প্রত্যন্ত জনপদে মানুষের কাছে ই-তথ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য গত বছর নভেম্বরে সারা দেশের মতো পানছড়ি উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে ই-তথ্যসেবা কার্যক্রম চালু হয়েছে। এসব সেবাকেন্দ্রে রয়েছে কম্পিউটার, মডেম, কম্পোজ, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানিং মেশিন, প্রজেক্টর ইত্যাদি যন্ত্রাংশ। কিন্তু ই-তথ্যসেবা সম্পর্কে এলাকাবাসীর ধারণা না থাকায় এসব যন্ত্রপাতি কোনো কাজে আসছে না। কোনো রকম প্রচার-প্রচারণা না থাকায় প্রত্যন্ত এলাকার লোকজন এমনকি উপজেলা সদর ইউনিয়নের মানুষও ই-তথ্যসেবা সম্পর্কে তেমন কিছু জানে না।জানা যায়, ২০১০ সালে ১১ নভেম্বর ইউনিয়ন ই-তথ্যসেবা কার্যক্রম উদ্বোধনের পর ওই মাসেই খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকে প্রতিটি ইউনিয়নে ১০০ ওয়াটের সোলার প্যানেল, দুটি ল্যাপটপ, প্রিন্টার ও দুটি করে মডেম সরবরাহ করা হয়। তা ছাড়া ইউনিয়ন পরিষদের এলজিএসপির প্রজেক্ট থেকে লোগাং ইউনিয়ন পরিষদে ৬৫০ ওয়াটের ছয়টি সোলার প্যানেল এবং চেংগী ইউনিয়ন পরিষদে ১৫০ ওয়াটের সোলার প্যানেল একটি কম্পিউটার, প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা ও স্ক্যানার নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে এসব যন্ত্র অপারেটরদের ব্যক্তিগত কাজে ব্যবহার হলেও সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। প্রতিটি ইউনিয়নে একজন পুরুষ ও একজন নারীকে অপারেটর নিয়োগ দিয়েছে ইউনিয়ন পরিষদ। তাঁদেরকে ১০ দিনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। লোগাং ইউনিয়ন পরিষদের সচিব ব্রজ কিশোর চাকমা বলেন, ‘এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় আমরা সরকারি অনুষ্ঠানগুলো সাধারণ মানুষকে দেখাতে পারি না। তা ছাড়া আমাদের অপারেটররা এখনো বাংলা, ইংরেজি ভালোভাবে লিখতে পারেন না।’বাবুরাপাড়ার বাসিন্দা রূপবিন্দু চাকমা বলেন, ‘গত মাসে আমি অপারেটরদের একটি দরখাস্ত কম্পোজ করতে দিয়েছিলাম। তাঁরা পারবেন না জানালে ১২ কিলোমিটার দূরে পানছড়ি বাজার থেকে তা করে আনতে হয়েছে।’অপারেটর জ্ঞানেন্দু চাকমা বলেন, ‘আমাদের ল্যাপটপে বিজয় ইনস্টল করা নেই। তাই লেখা যায় না।’ তথ্যসেবা সম্পর্কে তিনি বলেন, এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। তাই তথ্যসেবা চালু করা সম্ভব নয়। অপারেটর সাধনা চাকমা জানান, খাগড়াছড়ি জেলা প্রশাসককে নেটওয়ার্ক না থাকার বিষয়টি জানানো হয়েছে। তিনি অচিরেই সমাধান করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) সমর বিকাশ চাকমা বলেন, ‘ইউনিয়ন তথ্যসেবা কার্যক্রম সম্পর্কে প্রচারের জন্য আমি লোগাং বাজারে হাটের দিনে ঢোল দিয়েছি। কিন্তু ইউনিয়নে পর্ষাপ্ত নেটওয়ার্ক নেই। তা ছাড়া অপারেটররাও ভালোভাবে কাজ করতে পারেন না। তাঁরা এখনো শিখছেন।’