নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডে। নির্দিষ্ট সময়ে একাধিক প্রার্থীর সমর্থনে চলছে মাইকের প্রচারণা। তবে ভোটারেরা এবারের প্রচারণা নিয়ে তেমন বিরক্ত নন। দেওয়ান বাজার দিদার মার্কেটের কাপড় ব্যবসায়ী সোমেশ্বর দে বলেন, ‘অন্যবারের চেয়ে এবারের নির্বাচনে প্রার্থীদের প্রচারের উৎপাত কম। একটু-আধটু সমস্যা হলেও মাইক, মিছিল ও পোস্টার লাগানোর অসহনীয় বাড়াবাড়ি চোখে পড়ছে না। মনে হচ্ছে যেন ঝামেলামুক্ত শান্তির নির্বাচন।’ কিন্তু তরুণ প্রচারকর্মীরা নির্বাচন কমিশনের বিধি-নিষেধে অসন্তুষ্ট মনে হলো। মহসিন কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মো. ফরহাদ আহমদ বলেন, ‘আমরা তরুণ প্রচারকর্মীরা মন ভরে অবাধে নির্বাচনী প্রচার চালাতে চাই। প্রচারণায় মিছিল না থাকায় নির্বাচন বলেই মনে হচ্ছে না।’ এর কিছুটা পরে সাবএরিয়া এলাকায় সম্প্রীতি স্টোরের সামনে ফুটপাতে দেখা গেল কয়েকজন প্রবীণ ব্যক্তি মেতে উঠেছেন নির্বাচনী আড্ডায়। সুযোগ বুঝে যোগ দিলাম তাঁদের আড্ডায়। আড্ডায় প্রধান আলোচক নুরুদ্দীন চৌধুরী গত নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছিলেন। এবার প্রার্থী হননি কেন—অন্যদের এমন প্রশ্নের উত্তরে তিনি রসিকতা করে বললেন, ‘নির্বাচনে পরাজিত হলেও জনসেবা করা যায় এমন শিক্ষা পেয়ে গেছি। তাই আর নির্বাচন করছি না।’ জয়-পরাজয়ের সম্ভাবনা সম্পর্কে নুরুদ্দীন চৌধুরী বললেন, ‘ছয় প্রার্থীর চারজনের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। এলাকায় আ জ ম নাছিরের ডানহাত বলে পরিচিত কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও বর্তমান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ ওরফে হাসনী (চাঁদ) এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দুবার নির্বাচিত (১৯৯৪-২০০০) সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদের (আপেল) মধ্যে হতে পারে মূল প্রতিদ্বন্দ্বিতা।’ জয়নব কলোনি লেনের বাসিন্দা তপন কুমার বলেন, ‘এলাকার ১৯ হাজার ৬৩১ ভোটের মধ্যে সাত হাজারই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। ভোটের ভাগাভাগিতে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রতন দাশের (পদ্মফুল) সম্ভাবনাও তাই কম নয়।’ আবার এসব হিসাব মিথ্যা প্রমাণ করে জয়ের মুকুট ছিনিয়ে নিতে পারেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী (সিংহ)। অপর দুই প্রার্থী হলেন জাতীয় পার্টি কোতোয়ালি থানা শাখার আহ্বায়ক আমিনুল হক (মোরগ) ও জামায়াত প্রার্থী বলে পরিচিত ছৈয়দ এহতেশামুল হক (বৈদ্যুতিক পাখা)। বৃন্দাবন আখড়া এলাকার বাসিন্দা চিকিৎসক পার্থ সারথী সেন বললেন, ‘নির্বাচনে এলাকাভিত্তিক কোন্দলও কাজ করছে। গত নির্বাচনে বলুয়ার দিঘি এলাকার বাসিন্দা পেয়ার মোহাম্মদকে এলাকাভিত্তিক ইস্যুতে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন খলিফাপট্টি এলাকার বাসিন্দা বর্তমান কাউন্সিলর হাসনী। একই ইস্যু এবারও উঠতে পারে।’রুমঘাটার স্কুলশিক্ষক মোহাইমিনুল হক বলেন, ‘বর্তমান কাউন্সিলর গত নির্বাচনে এলাকার ২০ যুবককে বিদেশে প্রেরণ, গরিব মহিলাদের বিয়ের খরচ বহন, বেকারদের চাকরির ব্যবস্থা, ছাত্রদের শিক্ষাবৃত্তি এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এলাকার কিছুটা উন্নয়ন হলেও বাকি প্রতিশ্রুতিগুলোর কোনোটিই বাস্তবায়ন করেননি তিনি।’ বৃন্দাবন আখরা এলাকার মিল্লী ভবনের গৃহিণী ও চট্টগ্রাম কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের স্নাতক শ্রেণীর ছাত্রী সুবর্ণা সেন বলেন, ‘এ ওয়ার্ডে এক লাখ ২০ হাজার মানুষের বাস। কিন্তু এলাকার সমস্যাগুলো পুরোনো। প্রার্থীদের কাছে আমাদের দাবি হলো জলাবদ্ধতা নিরসন, খোলা ডাস্টবিনে ঢাকনা দেওয়া ও লেনের রাস্তাঘাট সংস্কার করা।’ বিএনপির নেতা ও প্রার্থী দিদারুল আলম চৌধুরী স্বপন বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে আমি জিতব।’ তাঁর সুষ্ঠু নির্বাচন নিয়ে এ আশঙ্কার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শুনেছি আমাদের ওয়ার্ডে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তাকে। আর প্রার্থী হাসনী সওজের প্রথম শ্রেণীর ঠিকাদার। তিনি কারচুপির সুযোগ নিতে পারেন।’ আওয়ামী লীগের নেতা ও প্রার্থী পেয়ার মোহাম্মদ বলেন, ‘আমার প্রতীক (আপেল) হওয়ায় ভোটারেরা আমার কাছে আপেল খেতে চান। কিন্তু নির্বাচনী বিধি-নিষেধ থাকায় আমি বড্ড বেঁচে গেছি।’ বর্তমান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ গত নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়ার কথা স্বীকার করে জানান, ‘আমি প্রতিশ্রুতির চেয়ে কাজ বেশি করেছি। ওয়ার্ডটি উন্নত ও আয়তনে ছোট (শূন্য দশমিক ১৫০ বর্গমাইল)। তবু গত পাঁচ বছরে আমি দুকোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকার কাজ করেছি। ভোটারেরা আমার কাজের মূল্যায়ন করলে আমি জিতব।’