এশিয়ার আগামী
চ্যাংদোলা করে মঞ্চে তুলে দেওয়া হলো কোরিয়ার জ্যায় হোকে। তুমুল তালি আর চিৎকারে হলঘর ফেটে পড়ছে। বলতে হবে ইয়ুথ ক্যাম্পে তাঁর বিশেষ বন্ধুটির নাম। বেচারার উত্তরের অপেক্ষায় বসে নেই অন্যরা। ভারত, বাংলাদেশ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল একযোগে চেঁচাচ্ছে। ভেসে আসছে নেপালের মেয়ে অনিমার নাম। জ্যায় হো অবশ্য মাথা নেড়ে বলেই যাচ্ছেন জাস্ট ফ্রেন্ডস, জাস্ট ফ্রেন্ডস! শেষমেশ বিরক্ত দুই উপস্থাপক নামিয়েই দিলেন তাঁকে। মনের কথা মুখে বলতে এত দেরি! ১৫ দিনের ইয়ুথ ক্যাম্পে এশিয়ার ২৪টি দেশের প্রায় আড়াই শ তরুণ। স্থান দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলসহ নানা জায়গা। (ওরা শহরটাকে বলে সৌল, যদিও বাংলাদেশের অনেকে এটাকে সিউল নামে চেনে)। আয়োজক ন্যাশনাল কাউন্সিল অব ইয়ুথ অর্গানাইজেশনস ইন কোরিয়া। এশিয়ার আগামী দিনের নেতৃত্ব নেবেন যে তরুণেরা, তাঁদের নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতেই এই আয়োজন। সবাই মিলে গড়ে তুলবেন এশিয়ার জন্য দারুণ এক সম্ভাবনাময় ভবিষ্যৎ—এটাই আয়োজকদের আশা। ২৭ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত হয়ে গেল এই ক্যাম্প। বাংলাদেশ থেকে তাতে অংশ নিলেন পাঁচজন—রাইসা তাসনুভা, মুশফিক মাসরুর, এহতেশামুল আরিফ, সায়িম আরাফাত হোসেন ও রুহিনা তাসকিন।২৭ জুলাই ভোরে প্লেন থেকে নেমেই সবার গন্তব্য সৌল শহরের ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টার। সেখানকার হলঘরটায় ছোট ছোট জটলা। কোথাও নেপাল, কোথাও জাপান, কোথাও কম্বোডিয়ার তরুণেরা। কোরিয়ার তরুণেরা আছেন সবার সঙ্গেই। এক কোণে সার বেঁধে ল্যাপটপ নিয়ে বেসে গেছেন তরুণ-তরুণীরা। ঠিকঠাক কোরিয়ায় পৌঁছে যাওয়ার খবরটা বাড়িতে দিতে হবে। আর শুরু হয়ে যাচ্ছে পরিচয়ের পালা। নাম নয়, দেশের পরিচয়টাই এখন বড়। প্রথম দিনটা কাটল এভাবেই।ডিনার টেবিলে দেখা মিলল ‘কিমচি’র। দেশ থেকেই শুনে এসেছি তার নাম। কোরিয়ার জাতীয় খাবারই বলা যায় তাকে। মুখে দিলেই শুরু হয়ে যাবে হুশহাশ। মসলা আর ঝালে ঠাসা সবজির এক ধরনের রান্না। ঝালে ভয়কী বাঙালির! তবুও বাগে আনা গেল না কিমচিকে।কোরিয়ার সংস্কৃতির সঙ্গে এশিয়ার অন্য দেশগুলোকে পরিচয় করিয়ে দেওয়াও ছিল এই আয়োজনের বড় একটা উদ্দেশ্য। দ্বিতীয় দিনেই তাই শুরু হয়ে গেল কোরিয়ান ভাষা শেখার ক্লাস। দুই দিনের ভাষা শেখার ক্লাসে একটা শব্দ সবাই আত্মস্থ করে নিলেন—‘খামসা হামনিদা’। মানে ধন্যবাদ। বাকি কটা দিনে যেখানে যখন যাঁর সঙ্গেই দেখা, এই শব্দটা বলতে ভুল হয় না।টিমওয়ার্ক শব্দটা এই ক্যাম্পে দারুণ গুরুত্বপূর্ণ। মিনি অলিম্পিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডমিনো গেম—সবই ছিল এই টিমওয়ার্ক জোরদার করার জন্য। কখনো এই টিম নিজ দেশের সদস্যদের নিয়ে আবার কখনো ভিন্ন ভিন্ন দেশ নিয়ে। তবে যেটাই হোক, টিম স্পিরিটের ঘাটতি পড়েনি কখনোই। ডমিনো গেমে তিল তিল করে গড়ে তোলা স্থাপনা যখন ভেঙে পড়ে একটু অসাবধানতাতেই, কেউ তাই কাউকে দোষারোপ করেন না। বরং বাংলাদেশ দলের মেয়ে রাইসাও এগিয়ে যান পাশের দল ইন্দোনেশিয়াকে সাহায্য করার জন্য।প্রযুক্তিতে তরতর করে এগিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। সেসব দেখার জন্য কোরিয়ার নানা অঞ্চলে ছুটে বেড়ানো হয়েছে অংশগ্রহণকারীদের। কোরিয়ার স্টিল তৈরির কারখানা, স্যামসাং প্যাভিলিয়ন—এসব যেমন ছিল, তেমনি কোরিয়ার ঐতিহ্যবাহী রূপটাও তুলে ধরা হয়েছে অংশগ্রহণকারীদের সামনে। কোরিয়ার নানা গ্রাম, ইকোপার্ক ঘুরে পরিচয় পাওয়া গেল তাদের আশ্চর্য সুন্দর পটারি, কাগজের শিল্পকর্ম, সিল্ক আর নানা বাদ্যযন্ত্রের।কে-পপের জোয়ারে এখন ভাসছে এশিয়ার দেশগুলো। কে-পপ মানে কোরিয়ান পপ। সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ড—এসব দেশের ছেলেমেয়েদের কাছে কে-পপ ব্যাপক জনপ্রিয়। সিয়ারা, টু এনি ওয়ান, ওয়ান্ডার গার্লসের সুর এবার মাতাল আমাদেরও।নিজ দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরার জন্য নির্দিষ্ট ছিল একটা সন্ধ্যা। পোশাক পরে তৈরি হয়ে নামতেই সবার মধ্যে ছবি তোলার হিড়িক। জাপানের কিমোনো, বাংলাদেশের শাড়ি, কোরিয়ার হানবোক—আরও কত ধরনের পোশাক। কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ব্রুনাই—অবাক করে দিল আমাদের। বাজনার তালে দারুণ ছন্দময় নাচে পুরো হল মাতোয়ারা। জাপানের জেলে নাচও কম যায় না। ‘মাঝি পাল উড়াইয়া দে’, ‘সোনা দিয়া বান্ধাইয়াসি মন’ গানের তালে বাংলাদেশের নাচও হাততালি পেল।প্রতিটি দেশের সঙ্গেই ছিলেন একজন কোরিয়ান অংশগ্রহণকারী ‘কোরিয়ান বাডি’। বার্গার কিং বা সাবওয়ে খেতে ইচ্ছা করলে সেখানে নিয়ে যাওয়া, কেনাকাটার সময় কোরিয়ান ভাষায় দরদাম করা—সবকিছুতেই সাহায্য চাই বাডি বা বন্ধুর। বাংলাদেশের সঙ্গে ছিলেন হাইরিম সিম। আমাদের শূন্য কোরিয়ান জ্ঞান আর তাঁর আধা আধা ইংরেজি বাধা হয়ে দাঁড়ায়নি কিন্তু বন্ধুত্বে। জাপানি ছেলেটিকে দেখে ভালোলাগার কথা, সেটা হাইরিম আগেই আমাদের জানান। আমরাও ছাড় দিই না তাঁকে খোঁচাতে।এশিয়ার তরুণদের মেলবন্ধনের জন্য এই ক্যাম্প—এ কথা শুনেছি উদ্বোধনী দিনেই। সে উদ্দেশ্য যে শতভাগ সফল, তা বোঝা গেল শেষ দিনে। সবাই উদ্গ্রীব বাড়ি ফিরতে। কিন্তু বন্ধুবিচ্ছেদের বেদনাও কম নয়। ফেসবুকে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়েই বিদায় নিতে হলো।