদিকে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে রাঙ্গুনিয়া ছাড়াও চট্টগ্রাম শহরের কোতোয়ালি ও বন্দরসহ বিভিন্ন থানায় একাধিক মামলায় তাঁদের আসামি করা হচ্ছে। এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়া হলেও রাঙ্গুনিয়া থানার কিছু পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের জন্য তাঁদের ঘরে হানা দিয়ে হয়রানি করছে। অথচ পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ব্যক্তিরা থানায় অভিযোগ করলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। চেয়ারম্যানরা মুঠোফোনে জানান, বর্তমানে হামলা ও গ্রেপ্তারের ভয়ে তাঁরা ঢাকা ও চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন।মরিয়মনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. হোসেন জানান, নির্বাচনে পরাজিত প্রার্থী মো. ইসমাইলের সমর্থকেরা ২৩ জুন মাইজপাড়া গ্রামে তাঁর সমর্থক আবদুল আলী, আবদুল বারেক, মো. গিয়াস ও আবদুস সবুরকে পিটিয়ে আহত করেন। একইভাবে ২৫ জুন রাতে ইউনিয়নের ফরাশপাড়া গ্রামের রজক আলী, হামিদুল হক ও মনির আহমদকে মারধর করা হয়। ২৬ জুন বিকেলে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করা হয় মাইজপাড়া গ্রামের গিয়াস উদ্দিনকে। আহত ব্যক্তিরা রাঙ্গুনিয়া স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এসব ঘটনায় রাঙ্গুনিয়া থানায় পৃথক অভিযোগ দায়ের করেন তাঁরা।বেতাগি ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী জানান, ২৪ জুন পরাজিত প্রার্থীর সমর্থকেরা মধ্য বেতাগি গ্রামের জমির উদ্দিন ও আনোয়ার আজিমকে পিটিয়ে আহত করেন। শিলক ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান শহীদুল্লাহ চৌধুরী জানান, নির্বাচনের পর থেকে এ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা তাঁর ১০-১১ জন সমর্থককে মারধর করেছেন। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। একই রকম অভিযোগ করেন ইসলামপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান সিরাজদ্দৌলা ও কোদালা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মো. আজিম। যোগাযোগ করা হলে মরিয়মনগর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসমাইল বলেন, ‘এসব ঘটনা নির্বাচন-পরবর্তী সহিংসতা নয়। পারিবারিক সহিংসতা এবং ব্যক্তিগত বিরোধ। এতে আমাকে জড়িয়ে লাভ নেই।’বেতাগি ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী বদিউল আলম তালুকদার বলেন, ‘বেতাগি ইউনিয়নে নির্বাচনী সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।’ শিলক ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচন-পরবর্তী সহিংসতার কোনো ঘটনার ব্যাপারে আমি অবগত নই, কোনো ঘটনার সঙ্গে আমি জড়িতও নই। কারণ কোনো রকম অশান্তি আমি পছন্দ করি না।’ ইসলামপুর ও কোদালা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীদের ফোন করা হলেও তাঁরা রিসিভ করেননি। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ নবনির্বাচিত চেয়ারম্যানদের বিভিন্ন অভিযোগ সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘সংঘটিত ঘটনাগুলো একদম ছোট-খাটো ব্যাপার। নির্বাচন-পরবর্তী চট্টগ্রামের যেকোনো ইউনিয়নের তুলনায় রাঙ্গুনিয়া উপজেলার সবকটি ইউনিয়নের পরিবেশ শান্ত রয়েছে। তার পরও সংঘটিত ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে। মামলার বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।’