এশিয়ামুখী যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে গত শনিবার অনুষ্ঠিত হয়ে গেল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা ফোরামের (অ্যাপেক) সম্মেলন। অ্যাপেকের ২১ নেতার সঙ্গে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট বারাক ওবামাও ওই সম্মেলনে যোগ দেন। সম্মেলন শেষে তিনি বের হন ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া সফরে। অস্ট্রেলিয়ায় সেনা মোতায়েনসহ আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সমঝোতাও হয়েছে।প্রেসিডেন্ট ওবামার এই সফরকে কোনো সাধারণ সফর বলে মনে করছেন না বিশ্লেষকেরা। তাঁরা একে দেখছেন মার্কিন পররাষ্ট্রনীতির নতুন এক লক্ষ্যের অংশ হিসেবে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অচলাবস্থা, পাকিস্তানের সঙ্গে তিক্ত হয়ে ওঠা দ্বিপক্ষীয় সম্পর্ক, আফগান যুদ্ধ নিয়ে হতাশা ও ইউরোজোনের ঋণসংকট—এই সমস্যা-সংকট থেকে কিছুটা বেরিয়ে এসে ইতিবাচক কিছুর খোঁজে রয়েছে যুক্তরাষ্ট্র। আর সেই ‘ইতিবাচক কিছু’র সুযোগ বের করতে চাইছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে।শুধু এশিয়াঘেঁষা হাওয়াইতে অ্যাপেক সম্মেলনের আয়োজন বা প্রেসিডেন্ট ওবামার ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়া সফরের ভিত্তিতেই বিশ্লেষকেরা এমন কথা বলছেন, তা নয়। এর বাইরেও কিছু বিষয় আছে, যা পর্যবেক্ষকদের মূল্যায়নকেই সমর্থন করে।বিগত বছরগুলোতে এই অঞ্চলে মার্কিন আগ্রহ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ওবামা প্রশাসন ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র শুধু আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের পরাশক্তি নয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেরও পরাশক্তি।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি ক্লিনটন ২০০৯ সালের ফেব্রুয়ারিতে প্রথম বিদেশ সফরের জন্য এশিয়াকেই বেছে নিয়েছিলেন। তার অর্থ, শুরু থেকেই ওবামা এই অঞ্চলকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। যার বাস্তবায়ন এখন দেখা যাচ্ছে। ওবামা সরকারের শুরু থেকেই ওয়াশিংটন এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বিভিন্ন চুক্তি সই, বিভিন্ন জোটের সম্মেলনসহ নানা আঞ্চলিক উদ্যোগে জড়িত থাকছে। ওয়াশিংটন শুধু কূটনৈতিকভাবে এটা করে গেছে এমন নয়—অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত তৎপরতাও চালিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকে এমন একটা অবস্থানে দেখতে চেয়েছে যে আগামী দশকগুলোতে এই অঞ্চলে যা-ই ঘটুক, তার অন্যতম অংশীদার থাকবে ওয়াশিংটন।হিলারি ক্লিনটন একটি সাময়িকীতে সম্প্রতি লিখেছেন, আগামীতে বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। একবিংশ শতাব্দীতে তা সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের জন্য সুযোগ নিয়ে আসবে। হিলারি লিখেছেন, আগামী ১০ বছরে কোথায় সময় ও শক্তি বিনিয়োগ করা হচ্ছে, তা নিয়ে যুক্তরাষ্ট্রকে অনেক ভাবতে হবে। বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে এটা করতে হবে তাকে। ওবামা প্রশাসনের এশিয়া নীতি সফলই বলা যায়। এশিয়া বিশেষজ্ঞ অ্যান্ড্রু স্মলের মতে, যুক্তরাষ্ট্রের এশিয়া নীতি অনেকটা সফল হলেও একটু সংশোধন প্রয়োজন। কারণ, শুরু থেকেই তারা চীনের ক্ষেত্রে আপসমূলক নীতি গ্রহণ করছে।চীন প্রশ্নে আপসমূলক নীতির পাশাপাশি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে। চীনের ধারাবাহিকভাবে সামরিক শক্তি বাড়ানোর কৌশলের কারণে দেশটির সঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক কিছুটা শিথিল হয়েছে। যুক্তরাষ্ট্র ভিয়েতনামের সঙ্গেও নতুন করে সম্পর্ক গড়ার কাজ চালিয়ে যাচ্ছে। ভিয়েতনামসহ কয়েকটি দেশ দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নিয়ে ‘অনমনীয়’ মনোভাবের কারণে বেইজিংয়ের ওপর ক্ষুব্ধ। তবে মার্কিন কোনো কর্মকর্তা এই দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নকে চীনের বিপরীতে জোট গড়ার প্রক্রিয়া হিসেবে কখনো উল্লেখ করেনি।কার্নেগি এনডাউমেন্টের ডগলাস পল বলেন, ‘এটা ভাবা যাবে না যে চীনের বিপরীতে কিছু করা যাবে না। বরং ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে মার্কিন জোটগুলো আরও সক্রিয় ও শক্তিশালী করতে হবে।’ওয়াশিংটনের কাটো ইনস্টিটিউটের জাস্টিন লোগান সতর্ক করে দিয়ে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক প্রশ্নে যুক্তরাষ্ট্র যেমন ইউরোপের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল, এশিয়ার ক্ষেত্রে তার পুনরাবৃত্তির অবকাশ নেই যুক্তরাষ্ট্রের জন্য। কারণ এশিয়ার দেশগুলো ইউরোপীয়দের মতো প্রতিরক্ষা ব্যয় করে না। মাহফুজার রহমান