এলিমেন্টারি স্কুল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশুদের জন্য যেসব রিয়েলিটি শো হয়, তার উদ্দেশ্য মূলত বাণিজ্যিক। এসব অনুষ্ঠানে শিশুদের যেভাবে উপস্থাপন করা হয়, তাতে শিশুসুলভ ভাব থাকে না। তা ছাড়া এসব প্রতিযোগিতায় অতি নাটকীয়তার প্রভাব শিশুদের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। তাই এসব বন্ধ করে দেওয়া উচিত।’টেলিভিশনের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বন্ধ করার পক্ষে এভাবেই যুক্তি দেন সরকারি দলের বক্তারা। এর বিপরীতে বিরোধী দলের যুক্তি আরও শাণিত—‘রিয়েলিটি শোর মাধ্যমে শিশুরা মেধা বিকাশের যে ক্ষেত্র পেয়েছে তা বন্ধ করে দেওয়া হলে দেশ মেধাহীন হওয়ার আশঙ্কা থাকে।’এভাবেই জমে ওঠে চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয় ও বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের বিতার্কিকদের ইংরেজিতে যুক্তির যুদ্ধ। দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত বিএসআরএম-ডেইলি স্টার জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ৩ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিদ্যালয় পর্বে চ্যাম্পিয়ন হয় এলিমেন্টারি স্কুল ও রানার আপ কলেজিয়েট উচ্চবিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পর্বে চ্যাম্পিয়ন হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও রানার আপ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী। অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন, দ্য ডেইলি স্টার-এর ব্যুরো প্রধান এ কে এম রইসুল হক, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুষ্ঠান সমন্বয়কারী আফসানা তমা, মুজিবুর রহমান ও সাবের শাহ।১ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় কাপ্তাইয়ের বড়ছড়ি চা-বাগানে। এতে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, সাংবাদিক এম নাসিরুল হক, খোরশেদুল আলম কাদেরী ও কামরুল হাসান। ঢাকা ও চট্টগ্রামের ১২টি বিদ্যালয় ও ১২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদনান মান্নান, সিনহা ইবনে হুমায়ন ও তানভির হাফিজ।