বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ম্যান বুকার। চলতি বছর এই পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের এলিনর ক্যাটন। তবে সবার থেকে তাঁর পার্থক্য হলো এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সে (২৮ বছর) ম্যান বুকার পুরস্কার জিতলেন তিনি। এলিনর তাঁর দ্বিতীয় উপন্যাস দ্য লুমিনারিজ-এর জন্য পুরস্কারটি পেয়েছেন।
কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন এলাকায় ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন এলিনর। ছয় বছর বয়সে তাঁর পরিবার নিউজিল্যান্ডে ফিরে আসে। সেখানেই তিনি বার্নসাইড উচ্চবিদ্যালয়ে ভর্তি হন। সেখানেরই ক্যান্টরবুরি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এলিনর তাঁর প্রথম বইটি স্নাতকোত্তর শ্রেণীতে থিসিস করার সময়ে লেখেন। পরের বইটি নিউজিল্যান্ডের সোনার খনিকে কেন্দ্র করে লেখা। যা বুকার পুরস্কার জিতে নেয়।
৮৩২ পৃষ্ঠার বইটি বুকার পুরস্কারের ৪৫ বছরের ইতিহাসে সর্ববৃহৎ সাহিত্যকর্ম হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এর আগে ২৭ বছর বয়সে ম্যান বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন এলিনর। বর্তমানে সৃজনশীল লেখা বিষয়ে শিক্ষকতা করা এলিনর লেখালেখির বিষয়ে একধিক ফেলোশিপ পেয়েছেন। লেখালেখির স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে অ্যাডাম পুরস্কার, দ্য গার্ডিয়ান ফার্স্ট বুক পুরস্কার, অরেঞ্জ পুরস্কারসহ একাধিক পুরস্কার জিতেছেন তিনি। লেখালেখির কাজটি নিয়মিতই করে যেতে চান তিনি।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: দ্য ম্যান বুকার প্রাইজ, উইকিপিডিয়া