এলাকাবাসীর পাশেই থাকবেন শম্পা

‘উন্নয়নের জন্য সিটি করপোরেশন থেকে যে পরিমাণ অর্থের বরাদ্দ দেওয়া হয়, তা খুবই কম। তবে কাউন্সিলর নির্বাচিত হলে এই বাজেটের মধ্যেই এলাকায় যতটুকু নাগরিক সুবিধা দেওয়া যায়, তা-ই নিশ্চিত করার চেষ্টা করব।’— জানালেন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত আসন-৫-এর কাউন্সিলর প্রার্থী শম্পা বসু। ২৩ এপ্রিল গণপূর্ত ভবনে জনসংযোগের সময় কথা হলো তাঁর সঙ্গে। মাগুরা গভর্নমেন্ট স্কুল থেকে এসএসসি এবং খুলনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পান শম্পা। এ সময় সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন ছাত্ররাজনীতিতে। শম্পার কাছ থেকেই জানা গেল, ২০০২ সালে বুয়েটের ছাত্রী সনি হত্যার বিচার চেয়ে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এরপর ২০০৪ সালে বুয়েটে ভর্তি ফির মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে আন্দোলন গড়ে তোলার জন্য গ্রেপ্তার হন।
গণপূর্ত ভবনে শম্পার সঙ্গে প্রচারণায় ছিলেন তাঁর রাজনৈতিক দলের সহযোগী প্রকৌশলী সুব্রত সরকার। ‘ছাত্রজীবন থেকেই শম্পাকে দেখতাম যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফল করার পরও মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন তিনি। এ জন্য অনেক ভালো বেতনের চাকরির সুযোগ ফিরিয়ে দেন শম্পা। এখন টিউশনি করেই নিজের জীবিকা নির্বাহ করছেন’—জানালেন সুব্রত।
১৩, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সংরক্ষিত ৫ আসন। শম্পা জানালেন, ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড বেশ ঘনবসতিপূর্ণ। এ কারণে বাড়িভাড়ার পরিমাণটাও অনেক বেশি। ন্যায্য বাড়িভাড়া নিশ্চিত করার একটি দাবি রয়েছে তাঁর ইশতেহারে। এ ছাড়া প্রতিটি স্কুলের সামনে অভিভাবকদের বসার জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তুলতে চান তিনি।
নারী প্রার্থী হিসেবে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন কি না জানতে চাইলে শম্পা বলেন, ‘প্রচারণার সময় দেখলাম অনেক ক্ষেত্রে পুরুষ ভোটারদের মধ্যে এই নিয়ে বেশ সংশয় রয়েছে। তাঁদের বেশির ভাগেরই ধারণা, কাউন্সিলর নারী হলে এলাকার উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখতে পারবেন না। তবে নারী ভোটারদের অনুপ্রেরণা বেশ উৎসাহব্যঞ্জক। কেটলি প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন শম্পা। জানালেন নির্বাচনী প্রচারণায় অনেকেই বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত। কেউ লিফলেট ছেপে, কেউ মাইকিংয়ের টাকা দিয়ে আবার কেউ কেউ সরাসরি প্রচারণার সময় পাশে থেকেছেন তাঁর। আর এটাও একধরনের বিজয় বলে মনে করছেন শম্পা। আর তাই হেরে গেলেও এলাকাবাসীর যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে জানালেন তিনি।