সকাল থেকেই সবাই ব্যস্ত। একের পর এক এসে জড়ো হচ্ছেন। স্বাস্থ্যকর্মীদের মুখোমুখি হতেই সুই ফোটানো হচ্ছে তাদের শরীরে। উদ্দেশ্য, রক্তের গ্রুপ পরীক্ষা এবং রক্তদান। একই সঙ্গে বিনা মূল্যে রক্তে ম্যালেরিয়া, সিফিলিস, হেপাটাইটিস-বি ও সি, এইচআইভি জীবাণু পরীক্ষার কাজটিও সেরে নেওয়া হচ্ছে।
গত ৩১ অক্টোবর, বৃহস্পতিবার নগরের এম এম আলী সড়কে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিও) ক্যাস্পাসে রক্তদান কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীদের সংগঠন এইউডব্লিউ অ্যাকটিভিস্টস ক্লাব।
চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পরিচালিত হচ্ছিল কর্মসূচিটি।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে রক্তদান এবং অন্যান্য পরীক্ষা।
অ্যাকটিভিস্টস ক্লাব এ কর্মসূচির মাধ্যমেই আত্মপ্রকাশ করল। ক্লাবের সভাপতি এবং মূল পরিকল্পনাকারী এইউডব্লিউর আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী তাসনিয়া তাসনিম বললেন, ‘ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে আমরা রক্তদান কর্মসূচির আয়োজন করেছি।’ শিক্ষার্থীদের দেওয়া রক্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে আন্দরকিল্লাহ ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকে জমা হবে। ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, ‘আজকে অনেক বিদেশি শিক্ষার্থী যেভাবে রক্ত দিতে এগিয়ে এসেছেন তা আমাদের জন্য অনুপ্রেরণার বিষয়।’
শ্রীলঙ্কার মেয়ে মেহালা প্রথমবারের মতো রক্ত দিয়েছেন। হেসে জবাব দিলেন, ‘ভালোই লাগছে। কারণ, আমার রক্ত তো কারও জীবন বাঁচাতে পারে।’ শিক্ষার্থী অপরাজিতা চক্রবর্তী জানালেন, প্রথম দিকে কিছুটা ভয় লাগছিল। রক্ত দেওয়ার পরে সে ভয় কেটে গেছে।’
অ্যাকটিভিস্টস ক্লাবের সভাপতি তাসনিম বলেন, ‘সাভার ট্র্যাজেডির পর থেকেই সমাজের জন্য কিছু করার একটা তাগিদ অনুভব করছিলাম। সেই চিন্তা থেকেই বন্ধুবান্ধব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ নিয়ে আমরা অ্যাকটিভিস্টস ক্লাব গড়ে তুলি। আমাদের নীতি, নিজেরা কিছু করে অন্যদের উদ্বুদ্ধ করা।’
আট সদস্যের কার্যকরী কমিটির সহসভাপতির দায়িত্বে রয়েছেন মিথিলা দত্ত। সম্পাদক মৌরি রহমান, কোষাধ্যক্ষ নাসরুন ফাতিহা, গবেষক সেঁজুতি বিনতে সরকার ও শেখ সাবরিনা আহমেদ, প্রকল্প সমন্বয়কারী সাবিহা সিদ্দিকী এবং প্রকল্প তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন শ্রীলঙ্কার মেয়ে আনুশাহি। উপদেষ্টা হিসেবে রয়েছেন এইউডব্লিউর শিক্ষক ক্যাটারিনা অরগান। তাসনিম বললেন, ‘ক্লাবের পক্ষ থেকে প্রতি মাসে একটি করে সচেতনামূলক অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। আর ক্যাম্পাসের বাইরের অনুষ্ঠানগুলো আমরা বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সহযোগিতায় করব।’